থাকি ওডিশায়, পড়ি প্রথম আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি কয়েক বছর ধরে অনলাইনে প্রথম আলো পড়ি। আমার কাছে প্রধান আকর্ষণ হলো সাহিত্য সাময়িকী। ভারতের কোনো দৈনিক পত্রিকায় সাহিত্যের জন্য আলাদা পাতা বরাদ্দ নেই। কিন্তু বাংলাদেশের বাংলা কাগজগুলোয় সাহিত্য সাময়িকী বের হয়। এ জন্য তারা বিশেষভাবে ধন্যবাদ পেতে পারে। আমি নিজে ওডিশায় থাকি, উড়ে ভাষায় লিখি। কিন্তু প্রতিবেশী ভাষায় কী লেখা হচ্ছে না হচ্ছে, তার খোঁজ আমাকে রাখতে হয়। এ জন্যই প্রথম আলোর সাহিত্য পাতা আমাকে নিয়মিতও পাঠ করতে হয়।প্রথম আলোর সাহিত্য পাতার খোঁজ আমি পাই, যখন ওই পত্রিকার সাহিত্য পাতায় আমার বই মিথ্যা গেরস্থালির একটা আলোচনা ছাপা হয়। বইটি অনূদিত হয়ে বাংলাদেশ থেকে বেরিয়েছে। এরপর আমি বাংলাদেশে যাই। প্রথম আলো কার্যালয়েও গিয়েছিলাম। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান আমাকে আন্তরিকভাবে স্বাগত জানান। আমি সত্যিই তাঁর ব্যবহারে মুগ্ধ।প্রথম আলো ওডিশায় কিনতে পাওয়া যায় না। কিন্তু আছে অনলাইন। আমি প্রথম আলোর অন লাইনে যাই। প্রথম আলোয় আমার অনূদিত গল্প ছাপা হয়েছে, আমার সাক্ষাৎকারও বেরিয়েছে। এ জন্য নয়, বাংলা ভাষা, সাহিত্য ও প্রতিবেশী দেশের মানুষের কথা জানার জন্যই আমি প্রথম আলো পড়ি। প্রথম আলো মানবিকতার পক্ষে, অসাম্প্রদায়িকতার পক্ষে বুদ্ধিবৃত্তিক চর্চা চালিয়ে যাচ্ছে। সব ধরনের মৌলবাদের বিপক্ষে এর অবস্থান। প্রথম আলো ১৪ বছরের মধ্যে বাংলাদেশের প্রধানতম দৈনিক পত্রিকায় কেবল পরিণতই হয়নি, এটি প্রগতিশীলতার মুখপত্রে পরিণত হয়েছে। কাজটা খুবই কঠিন। প্রথম আলোকে কতটা বেদনা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হয়েছে, তা বেশ বোঝা যায়। মানবতার পক্ষে কাজ করে চলুক প্রথম আলো, তার লক্ষ্যে পৌঁছাক, এটাই আমার প্রত্যাশা।