থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সরকারবিরোধী বিক্ষোভের সময় সেনাবাহিনীর গুলিতে এক ট্যাক্সিচালক নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী আপিসিত ভেজ্জাজিওয়ার বিরুদ্ধে আজ বৃহস্পতিবার মামলা করা হয়েছে। আপিসিত ক্ষমতায় থাকাকালে তাঁর সরকারের পতনের দাবিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করে। সে সময় প্রায় দুই মাসের জন্য ব্যাংককের কয়েকটি এলাকা অচল হয়ে পড়েছিল। বিক্ষোভকারীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে নিহত হয়েছিলেন প্রায় ৯০ জন রাজনৈতিক কর্মী ও সেনাসদস্য।মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, মামলার আসামিদের তালিকায় সাবেক উপপ্রধানমন্ত্রী সুথেপ থাগসুবানের নামও আছে।কিছুদিন আগে থাইল্যান্ডের একটি আদালত ট্যাক্সিচালক প্রাণ কামকঙের নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার রায় দেন। আদালত রায়ে বলেছিলেন, ট্যাক্সিচালক প্রাণ কামকঙ সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছেন। এই রায়ের পর দোষী ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার জন্য নতুন করে একটি মামলা দায়ের করা হয়। থাইল্যান্ডের বিশেষ তদন্ত বিভাগের প্রধান তড়িত্ পণ্ডিত বিবিসিকে বলেন, ওই দুজনের বিরুদ্ধে অভিযোগ হলো, তাঁরা বুঝেশুনে এমন নির্দেশ দিয়েছিলেন যার ফলে কিছু মানুষ নিহত হয়েছিলেন। ফৌজদারি আইনের ২৮৮ ধারায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। দোষী প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তিদের মৃত্যুদণ্ড বা দীর্ঘমেয়াদি কারাদণ্ড হতে পারে।১২ ডিসেম্বর তাঁদের মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা। ২০১০ সালের মার্চে (২০১০ সালের মার্চে থাইল্যান্ডের তত্কালীন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা ক্ষমতাচ্যুত হওয়ার পর ‘রেড-শার্ট’ বিক্ষোভকারীরা এর প্রতিবাদে রাজপথে নামে। থাইল্যান্ডের বাণিজ্যিক এলাকার বিভিন্ন সড়কে অবস্থান ধর্মঘট পালন করছিল বিক্ষোভকারীরা। এপ্রিল মাসে তাদের হটানোর চেষ্টা করে পুলিশ। এরপর পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়। বিক্ষোভকারীদের উচ্ছেদ করতে দেশটির সেনাবাহিনী ওই বছরের ১৯ মে অভিযান চালায়। সেনাসদস্যরা বিক্ষোভকারীদের তাঁবু ও শিবিরগুলো গুঁড়িয়ে দেন। এতে নিহত হন ৯০ জন। ওই ঘটনায় জড়িত ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আপিসিত ভেজ্জাজিওয়া ও সুথেপ থাগসুবান প্রথম অভিযুক্ত হলেন। তবে ‘রেড-শার্ট’ দলের নেতাদের অনেককেই ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের দায়ে শাস্তি দিয়েছেন আদালত।