‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে।’ কবির এই স্বপ্ন এখনো বাস্তবের মুখ দেখেনি। এ দেশের অনেক মানুষ আগামীকাল পেটের ভাত কেমন করে জুটবে, এই দুঃস্বপ্ন দেখে রাত কাটায়। আমাদের এক রাষ্ট্রনায়ক স্বপ্নটাকে কাটছাঁট করে ডাল-ভাতে সন্তুষ্ট থাকতে বলেছিলেন। কিন্তু বাড়তি জনসংখ্যার চাপে এবং ভাতের জোগান ঠিক রাখতে সেই ডালও ক্রমান্বয়ে দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। মাথাপিছু ডালের ভোগ স্বাধীনতার সময়ের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে।আমার স্বপ্নের কৃষি আমাদের সবার সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় ভাত, ডাল, মাছ ও দুধের জোগান দেবে—এসব নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের জন্য আমাদের আর বিদেশের দ্বারস্থ হতে হবে না। এ স্বপ্নের বাস্তবায়ন সম্ভব, যদি আমরা দক্ষ কৃষিবিজ্ঞানী সৃষ্টি করে আধুনিক জীববিজ্ঞান ব্যবহারের মাধ্যমে ভূমি ও পানির উৎপাদিকা শক্তি ক্রমাগত বৃদ্ধির জন্য নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে পারি।আমাদের জমির প্রায় ৭৫ শতাংশ ধান উৎপাদনে ব্যবহূত হয়। সুষম পুষ্টি অর্জনের জন্য ধান ছাড়া শাকসবজি, ফলমূল ইত্যাদি ফসলের উৎপাদন আমাদের বাড়াতে হবে। এ জন্য ধানকে অন্যান্য ফসলের জন্য জমি ছাড়তে হবে। গত দশকে কৃষির বৈচিত্র্যকরণে আমরা কিছুটা সফলতা অর্জন করেছি। কিন্তু এখানেই থেমে থাকলে চলবে না। অতিরিক্ত চাল উৎপাদনের জন্য আমরা বোরো ধানের ওপর নির্ভরশীল হয়েছি, যা ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নামিয়ে আমাদের পরিবেশের ক্ষতি করছে। বোরো ধান হয় শীতের মৌসুমে। এই সময়টা হচ্ছে ধান ছাড়া অন্যান্য অধিক উৎপাদনশীল ও লাভজনক ফসল উৎপাদনের উপযোগী মৌসুম। সেচের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার জন্য বোরো ধান চাষে উৎপাদন খরচ বেশি হয়। ফলে চালের দাম বাড়ে। শীতের মৌসুম অন্যান্য ফসলের জন্য ছেড়ে দিয়ে বছরের বাকি আট মাসে পরপর বর্ষানির্ভর আউশ ও আমন ধান উৎপাদনের মাধ্যমে আমাদের চালের চাহিদা মেটানো সম্ভব।এই সম্ভাবনা বাস্তবায়নের জন্য প্রয়োজন স্বল্পমেয়াদি উচ্চফলনশীল ধান উদ্ভাবন। ভিয়েতনামে এখন বেশির ভাগ জাতের ধান ৯০ থেকে ১০০ দিনের মধ্যে ওঠে। আমাদের দেশে বেশির ভাগ ধানের জাতের জীবনকাল ১২৫ থেকে ১৫০ দিন। একমাত্র ব্রি-৩৩ ও বিনা-৭ ওঠে ১১৫ দিনের মধ্যে। এই ধান উৎপাদনের প্রসার ঘটিয়ে আমরা উত্তরবঙ্গের মঙ্গা নিরসনে সফল হয়েছি। ভিয়েতনামের অনুসরণে আমাদের কৃষিবিজ্ঞানীরা যদি ৯৫ থেকে ১১০ দিনের উচ্চফলনশীল ধানের জাত উদ্ভাবন করতে পারেন, তাহলে কৃষক ২০ দিনের চারা লাগিয়ে বৈশাখ থেকে কার্তিক মাসের মধ্যে একই জমি থেকে দুটি ফসল ঘরে তুলতে পারবেন। এসব স্বল্পমেয়াদি ধানের ফলন যদি হেক্টরপ্রতি পাঁচ-ছয় টন হয় তাহলে সাত মিলিয়ন হেক্টর ধানের জমি থেকে আমরা সহজেই ৭০ মিলিয়ন টন ধান বা ৪৫ মিলিয়ন টন চাল উৎপাদন করতে সক্ষম হব। বর্তমানে আমাদের চালের উৎপাদন ৩২ মিলিয়ন টন। ১৩ মিলিয়ন টন অতিরিক্ত চাল উৎপাদন বাড়তি ৪০ শতাংশ মানুষের খাবার জোগান দিতে পারবে। ফলে আমাদের মূল খাদ্য চালের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা বজায় রাখার জন্য বাংলাদেশ আরও ৩০ বছর সময় কিনতে পারবে।