থানা ব্যবস্থাপনায় পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের থানা ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনা হচ্ছে। এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মামলার তদন্তদুই ভাগে ভাগ করা হচ্ছে। প্রচলিত ব্যবস্থায় দুটি কাজই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তত্ত্বাবধানে হয়ে থাকে।নতুন ব্যবস্থাপনার জন্য ছয় মহানগর বাদে দেশের ৫৩৪টি থানায় পরিদর্শক পদে দুজন করে কর্মকর্তা নিয়োগ দেওয়ার আদেশ জারি হয়েছে, পাশাপাশি থানার জনবলও বাড়ানো হচ্ছে। এ সপ্তাহের মধ্যে পুলিশ সদর দপ্তর থেকে থানা ব্যবস্থাপনাসংক্রান্ত একটি নির্দেশনা জারি হবে বলে জানা গেছে।জানতে চাইলে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক নব বিক্রম কিশোর ত্রিপুরা প্রথম আলোকে বলেন, এত দিন থানার একজন কর্মকর্তা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ থেকে শুরু করে সব ধরনের কাজের দায়িত্ব পালন করতেন। এখন থেকে প্রতিটি থানায় দুজন করে পরিদর্শক এসব কাজ ভাগ করে দায়িত্ব পালন করবেন। এ জন্য পুলিশ প্রবিধানে (পিআরবি) কোনো সংশোধনী আনার প্রয়োজন নেই।পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানান, দেশের থানা ব্যবস্থাপনার পরিবর্তন আনার চিন্তাভাবনা করা হচ্ছিল কয়েক বছর ধরেই। কিন্তু জনবলের অনুমোদন না দেওয়ায় এত দিন সে ব্যবস্থা কার্যকর করা সম্ভব হয়নি। ১৪ জুন সরকার পুলিশ বাহিনীর জন্য নতুন করে ১৩ হাজার ৩৯১ জন লোক নিয়োগের অনুমোদন দেয়। এর মধ্যে পুলিশ পরিদর্শক পদের কর্মকর্তা আছেন ৬৩২ জন। এসব কর্মকর্তাকে সব থানায় নিয়োগ দেওয়া হবে। পরিদর্শক পদের কর্মকর্তার পাশাপাশি প্রতিটি থানায় লোকবলও বাড়ানো হচ্ছে। বাড়তি জনবলের সংখ্যা থানা অনুসারে ভাগ করে দেওয়া হবে। এতে প্রতিটি থানায় গড়ে অন্তত ১৫ জন করে জনবল বেড়েছে।সূত্র জানায়, দেশে মোট থানার সংখ্যা ৬০৯। এর মধ্যে হাইওয়ে পুলিশের থানা আছে ১০টি। তবে এসব থানার অনুমোদন মেলেনি এখনো। ছয় মহানগরে থানার সংখ্যা ৬৫।পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, নতুন পরিকল্পনায় ছয় মহানগর ছাড়া সব থানায় দুজন করে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে একজন পরিদর্শক পদের কর্মকর্তা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সভা-সমাবেশ-মিছিল, শৃঙ্খলা রক্ষা, প্রশাসনিক দায়িত্বসহ যাবতীয় কার্যক্রম তদারক করবেন। অপরজন মামলা পরিচালনা, আসামি গ্রেপ্তার, পরোয়ানা তামিল, সাধারণ ডায়েরির বিষয়গুলো তদন্তসহ মামলাসংক্রান্ত যাবতীয় বিষয় দেখবেন। পুলিশ কর্মকর্তাদের সুনির্দিষ্ট দায়িত্ব সম্পর্কে সদর দপ্তরের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হবে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, গত ১৪ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুজন পরিদর্শকের মধ্যে জ্যেষ্ঠ কর্মকর্তা থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। অন্যজন তাঁর অধীনে থেকে মামলার তদন্তের দায়িত্বে থাকবেন।