থানা হেফাজতে থাকা রিমান্ড আসামির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমনা থানা হেফাজতে থাকা রিমান্ডের আসামি জাকির হোসেন (৪৫) মারা গেছেন। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অসুস্থ জাকিরকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।পুলিশ সূত্র জানায়, ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা জাকিরকে রমনা থানার দুটি গাড়ি চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল সোমবার রাতে পুলিশ এক দিনের রিমান্ডে নেয়। আজ মঙ্গলবার বেলা একটা ৫০ মিনিটে থানা হেফাজতে জাকির অসুস্থ হয়ে পড়েন। থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিত্সকেরা জানান, জাকিরকে মৃত অবস্থায় আনা হয়েছে।রমনা থানার ওসি এস এম শিবলি নোমান প্রথম আলোকে জানান, রমনা থানার দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার রাতে জাকিরকে এক দিনের রিমান্ডে আনা হয়। কিন্তু মামলাসংক্রান্ত বিষয়ে সোমবার রাত ও মঙ্গলবার সকালে তাঁকে জিজ্ঞাসাবাদ করা যায়নি। রিমান্ডে আনার পর রাতে ও সকালে জাকির স্বাভাবিক খাবার গ্রহণ করেন। দুপুরে তাঁর বুকে হঠাত্ ব্যথা দেখা দিলে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে জাকির মারা যান। মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উদ্ধার হওয়া চোরাই যন্ত্রাংশের ব্যাপারে আগেই রমনা থানায় মামলা হয়েছিল।ডিবির সহকারী কমিশনার মোখলেসুর রহমান প্রথম আলোকে বলেন, ৪ মার্চ রাতে ডিবির একটি দল কদমতলী থানার শহীদনগর থেকে গাড়ি চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাকির ও বাদল নামের দুজনকে গ্রেপ্তার করে। তাঁদের তথ্যের ভিত্তিতে চোরাই একটি এলিয়ন প্রাইভেট কার, একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ছাড়া উদ্ধার করা হয় নয় বস্তা গাড়ির যন্ত্রাংশ। জিজ্ঞাসাবাদে জাকির স্বীকার করেন, গাড়ি ও যন্ত্রাংশ চুরির চারটি ঘটনায় তিনি জড়িত ছিলেন। উদ্ধার হওয়া গাড়ি দিয়ে তাঁরা গাড়ির যন্ত্রাংশ ছিনতাই ও ডাকাতি করতেন।