থাইল্যান্ডে গৃহযুদ্ধের আশঙ্কা করছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে রেড শার্ট পরা বিক্ষোভকারী ও সরকারের মধ্যে অনেক দিন ধরে চলমান এবং ক্রমেই সহিংস হয়ে ওঠা অচলাবস্থা আরও খারাপ হয়ে অঘোষিত গৃহযুদ্ধে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ।শুক্রবার রাতে প্রকাশিত ব্রাসেলস-ভিত্তিক এই দ্বন্দ্ব নিরসনকারী গ্রুপটির এক প্রতিবেদনে বলা হয়, ‘থাইল্যান্ডের রাজনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে এবং মনে হচ্ছে ব্যাপক সংঘাতের মুখ থেকে দেশটিকে ফিরিয়ে আনার সামর্থ্য তার নেই।’সংস্থাটি তাদের প্রতিবেদনে বলে, ব্যাংককের পথে পথে সরকার ও রেড শার্ট বিক্ষোভকারীদের মধ্যে বিদ্যমান সহিংস অচলাবস্থা আরও খারাপ দিকে মোড় নিচ্ছে এবং শেষ পর্যন্ত তা অঘোষিত গৃহযুদ্ধে পরিণত হতে পারে।সংস্থাটি আরও জানায়, থাইল্যান্ডের উচিত আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরপেক্ষ ব্যক্তিত্বদের, যেমন নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের কাছ থেকে আরও ব্যাপক সহিংসতায় ডুবে যাওয়া থেকে তাকে রক্ষা করতে সাহায্য চাওয়া।দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের দাবিতে সাত সপ্তাহ আগে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে রেড শার্ট বিক্ষোভকারীদের সংঘর্ষে ২৭ জন নিহত ও অন্তত এক হাজার লোক আহত হয়েছে। রেড শার্ট বিক্ষোভকারীদের অধিকাংশই দেশটির গ্রামীণ এলাকার দরিদ্র জনগোষ্ঠীর অংশ। এ বিক্ষোভ চলাকালে গত ২২ এপ্রিল রাজধানীর কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকায় গ্রেনেড হামলাসহ কয়েক ডজন রহস্যময় বোমা হামলার ঘটনা ঘটেছে। ওই গ্রেনেড হামলায় এক ব্যক্তি নিহত ও বেশ কয়েকজন আহত হয়।এদিকে রেড শার্ট বিক্ষোভকারীদের শহর থেকে বের করে দিতে সেনাবাহিনীর অভিযান চালানোর অপেক্ষায় আছে ব্যাংকক। এ ধরনের যেকোনো অভিযানে ব্যাপক হতাহতের ঘটনা ঘটার আশঙ্কা করা হচ্ছে।—রয়টার্স