বর্ষানির্ভর ধান উৎপাদনের ক্ষেত্রে বড় ঝুঁকি বন্যা ও খরা। এই ঝুঁকির কারণে কৃষক অতীতে আউশ ও আমন ধান ছেড়ে বোরো ধান উৎপাদনের দিকে বেশি আগ্রহী হয়েছেন। জলবায়ু পরিবর্তনের জন্য বন্যা ও খরার প্রকোপ বেড়েছে এবং ভবিষ্যতে আরও বাড়বে। আন্তর্জাতিক অঙ্গনে ধানবিজ্ঞানীরা বায়োটেকনোলজি ব্যবহারের মাধ্যমে বন্যা ও জলমগ্নতাসহিষ্ণু ধানের জাত উদ্ভাবনে ইতিমধ্যেই সফলতা অর্জন করেছেন। খরাসহিষ্ণু ধান উদ্ভাবনের প্রচেষ্টাও চলছে। বিআর-১১, স্বর্ণা, আইআর-৬০ ইত্যাদি ধানের জাতে জলমগ্নতাসহিষ্ণু জিন (Sub1) ঢোকানো সম্ভব হয়েছে। এসব ধানের জাত পানির নিচে ১০ দিন ডুবে থাকলেও গাছ মরে না এবং পানি সরে গেলে তা আবার বাড়তে থাকে এবং স্বাভাবিক ফলন দেয়। এই জাতগুলো কৃষকের কাছে পৌঁছে দিতে পারলে বন্যা এবং অতিবর্ষণের জন্য চারা নষ্ট হওয়ার ঝুঁকি অনেক কমবে এবং কৃষক উচ্চফলনশীল জাতের আমন চাষে উৎসাহিত হবেন। ইতিমধ্যে বিজ্ঞানীরা লবণসহিষ্ণু ধানের জাত উৎপাদনেও সফলতা অর্জন করেছেন এবং অতিরিক্ত লবণসহিষ্ণু জাত উদ্ভাবনের প্রচেষ্টা চলছে। ফলে উপকূলবর্তী বিস্তীর্ণ অঞ্চলের জমিতে বছরে ধানের এক ফসলের পরিবর্তে একই জমিতে পরপর আউশ ও আমন দুটি উচ্চফলনশীল ধান চাষের সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছে।ডাল ও তেল আমাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যের তালিকায় গুরুত্বপূর্ণ শস্য। উন্নত প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে ধানের তুলনায় পিছিয়ে থাকায় ডাল ও তেলবীজ উৎপাদনে দেশ ক্রমাগত পিছিয়ে পড়েছে এবং এসব পণ্যের জন্য আমরা বিদেশি বাজারের ওপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়েছি। তবে ডাল ও তেলবীজের ক্ষেত্রে বিজ্ঞানীরা বর্তমানে স্বল্পমেয়াদি এবং উচ্চফলনশীল জাত উদ্ভাবনে সফলতা অর্জন করেছেন। স্বল্পমেয়াদি ধানের জাত উদ্ভাবনে সফল হলে মৌসুমি পতিত জমিতে দুটি ধানের মাঝখানে একটি ডাল বা তেলজাতীয় ফসল তোলার সম্ভাবনা প্রচুর। উপকূলবর্তী অঞ্চলে লবণাক্ত জমিতে সূর্যমুখী চাষ করেও আমরা তেলের চাহিদা মেটাতে পারব।চিনি আমাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যের অন্যতম। চিনির চাহিদা বাড়ছে অথচ আখের চাষ ক্রমাগত সংকুচিত হচ্ছে। আখ সারা বছর জমি আটকে রাখে। ওই সময় দুটি উচ্চফলনশীল ধান ও একটি শাকসবজির চাষ করে কৃষক আখ উৎপাদনের তুলনায় অনেক বেশি মুনাফা করতে পারেন। এ জন্যই আখ চাষে কৃষকদের উৎসাহ কম। আখের জোগান কমায় আমাদের চিনিকলগুলোর কার্যক্ষমতা ব্যবহার করা যাচ্ছে না। ফলে চিনি উৎপাদনের খরচ বাড়ছে এবং চিনি জোগানোর জন্য আমরা বিশ্ববাজারের ওপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়েছি। চিনি উৎপাদনের জন্য আমরা সুগার বিট চাষ শুরু করতে পারি। সুগার বিট শীতকালীন ফসল। এর জীবনকাল পাঁচ মাস। শীতের