থাইল্যান্ডে গুলি ও গ্রেনেড বিস্ফোরণে এক পুলিশ নিহত, আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের সঙ্গে লাল শার্টধারীদের সমঝোতার পরও সহিংসতা বন্ধ হয়নি থাইল্যান্ডে। গতকাল শুক্রবার মধ্যরাতের পর ব্যাংককের সিলম রোড এলাকায় পরপর তিনটি বিস্ফোরণ ও গুলিবর্ষণে একজন পুলিশ সদস্য নিহত এবং পাঁচজন পুলিশসহ সাত ব্যক্তি আহত হয়েছে। আহতদের মধ্যে বিভিন্ন রঙের পোশাক পরা দুজন থাকসিনবিরোধীও রয়েছেন। পুলিশের ধারণা, বিস্ফোরণগুলো ছিল গ্রেনেডের। উল্লেখ্য, পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে গতকাল রাতে প্রায় ১০ হাজার লাল শার্টধারী ব্যাংককে বিক্ষোভ করে। জানা গেছে, লাল শার্টধারীদের বিরুদ্ধে অবস্থান নিতে আহত দুজন থাকসিনবিরোধী গতকাল ব্যাংককের ক্রুং থাই ব্যাংকের সামনে জড়ো হয়েছিলেন। একই স্থানে গত ২২ এপ্রিলে এম-৭৯ গ্রেনেড হামলা চালানো হলে ২২ জন নিহত ও ৮০ জন আহত হয়।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ক্রুং থাই ব্যাংকের সামনে চলমান গাড়ি থেকে পুলিশের ওপর গুলি চালানো হয়। এর প্রায় দুই ঘণ্টা পর অল্প সময়ের ব্যবধানে তিনটি বড় বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়। উল্লেখ্য, থাইল্যান্ডে চলমান সহিংসতায় এ পর্যন্ত প্রায় এক হাজার লোক আহত ও ২৮ জন নিহত হয়েছে।এদিকে এক সপ্তাহ শান্ত থাকার পর পুলিশসহ হতাহতের এ ঘটনা দেশে আরও উত্তেজনা ছড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে বর্তমান প্রধানমন্ত্রী অভিজিত্ ভেজ্জাজিভা সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে পার্লামেন্ট ভেঙে দিয়ে নভেম্বরের ১৪ তারিখে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেন। কিন্তু এ ঘোষণার পরও প্রধানমন্ত্রী ভেজ্জাজিভা লাল শার্টধারীদের এ বিষয়টি বোঝাতে ব্যর্থ হয়েছেন যে তাদের এখন ব্যাংকক ত্যাগ করা উচিত।লাল শার্টধারীরা এখন নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচন দেওয়ার নতুন দাবি জানিয়েছে।