থাইল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভ
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আজ শনিবার সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে। প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সরকারের পতনের দাবিতে আন্দোলনে নামা বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১৩২ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়। ইংলাক সরকারের পতনের দাবিতে ব্যাংককে এক সমাবেশ সামনে রেখে শত শত লোক বিক্ষোভে নামে। ইংলাক ক্ষমতায় আসার পর তাঁর বিরুদ্ধে এটাই সবচেয়ে বড় বিক্ষোভ। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।সমাবেশ সামনে রেখে ১৭ হাজার পুলিশ মোতায়েন করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া অভ্যন্তরীণ নিরাপত্তা আইন বলবত্ করা হয়েছে। এই আইনে বিক্ষোভকারীদের আটক, তল্লাশি ও সড়ক অবরোধ করতে পারবে পুলিশ। পুলিশ জানিয়েছে, তিন-চার শ বিক্ষোভকারী বাধা অতিক্রম করে সমাবেশস্থলে যাওয়ার চেষ্টা করলে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়। এতে কমপক্ষে সাতজন পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে ১৩২ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, সমাবেশে আসা বিক্ষোভকারীদের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করেছে তারা। গত কয়েক বছরে থাইল্যান্ডের রাজপথে বেশ কয়েকবার রক্তক্ষয়ী বিক্ষোভ দেখা গেছে। ২০১০ সালে দুই মাসের বেশি সময় সরকারবিরোধী বিক্ষোভ হয়েছিল। ওই বিক্ষোভে সেনাবাহিনী অভিযান চালালে কমপক্ষে ৯১ জন নিহত এবং দেড় হাজারের বেশি বিক্ষোভকারী আহত হয়।