সূত্র জানায়, ওসির পাশাপাশি থানার জনবলকেও কাজ ভাগ করে দায়িত্ব দেওয়া হবে। তবে ওই সব জনবল নির্ধারিত দায়িত্ব ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষার জন্য করণীয় সব ধরনের দায়িত্ব পালন করতে পারবেন। কর্মকর্তাদের ক্ষেত্রে বলা হয়েছে, কেউ একবার মামলা তদন্তের দায়িত্ব পালন করলেই যে তাঁকে সব সময় সেটাই করতে হবে, তা নয়। একজন কর্মকর্তা এক থানায় মামলা তদন্তের দায়িত্ব পালন করলেও অন্য থানায় বদলি হওয়ার পর তিনি আইনশৃঙ্খলা রক্ষার কাজ করতে পারবেন। পুলিশ সদর দপ্তরের দেওয়া পরিসংখ্যানে দেখা দেখা গেছে, এ বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে দেশের সব থানায় ৩৭ হাজার ৭৯২টি মামলা রেকর্ড করা হয়েছে। এ হিসাবে প্রতি মাসে গড়ে ১২ হাজার ৫৯৭টি অপরাধ রেকর্ড করা হয়েছে। এতে করে দিনে ৪২০টি করে মামলা দায়ের করা হয়। পুলিশ কর্মকর্তারা জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা থানার বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করতে গিয়ে এসব মামলার তদন্ত ঠিকমতো পরিচালনা করতে পারেন না। এতে দেখা যায়, বেশির ভাগ মামলার তদন্ত দুর্বল হয়, ফলে অপরাধীরা সহজে ছাড়া পেয়ে যায়। আবার থানায় ঠিকমতো তদন্ত না হওয়ার কারণে মামলার একটি বড় অংশের তদন্তের দায়িত্ব সিআইডি ও পুলিশের গোয়েন্দা পুলিশের হাতে আসে। ওই সংস্থারও চাপ বেড়ে যায়। এ কারণে এ অবস্থা থেকে উত্তরণের জন্য থানায় তদন্ত শাখা ও আইনশৃঙ্খলা শাখা পৃথক করার চিন্তাভাবনা করা হয়। এ ব্যবস্থা কার্যকর করে মামলার তদন্ত সঠিক ও দ্রুত সম্পন্ন হবে। কম সময়ে মামলা নিষ্পত্তি হবে।পুলিশ কর্মকর্তারা বলেন, সাব-ইন্সপেক্টরদের পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে। একইভাবে অন্য পদে যাঁরা এতদিনও পদোন্নতি পাননি, তাঁদের পদোন্নতি দেওয়া হবে। পদোন্নতির কারণে শূন্য হওয়া পদে নিয়োগ-প্রক্রিয়া আগে থেকেই শুরু হয়েছে বলে জানা গেছে।পুলিশ সংস্কার প্রকল্পের কর্মকর্তারা জানান, পুলিশের সংস্কার প্রকল্পের অধীনে যেসব মডেল থানা আছে। সেসব থানায় একজন করে সহকারী পুলিশ কমিশনার পদের কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। ধীরে ধীরে মহানগরগুলোর সব থানাতেই একজন করে সহকারী পুলিশ কমিশনার পদের কর্মকর্তা নিয়োগ দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। এসব পদের কর্মকর্তারা থানায় ওসিদের কাজের তত্ত্বাবধানের দায়িত্ব পালন করবেন।জানতে চাইলে পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা প্রথম আলোকে বলেন, এটা ভালো উদ্যোগ। তবে যাঁরা এসব দায়িত্ব পালন করবেন, মামলা তদন্তের ব্যাপারে তাঁদের উপযুক্ত প্রশিক্ষণ থাকা দরকার। প্রাথমিক কিছু তদন্ত থানা পুলিশ দিয়ে করানো হলেও বড় ধরনের অপরাধের তদন্ত বিষেশায়িত সংস্থা দ্বারা করা উচিত।