থানা শিক্ষা কর্মকর্তার পরীক্ষা পুনরায় নেওয়ার নির্দেশ কেন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থানা শিক্ষা কর্মকর্তা পদে নিয়োগের জন্য গত ২৮ আগস্ট অনুষ্ঠিত লিখিত পরীক্ষা কেন বাতিল করা হবে না এবং পুনরায় পরীক্ষা নেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আবদুস সামাদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন। সরকারি কর্মকমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের এ রুলের জবাব দিতে বলা হয়। জানা যায়, গত ২৮ আগস্ট রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় আড়াই শর বেশি পরীক্ষার্থী অংশ নেন। কিন্তু ওই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তারও করা হয়। এ নিয়ে পরীক্ষা বাতিলের দাবি করে পুনরায় পরীক্ষা নেওয়ার নির্দেশনা চেয়ে পরীক্ষার্থী মো. শামসুদ্দিন আহমেদ হাইকোর্টে একটি রিট করেন ২ সেপ্টেম্বর। আজ রিটটির ওপর শুনানি হয়। রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী স্বপন কুমার দত্ত ও সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল করুনাময় চাকমা মামলা পরিচালনা করেন। স্বপন কুমার দত্ত প্রথম আলোকে বলেন, পিএসসির চেয়ারম্যান ও কলেজটির অধ্যক্ষসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।