থাইল্যান্ডে নাইটক্লাবে আগুন লেগে নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের পর্যটন শহর ফুকেটের একটি নাইটক্লাবে আজ শুক্রবার ভোরে আগুন লেগে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১১ জন। স্থানীয় পুলিশের বরাত দিয়ে রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়।স্থানীয় কর্মকর্তারা বলছেন, ভোর চারটার দিকে ফুকেটের পাতং সৈকতের টাইগার ডিসকো নামের ওই নাইটক্লাবে আগুন লাগে। ক্রাতু জেলার পুলিশের এক কর্মকর্তা ফোনে রয়টার্সকে জানান, ভারী বর্ষণে বিদ্যুতের একটি ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটার পর সেই আগুন পাশের এই নাইটক্লাবে ছড়িয়ে পড়ে। তিনি বলেন, আগুনে পুড়ে যাওয়ায় মৃতদেহগুলো শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। তবে নিহত ব্যক্তিদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ রয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে চারজন ফরাসি নাগরিক। তাঁদের একজনের অবস্থা গুরুতর। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন স্থানগুলোর মধ্যে থাইল্যান্ড অন্যতম। গত বছর সারা বিশ্বের প্রায় দুই কোটি পর্যটক দেশটির মনোরম সৈকত, আকর্ষণীয় মন্দির ও রাজধানী ব্যাংককে ভ্রমণ করে। কিন্তু, বেশ কিছুদিন ধরে থাইল্যান্ডের নাইটক্লাবের দুর্বল নিরাপত্তা-ব্যবস্থা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। ২০০৯ সালে ইংরেজি নববর্ষ উদযাপন অনুষ্ঠানে ব্যাংককের একটি নাইটক্লাবে আগুন লেগে ৬৬ জন নিহত হন। একই সঙ্গে আহত হন দুই শতাধিক ব্যক্তি।