মৌসুম ছোট হওয়ায় এ দেশে সুগার বিট চাষের প্রচলন হয়নি। কিছুটা গরম আবহাওয়া সহ্য করতে পারে এ ধরনের সুগার বিটের জাত উদ্ভাবনে বিজ্ঞানীরা সফল হয়েছেন। ব্র্যাক দুই বছর ধরে সুগার বিট চাষের সম্ভাবনা নিয়ে গবেষণা করে ভালো ফল পেয়েছে। আখের তুলনায় সুগার বিটের ফলন ও রসের পরিমাণ অনেক বেশি। আমার আশা, সুগার বিট চাষ করে ভবিষ্যতে আমরা চিনি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারব।আমাদের দেশে মাছের মাথাপিছু ভোগ, চাহিদা ও সুস্বাস্থ্যের প্রয়োজনের তুলনায় এখনো অনেক কম। সমুদ্র উপকূলের জলাশয় এবং নদীনালা থেকে মাছের উৎপাদন ক্রমান্বয়ে কমছে। সুখের বিষয়, পুকুরে ও নিচু ধানের জমিতে বাঁধ দিয়ে বাণিজ্যিকভাবে মাছ চাষের (Pond aquaculture) প্রবণতা বাড়ছে। ফলে পাঙাশ, তেলাপিয়া, রুই, কৈ ইত্যাদি মাছের দাম দরিদ্র জনগোষ্ঠীর ক্রয়ক্ষমতার মধ্যে আসছে। আমাদের ২ দশমিক ৭ মিলিয়ন হেক্টর জমি চার থেকে ছয় মাস পানির নিচে থাকে। মৎস্যবিজ্ঞানীরা ‘স্বল্প মেয়াদে বেশি বাড়ে’—এ ধরনের মাছের জাত চিহ্নিত করেছেন। বাংলাদেশের কিছু এলাকায় (যেমন দাউদকান্দি) জমির মালিকদের সংগঠিত করে বাণিজ্যিকভাবে মাছ চাষের মাধ্যমে প্লাবনভূমিতে মাছের ফলন বহুগুণ বাড়ানোর সম্ভাবনা প্রমাণিত হয়েছে। বাঁশের চাটাই দিয়ে জমি ঘিরে ব্যক্তিগত উদ্যোগেও প্লাবনভূমিতে বাণিজ্যিকভাবে মাছচাষের সম্ভাবনা প্রচুর। এসব সম্ভাবনাকে বাস্তবায়িত করতে পারলে মৎস্য উৎপাদনে আমরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারব।পশুপালন খাতেও আমাদের অগ্রগতি সন্তোষজনক নয়। অথচ অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে মাংস, ডিম ও দুধের চাহিদা বার্ষিক প্রায় ছয় শতাংশ হারে বাড়ছে। চারণভূমির হ্রাস ও বিচালির মূল্যবৃদ্ধির কারণে পশুপালনের খরচ অতিমাত্রায় বাড়ছে। জমিচাষ ও শস্য মাড়াইয়ে পাওয়ার টিলার ও পাওয়ার থ্রেশার ইত্যাদির প্রসার ঘটায় বড় ও মাঝারি জোতের খামারে পশুপালনের প্রয়োজনীয়তা কমে গেছে। অধুনা অনুষ্ঠিত কৃষিশুমারির ফল থেকে দেখা যায়, গত তিন দশকে গরু-বাছুরের সংখ্যা একই পর্যায়ে আছে, ছাগল ও ভেড়ার সংখ্যা স্বল্পমাত্রায় বাড়ছে আর হাঁস-মুরগির সংখ্যা ৫ শতাংশের বেশি হারে বাড়ছে। ক্ষুদ্রঋণের জোগান বাড়ায় ভূমিহীন এবং প্রান্তিক চাষি পরিবারে নারীশ্রমিক নিয়োগের মাধ্যমে একটি বা দুটি করে পশুপালনের প্রবণতা বাড়ছে। উন্নত জাতের পশুর প্রজনন সার্ভিস, রোগবালাই ব্যবস্থাপনা, উন্নত জাতের ঘাস চাষ, উন্নত বিশ্ব থেকে গুঁড়ো দুধের ডাম্পিং বন্ধ, পশুখাদ্য আমদানির ওপর শুল্ক বিলোপ ইত্যাদি প্রণোদনার মাধ্যমে গৃহস্থালিভিত্তিক পশুখামার সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে। দারিদ্র্য বিমোচনেও এ খাত উল্লেখযোগ্য অবদান রাখতে পারে। আমার আশা, বাণিজ্যভিত্তিক মাঝারি ও বড় খামারের পাশাপাশি গৃহস্থালিভিত্তিক ক্ষুদ্র জোতের পশুখামার আমাদের মাংস ও দুধের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সক্ষম হবে। ড. মাহবুব হোসেন: নির্বাহী পরিচালক, ব্র্যাক।