থাইল্যান্ডে রাজনৈতিক হানাহানি বন্ধে জাতিসংঘ মহাসচিবের আহ্বান
জাতিসংঘের মহাসচিব বান কি মুন থাইল্যান্ডের রাজনৈতিক অস্থিরতা ও হানাহানি এড়িয়ে চলার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী আপিসিত ভেজ্জাজিওয়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশে সেনাবাহিনী গুলি চালালে অন্তত ১৬ জন নিহত হয়। এ সংঘর্ষের ফলে দেশটির সাতটি প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে।জাতিসংঘের মহাসচিব এই রক্তক্ষয়ী সংঘর্ষ এড়িয়ে যেকোনো রাজনৈতিক মতপার্থক্য আলোচনার টেবিলে সমাধানের আহ্বান জানিয়েছেন। এদিকে বিবিসি অনলাইন জানিয়েছে, শুক্রবার ব্যাংকক শহরের বিভিন্ন এলাকায় রাতভর সংঘর্ষের খবর পাওয়া গেছে। বিক্ষোভ ঠেকানোর কৌশল হিসেবে শহরের নানা জায়গায় ব্যারিকেড দেয় নিরাপত্তা বাহিনী। জাতিসংঘের মহাসচিবের দপ্তরের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানিয়েছে, থাইল্যান্ডে অব্যাহত রাজনৈতিক অস্থিরতা ও রক্তক্ষয়ী সংঘর্ষে জাতিসংঘের মহাসচিব উদ্বিগ্ন। তিনি থাইল্যান্ড সরকার ও বিক্ষোভকারীদের রক্তপাত এড়িয়ে আলোচনার মাধ্যমে সব মতপার্থক্য মেটানোর আহ্বান জানিয়েছেন।অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রও একইভাবে দুই পক্ষকেই উদারতার পরিচয় দিয়ে এই রক্তপাত ও রাজনৈতিক হানাহানির অবসানের আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র থাইল্যান্ডে বিবদমান দুই পক্ষকে এ সমস্যার শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র মনে করে, এর মাধ্যমে থাইল্যান্ডে বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে। ব্যাংককে শুক্রবারের রক্তপাত ও সংঘর্ষের পর থেকেই মার্কিন ও ব্রিটিশ দূতাবাস বন্ধ রয়েছে। সংঘর্ষে কয়েকজন বিদেশি সাংবাদিকও মারাত্মকভাবে আহত হয়েছেন।