থানা হেফাজতে থাকা রিমান্ডের আসামির মৃত্যু
রমনা থানার হেফাজতে থাকা রিমান্ডের এক আসামির মৃত্যু হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন, জাকির হোসেন নামে ওই আসামিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। তবে চিকিত্সকেরা সাংবাদিকদের বলেছেন, জাকিরকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল। পুলিশ সূত্র বলেছে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা জাকিরকে (৪৫) রমনা থানার দুটি গাড়ি চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত সোমবার রাতে এক দিনের রিমান্ডে নেওয়া হয়। গতকাল মঙ্গলবার বেলা একটা ৫০ মিনিটে থানা হেফাজতে জাকির অসুস্থ হয়ে পড়েন। থানার উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বলে সূত্র দাবি করে। অন্যদিকে হাসপাতালের জরুরি বিভাগের সংশ্লিষ্ট চিকিত্সকেরা বলেছেন, হাসপাতালে নেওয়ার আগেই জাকিরের মৃত্যু হয়েছিল।রমনা থানার ওসি এস এম শিবলি নোমান প্রথম আলোকে বলেন, মামলা-সংক্রান্ত বিষয়ে জাকিরকে সোমবার রাত ও মঙ্গলবার সকালে জিজ্ঞাসাবাদ করা যায়নি। রিমান্ডে আনার পর রাতে ও সকালে তিনি স্বাভাবিকভাবে খাবার গ্রহণ করেন। দুপুরে হঠাত্ বুকে ব্যথা দেখা দিলে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মারা যান। আজ বুধবার ঢাকা মেডিকেল কলেজ মর্গে জাকিরের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হবে। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার মধ্যপাড়ার আলমপুরে। ডিবির সহকারী কমিশনার মোখলেসুর রহমান প্রথম আলোকে বলেন, গত ৪ মার্চ রাতে ডিবির একটি দল কদমতলী থানার শহীদনগর থেকে গাড়ি চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাকির হোসেন ও বাদল নামের দুজনকে গ্রেপ্তার করে। তাঁদের তথ্যের ভিত্তিতে একটি চোরাই প্রাইভেট কার, একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল এবং নয় বস্তা গাড়ির যন্ত্রাংশ উদ্ধার করা হয়। সহকারী কমিশনার জানান, জিজ্ঞাসাবাদে জাকির গাড়ি ও যন্ত্রাংশ চুরির চারটি ঘটনায় জড়িত ছিলেন বলে স্বীকার করেন।