বংশাল থানার পুলিশ কর্মকর্তা গৌতম হত্যা মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া কাইল্যা জাকির, জামাল মল্লিক ও আহমেদ হায়দার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার এ কে এম শহীদুল হক। গতকাল শুক্রবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। কমিশনার বলেন, এই খুনের ঘটনায় র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া জাকির হোসেন ও আলী হায়দারের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।এর আগে এ হত্যাকাণ্ডের ঘটনায় র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া জাকির-হায়দার, নাকি থানা ও গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া জাকির-হায়দার এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। এ বিভ্রান্তি দূর করতে পুলিশ সদর দপ্তর থেকে সিআইডি পুলিশের অতিরিক্ত মহাপরিচালক সৈয়দ শাহ জামানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এ কমিটি এখনো প্রতিবেদন দেয়নি।যোগাযোগ করা হলে র্যাবের আইন ও জনসংযোগ শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল প্রথম আলোকে বলেন, সরকারের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি এখনো বিষয়টি তদন্ত করছে। একটা ঘটনার তদন্ত চলাকালে এ বিষয়ে কারও কোনো কিছু মন্তব্য করা ঠিক নয় বলে র্যাব মনে করে।পুলিশ কমিশনার বলেন, সূত্রাপুর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া আহাম্মদ আলী ওরফে হায়দার, জাকির হোসেন ওরফে বাইট্টা জাকির ও জামান মল্লিক গৌতমকে হত্যা করেছে। এ ছাড়া এদের সহযোগী হিসেবে অস্ত্র ব্যবসায়ী আবদুর রউফ ভুঁইয়াকে গ্রেপ্তার করেছে ডিবি। তদন্তে এ ঘটনার সঙ্গে র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া হায়দার ও জাকিরের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গত ১৯ এপ্রিল রাতে ধোলাইখালে খুন হন বংশাল থানার অপারেশন কর্মকর্তা গৌতম রায়। এরপর এ ঘটনায় জড়িত হিসেবে হায়দার, জাকির ও মানিক এই তিনজনের নাম পান বিভিন্ন সংস্থার তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা। পুলিশ ও ডিবি আহাম্মদ আলী ওরফে হায়দার এবং জাকির ওরফে বাইট্টা জাকির নামের দুজনকে গ্রেপ্তার করে। একই সময়ে র্যাবও হায়দার আলী ও জাকির হোসেন নামের দুজনকে গ্রেপ্তার করে। এক মামলায় দুজন হায়দার ও দুজন জাকির গ্রেপ্তার হওয়ার ঘটনায় ব্যাপক বিভ্রান্তি দেখা দেয়। পরে আলী আহাম্মদ ও জাকিরকে জিজ্ঞাসাবাদ করে ডিবি জামান মল্লিক ও রউফকে গ্রেপ্তার করে। হায়দার-জাকিরের সঙ্গে ঘটনাস্থলে ছিল জামান মল্লিক। একটি পিস্তল দিয়ে সে নিজে এবং আরেকটি পিস্তল দিয়ে জাকির গুলি করেছিল পুলিশ কর্মকর্তা গৌতমকে। পরে তাদের সহযোগী হিসেবে রউফকে গ্রেপ্তার করা হয়। সেখানে মানিক নামের কেউ ছিল না।গতকালের সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেন, ‘র্যাব সরলভাবে পুলিশকে সাহায্য করার জন্য হায়দার ও জাকির নামের ওই দুই আসামিকে গ্রেপ্তার করে। কিন্তু ওরা ভয় পেয়ে র্যাবের কাছে খুনের ঘটনা স্বীকার করে ফেলে। এতে বিভ্রান্তির সৃষ্টি হয়। কিন্তু পরে তদন্তে জানা গেছে, তারা কেউ এ ঘটনায় জড়িত নয়।’সংবাদ সম্মেলনে কমিশনার বলেন, জাকির ও আলী আহাম্মদ ডাকাত শহীদের ‘চ্যালা’। তবে তারা কোনো পরিকল্পনা নিয়ে গৌতমকে খুন করেনি। ওই রাতে তারা যখন ইয়াবা সেবন করে হাঁটতে বেরিয়েছিল, তখনই হঠাৎ করে গৌতম তাদের তল্লাশি করা শুরু করেন। প্রতিপক্ষের লোক মনে করে জাকির ও জামান মল্লিক তাঁর ওপর গুলি চালায়। তাদের কোনো পূর্বপরিকল্পনা ছিল না। তাদের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহূত দুটি বিদেশি অস্ত্র উদ্ধার করেছে ডিবি। অস্ত্র বহনে ব্যবহার করা রউফের মালিকানাধীন একটি গাড়িও জব্দ করেছে ডিবি।বিষয়টি তদন্তে গত ২৭ এপ্রিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান শাহ জামানকে প্রধান করে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি করে সরকার। কমিটি বিষয়টি তদন্ত করছে। এ ছাড়া ১৮ মে মামলাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেলে চাঞ্চল্যকর মামলা হিসেবে অন্তর্ভুক্ত হয়।