থাইল্যান্ডে সাত বিক্ষোভকারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারি
থাইল্যান্ডের পার্লামেন্ট ভবনে ভাঙচুরে জড়িত থাকার অভিযোগে সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারি করা হয়েছে। বিক্ষোভকারীদের ব্যাপক বিক্ষোভ কর্মসূচির এক দিন আগে এ আদেশ দেওয়া হলো। দেশটির প্রধানমন্ত্রী অভিজিত্ ভেজ্জাজিভা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করলেও হাজার হাজার বিক্ষোভকারী জরুরি অবস্থা ভেঙে ফেলার শপথ নিয়েছে।গত বুধবার কয়েক হাজার বিক্ষোভকারী দেশটির পার্লামেন্ট ভবনে হামলা করে। এর ফলে পার্লামেন্টের সদস্যরা ভবন ছেড়ে চলে যেতে বাধ্য হন। এরই পরিপ্রেক্ষিতে এ গ্রেপ্তারি পরওয়ানা জারি করা হয়।বিবিসি অনলাইনের খবরে বলা হয়, প্রধানমন্ত্রী অভিজিত্ বলেন, এ ঘটনাটি প্রমাণ করে যে ‘রেড শার্ট’ পরিহিতদের আন্দোলন মোটেও শান্তিপূর্ণ নয়। তিনি আরও বলেন, সহিংসতা সৃষ্টিকারীদের গ্রেপ্তার করলে অন্য বিক্ষোভকারীরা তাদের বর্তমান অবস্থান থেকে ফিরে আসবে।