থাকছেন কামরানই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই ভাইকে নিয়ে চলছে টানাটানি। জল্পনা-কল্পনা, আলোচনা, যুক্তি-তর্ক। কে দাঁড়াবেন উইকেটের পেছনে? রস টেলরকে কামরান আকমলের দারুণ দুটি ‘বার্থ ডে গিফট’ দেওয়ার পর ওই রাতেই কোচ ওয়াকার ইউনুস বলেছিলেন, ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই।’ কিন্তু আতঙ্কিত হয়ে গেলেন শহীদ আফ্রিদি। জানালেন, বড় ভাইয়ের কিপিং গ্লাভস ছোট ভাইকে দেওয়ার কথা ভাবা হচ্ছে। আতঙ্কিত পাকিস্তান অধিনায়ককে পরামর্শ দিলেন সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম, বিশ্বকাপের মাঝে এমন রদবদল ঠিক হবে না। শেষ পর্যন্ত পরের ম্যাচটিতেও কিপিং করলেন কামরানই।পরের ম্যাচ? না, বিশ্বকাপে বৃহস্পতিবার কোনো ম্যাচ ছিল না পাকিস্তানের। ক্যান্ডির অ্যাসগিরিয়া স্টেডিয়ামের অনুশীলনে পাকিস্তান ম্যাচ খেলল নিজেদের মধ্যে। ম্যাচের শুরু থেকেই সবার দৃষ্টি উইকেটের পেছনে। সেখানে সেই পুরোনো মুখই—কামরান। আর সম্ভাব্য নতুন মুখ উমর আকমল মাঠেই নেই! কামরান যখন ব্যাটিংয়ে এলেন, তখনো উইকেটের পেছনে উমর নেই, দাঁড়ালেন ইউনুস খান। ছোট আকমলকে অবশেষে পাওয়া গেল মাঠের বাইরের তাঁবুতে। আগের দিনের অনুশীলনে চোট পেয়েছেন ডান হাতের তর্জনীতে, তাই এদিন অনুশীলন করেননি। স্ক্যান করে নিশ্চিত হওয়া গেছে আঘাত গুরুতর নয়।তবে উমরের চোটের কারণে নয়, কামরান উইকেটের পেছনে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তেই। আফ্রিদির ডেপুটি ও টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক জানালেন, তাঁদের পুরো আস্থা আছে কামরানের ওপর, ‘খারাপ দিন যেকোনো কারও আসতে পারে। এসব মনে রাখলে তো সামনে এগোনো যাবে না। কামরানের জন্য দিনটা বাজে ছিল, কিন্তু ওর সামর্থ্যের ওপর আমাদের আস্থা আছে।’মিসবাহর প্রথম লাইনটা শুনে হাসির একটা মৃদু রোল উঠল। একটা খারাপ দিন? কামরান ক্যাচ ছাড়েননি, এমন ম্যাচই তো খুঁজে পাওয়া মুশকিল। এভাবে আশার তরী ভাসিয়ে আর কত দিন? এবার মিসবাহর যুক্তি, ‘দেখুন, ও কঠোর পরিশ্রম করছে। চেষ্টার কোনো কমতি নেই। একজন ক্রিকেটারের সবচেয়ে বেশি প্রয়োজন খারাপ সময়ে সমর্থন। কামরানের সামর্থ্য জানি বলেই আমাদের সবার সমর্থন আছে ওর প্রতি। বিশ্বকাপের মধ্যে বিভক্তি নয়, প্রয়োজন ঐক্য। পুরো দল কামরানের পাশে আছে।’বিশ্বকাপের শুরু থেকেই ঐক্যের জয়গান গাইছে পাকিস্তান। তবে এই ঐক্য বোঝাতে বা কামরানের প্রতি সমর্থন বোঝাতে নয়, পাকিস্তানের ‘ম্যাচ প্র্যাকটিস’ মূলত দুটি কারণে। দলের টপ অর্ডারদের একটু বেশি সময় ব্যাটিং করানো আর দু ম্যাচের মাঝের পাঁচ দিনের বিরতিতে যেন গা-ছাড়া ভাব চলে না আসে সেটা নিশ্চিত করতে। এখনো পর্যন্ত একটি ম্যাচেও রান পায়নি পাকিস্তানের উদ্বোধনী জুটি। শোয়েব-গুল-রাজ্জাকরা নতুন বলে টানা ২০ ওভার বোলিং করলেন হাফিজ-শেহজাদকে। এরপর পর্যায়ক্রমে সব ব্যাটসম্যানই। নিউজিল্যান্ড ম্যাচের ওই ৫ ওভারকে পাকিস্তান মনে করছে একটা দুঃস্বপ্ন। যে দুঃস্বপ্ন ভুলে তারা ফিরতে চায় জয়ের ধারায়।