থাইল্যান্ডে নির্বাচনের দাবিতে বিক্ষোভ অব্যাহত
নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে হাজার হাজার সরকারবিরোধী বিক্ষোভকারী গতকাল মঙ্গলবার বিক্ষোভের চতুর্থ দিনেও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন অব্যাহত রাখেন।এমন রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার পরও থাইল্যান্ডের শেয়ারবাজারে চাঙাভাব বিরাজ করছে। থাই মুদ্রা ‘বাতে’র বাজারও গত ২১ মাসের মধ্যে সবচেয়ে ভালো। অস্থির রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও বিনিয়োগকারীদের ভরসার স্থল বিক্ষোভের অহিংস চেহারায়। তাঁরা ধারণা করছেন, এ ধরনের সংকটের মুখেও প্রধানমন্ত্রী অভিজিত্ ভেজ্জাজিভা এ যাত্রায় টিকে যাবেন।অর্থনীতিবিদেরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন কর্মসূচি রাজনৈতিক অস্থিরতার কারণে পিছিয়ে পড়ছে। গ্লোবলেক্স সিকিউরিটিজের বিশ্লেষক চক্রিত চারুয়েনমেটাচি বলেন, এ ধরনের রাজনৈতিক ব্যাপারগুলো তাঁদের প্রত্যাশিত নয়। তিনি আরও বলেন, যদি দেশের এই অস্থির অবস্থা বন্ধ করা না যায়, তাহলে থাইল্যান্ডে বিদেশি বিনিয়োগে যে গতি সঞ্চারিত হয়েছে, তা থেমে যাবে।তবে, সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থকেরা নির্বাচনের দাবিতে যে রাজনৈতিক কর্মসূচি হাতে নিয়েছে, তা থেকে পিছিয়ে পড়তে তারা নারাজ। তাঁরা কখনো মোটরসাইকেলে, কখনো ট্রাকে করে গায়ে ট্রেডমার্ক শার্ট পড়ে লোকসংগীত গেয়ে রাস্তায় রাস্তায় লালপতাকা ওড়াচ্ছে। এদিকে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভকারীরা নিজেদের রক্ত ঢেলে এক অভিনব বিক্ষোভ প্রদর্শন করে। এই বিক্ষোভ সম্পর্কে তারা জানিয়েছে, প্রধানমন্ত্রীর বাড়ির সামনে গায়ের রক্ত ঢেলে দেওয়াটা গণতন্ত্রের প্রতি তাদের ভালোবাসারই বহিঃপ্রকাশ। এটি একটি প্রতীকী প্রতিবাদ।কিন্তু এতকিছুর পরও প্রধানমন্ত্রী তাঁর সিদ্ধান্তে অটল। তিনি ক্ষমতা ছেড়ে দিতে নারাজ। তিনি তাঁর সরকারি বাসভবন ছেড়ে একটি সেনাঘাঁটিতে আশ্রয় নিয়েছেন।এদিকে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, বিক্ষোভ ক্রমেই শৃঙ্খলার মাত্রা অতিক্রম করছে। পুলিশ জানিয়েছে, আজ বুধবার পর্যন্ত প্রায় ৫০ হাজার বিক্ষোভকারী বিক্ষোভ প্রদর্শন করেছে। এই সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সরকারবিরোধী বিক্ষোভকারীদের এসব কর্মসূচিতে সাধারণ মানুষের উপস্থিতি বাড়ছে। বিক্ষোভকারীরা জানিয়েছে, এখনো নিশ্চিত বোঝা যাচ্ছে না, এতে তাদের জয় হবে কি না। পরবর্তী কর্মসূচি রাজনৈতিক দলগুলোই ঠিক করবে। তাদের বিবেচনার মূল বিষয় হলো সাধারণ জনগণ। সরকারের পদত্যাগ এবং নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে এখনো অস্থির হয়ে আছে থাইল্যান্ড।