থাইল্যান্ডে চেতনানাশক প্রয়োগে এক বাংলাদেশির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের পর্যটন শহর পাতায়ার হোটেলে চেতনানাশক দ্রব্য প্রয়োগে একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। একই ঘটনায় সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন দুজন।রোটারি আন্তর্জাতিক কনভেনশনে যোগ দিতে এই তিনজন ব্যাংককে গিয়েছিলেন। নিহত ব্যক্তির নাম রোটারিয়ান মিজানুর রহমান (৫৪)। ২ থেকে ৯ মে ব্যাংককে অনুষ্ঠিত কনভেনশন শেষে ১০ মে এই তিনজন পর্যটন নগর পাতায়ায় যান। ১১ মে তাঁদের উদ্ধার করা হয়।পাতায়া ডেইলি নিউজ জানায়, ১০ মে তাঁরা মধ্য পাতায়ার বেলা এক্সপ্রেস হোটেলের পাঁচ তলার একটি বড় কক্ষে (ডাবল বেড রুম) ওঠেন। ১১ মে সকালে তাঁদের সাড়া না পেয়ে দরজা খুলে একজনকে মৃত, বাকি দুজনকে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায়।হোটেলের কর্মীরা পাতায়া ডেইলি নিউজকে জানান, ১০ মে রাত একটার দিকে একজন থাই যৌনকর্মীকে সঙ্গে নিয়ে হোটেলে ঢোকেন তাঁরা। হোটেলের নিয়মানুযায়ী ওই তরুণী তাঁর পরিচয়পত্র কাউন্টারে জমা রাখেন। ১১ মে ভোরে কাউন্টার থেকে পরিচয়পত্র না নিয়েই একটি বড় ব্যাগ নিয়ে বের হয়ে যান ওই তরুণী।পাতায়া পুলিশ জানিয়েছে, ওই কক্ষটির সবকিছুই ছিল এলোমেলো। তিন বাংলাদেশির লাগেজগুলো বলপ্রয়োগে খোলা হয়েছে। কক্ষের সিন্দুকটিও ভাঙা পাওয়া গেছে। জিনিসপত্র কক্ষে ছড়ানো-ছিটানো ছিল। বাথরুমে ১০টি খালি বিয়ারের ক্যান পাওয়া গেছে। ওই তিনজনকে বিয়ারে মিশিয়ে শক্তিশালী চেতনানাশক বা অবশকারী দ্রব্য প্রয়োগ করে সব লুটে নিয়ে গেছেন ওই তরুণী। এ ছাড়া ওই তিনজনের ব্যাগের মধ্যে বেশ কিছু সাধারণ ওষুধও পাওয়া গেছে। এর মধ্যে একজনের ব্যাগের মধ্যে পাওয়া গেছে হাঁপানির ওষুধ।এ বিষয়ে বাংলাদেশের রোটারি ডিস্ট্রিক্টের সাধারণ সম্পাদক কামরুল হাসান প্রথম আলোকে বলেন, নিহত ও অসুস্থ তিনজন চাঁদপুরের হাজীগঞ্জ রোটারি ক্লাবের সদস্য। তাঁদের মধ্যে একজন এরই মধ্যে সুস্থ হয়েছেন। অন্যজনও সুস্থ হওয়ার পথে। তাঁরা দু-এক দিনের মধ্যেই বাংলাদেশে ফিরবেন।