থাকছেন না সিডন্স
অনুমিত সিদ্ধান্তটাই নিল বিসিবির পরিচালনা পর্ষদ। আজ বোর্ডের ২৮তম সভায় সিদ্ধান্ত হয়েছে, জাতীয় দলের কোচ জেমি সিডন্সের চুক্তির মেয়াদ আর বাড়ানো হবে না। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজকের ম্যাচটিই বাংলাদেশের কোচ হিসেবে সিডন্সের শেষ ম্যাচ।২০০৭ সালের শেষ দিকে বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়া সিডন্সের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ জুন। শুধু সিডন্সেরই বিদায় হচ্ছে না, এই সিরিজের পর বড় পরিবর্তন হচ্ছে বাংলাদেশ দলের সাপোর্ট স্টাফেও।সভা শেষে বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুসকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘জাতীয় দলের হেড কোচ জেমি সিডন্সের চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্তে বোর্ড একমত হয়েছে। গত চার বছরের পাওয়া সাফল্য এবং অবদানের প্রশংসা করেছে বোর্ড। তবে আমরা মনে করি টিম ম্যানেজমেন্ট এবং সাপোর্ট স্টাফে পরিবর্তনের সময় এসেছে।’ তিনি জানিয়েছেন, খুব দ্রুতই প্রধান কোচ পদের জন্য আবেদনপত্র চেয়ে বিজ্ঞাপন দেবে বোর্ড।বোলিং কোচ ইয়ান পন্টের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে এর মধ্যেই। এ মাসেই শেষ হয়ে যাবে ফিল্ডিং কোচ জুলিয়েন ফাউন্টেনের মেয়াদকালও। প্রাথমিকভাবে বিসিবি এই দুজনকেই রাখতে চাইলেও শর্তে না মেলায় বোলিং-ফিল্ডিং কোচের জন্যও যত দ্রুত সম্ভব বিজ্ঞাপন দেওয়া হবে।সভায় জাতীয় দলের ট্রেনার গ্রান্ট ট্রাফোর্ড লুডেনের চুক্তির মেয়াদ ২০১২ সালের মার্চ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আর ৩০ এপ্রিল শেষ হতে যাওয়া ফিজিও মাইকেল হেনরির চুক্তি বাড়ানো হবে কিনা, সেটি ঠিক হবে এ মাসের মধ্যেই।এ মাসে শেষ হয়ে যাবে রফুিকল আলমের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির মেয়াদও। আজকের সভায় এ প্রসঙ্গটি উঠলেও এ নিয়ে খুব বেশি আলোচনা হয়নি। মিডিয়া কমিটির প্রধান জানিয়েছেন, এ বিষয়ে বোর্ড পরে আলোচনা করবে।