থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে সহিংসতা ছড়িয়ে পড়েছে
থাইল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ঠেকাতে রাজধানী ব্যাংককসহ ২৩টি প্রদেশে কারফিউর মেয়াদ তিন দিন বাড়ানো হয়েছে। বিরোধীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত দেশটির উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে সহিংসতা ছড়িয়ে পড়েছে। ব্যাংককের বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। গতকাল বৃহস্পতিবার সকালেও শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে।গত বুধবার ব্যাংককের লুম্ফিনি পার্কে লাল শার্ট পরা বিক্ষোভকারীদের অবস্থানস্থলে নিরাপত্তা বাহিনীর অভিযানের পর এ পর্যন্ত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯১ জন। বিক্ষোভকারীদের আরও তিনজন নেতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল স্যানসার্ন কায়েকামনার্দ জানান, কারফিউর মেয়াদ আগামী শনিবার পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রতিদিন স্থানীয় সময় রাত নয়টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। তিনি জানান, গতকাল নিরাপত্তা বাহিনীর সদস্যরা ব্যাংককের একটি এলাকা থেকে বেশ কিছু বোমাসহ একে-৪৭ ও এম-১৬ রাইফেল উদ্ধার করেছেন। সেনাবাহিনীর আরেক মুখপাত্র দিত্তাপর্ণ সাসাস্মিথ বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কারফিউর মেয়াদ বাড়ানো হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব মানিত উত্তানসেন জানান, কারফিউ জারি করা হলেও বিক্ষোভকারীদের শক্ত ঘাঁটি উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের অনেক জায়গায় সহিংসতা ছড়িয়ে পড়েছে। বুধবার রাতেই চারটি প্রাদেশিক হলে ব্যাপক ভাঙচুর করা হয়। কর্তৃপক্ষ পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারছে না। ল্যামপাং ও চিয়াং মাই শহরে সহিংসতা চলছে।গতকাল সকালেও ব্যাংককের কয়েকটি এলাকায় লুটপাটের ঘটনা ঘটে। এ সময় গোলাগুলির শব্দ শোনা গেছে। ব্যাংককের গভর্নরের একজন মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, গতকাল সকালে বিভিন্ন ব্যাংক, হোটেল ও বড় বড় ভবন লক্ষ্য করে ৩১টি গুলি ছোড়া হয়। পুলিশের কর্মকর্তারা জানান, আগুন ধরিয়ে দেওয়ার কারণে ব্যাংককের স্টক এক্সচেঞ্জ গতকাল বন্ধ ছিল। আজ শুক্রবারও তা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বিপণিবিতান সেন্টার ওয়ার্ল্ড ধসে পড়ার আশঙ্কা করা হচ্ছে। বুধবার রাতে ওই বিপণিবিতানে আগুন দেন বিক্ষোভকারীরা।গত বুধবার গভীর রাতে ব্যাংককের কেন্দ্রস্থলে একটি মন্দিরে আশ্রয় নেওয়া বিক্ষোভকারীদের সরিয়ে দিতে অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। পুলিশের মুখপাত্র প্রাউত থাভোরনসিরি জানান, এতে অন্তত নয়জন নিহত হন। এর আগে লুম্পিনি পার্কের অভিযানে ইতালির এক সাংবাদিকসহ ছয়জন নিহত হন।বিক্ষোভকারীদের আরও তিনজন শীর্ষ নেতা গতকাল পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। এ নিয়ে তাঁদের অন্যতম প্রধান নেতা নাতাউত সাইকুয়ারসহ আটজন আত্মসমর্পণ করলেন। কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল থানগাই প্রসাঝাকসাতরু জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তাঁরা পুলিশের হেফাজতেই আছেন।লাল শার্ট পরা আরেক নেতা ভিরা মুশিকাপং গতকাল সমর্থকদের সহিংসতা বন্ধ করে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রতিশোধের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়।’এদিকে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ থাইল্যান্ডে সহিংসতায় ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে উল্লেখ করেছে। এ জন্য সংস্থাটি নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারী দুই পক্ষকেই দায়ী করেছে।দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক লাল শার্ট পরা আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী আপিসিত ভেজ্জাজিওয়ার পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবিতে গত ১৪ মার্চ থেকে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। বিক্ষোভ চলাকালে সহিংসতায় এ পর্যন্ত বিদেশি সাংবাদিকসহ ৮২ জন নিহত হয়েছেন। এএফপি, বিবিসি, সিএনএন, টাইমস অব ইন্ডিয়া।