থানার উন্মুক্ত আলোচনায় শাসক দলের প্রাধান্য
রাজধানীর অপরাধ নিয়ন্ত্রণে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে থানায় থানায় ‘ওপেন হাউস ডে’ বা ‘উন্মুক্ত দিবস’ চালুর উদ্যোগ নিয়েছিল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুরুতে অরাজনৈতিক ও বিতর্কিত নন, এমন ব্যক্তিদের এসব আলোচনায় আমন্ত্রণ জানানো হতো। কিন্তু সেই অবস্থা এখন আর নেই। ঢাকা মহানগরের ৪১টি থানায় এখন এই দিবসের আলোচনায় অংশগ্রহণকারীদের তালিকায় যুক্ত হয়েছে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের নাম।অভিযোগ রয়েছে, ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের উপস্থিতির কারণে সাধারণ মানুষ আর এই আলোচনায় অংশ নিতে উৎসাহ পান না। আবার বেশির ভাগ থানায় নিয়মিত সভাও হয় না। কোনো কোনো থানায় উন্মুক্ত দিবসের আলোচনা হলেও সমস্যার সমাধান তেমন হয় না। সাধারণত চাঁদাবাজি, ছিনতাই, মাদকের ব্যবহার ও বখাটেদের উৎপাত নিয়ে এলাকার সাধারণ মানুষ এবং ভুক্তভোগী মানুষ এই আলোচনায় অংশ নিয়ে প্রতিকার চাইতেন।জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এ কে এম শহীদুল হক প্রথম আলোকে বলেন, ওপেন হাউস ডে কোনো কমিটি নয়, যে কেউ চাইলে এতে অংশ নিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ ও সমস্যার বিষয়ে আলোচনা করতে পারেন। সরকারি দলের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, সরকারি দলের লোকজন সরকারকে সহযোগিতা করে, তাই পুলিশকে সহযোগিতা করতে তাঁরা থানায় বেশি আসেন।পুলিশের সাবেক মহাপরিদর্শক এএসএম শাহজাহান প্রথম আলোকে বলেন, উন্মুক্ত দিবসের আলোচনায় আসা লোকদের তালিকায় ক্ষমতাসীন দলের লোকদের অন্তর্ভুক্ত করা হলে সেটা ভুল হবে। তাহলে সাধারণ মানুষ আর অভিযোগ করতে আসবেন না। এটা দলীয়করণ হলে পুলিশের নিরপেক্ষতার বিষয়টি প্রশ্নবিদ্ধ হবে।ঢাকা মহানগর পুলিশের সূত্র জানায়, ২০০৭ সালে তৎকালীন পুলিশ কমিশনার নাইম আহমেদ (বর্তমানে পুলিশ স্টাফ কলেজের রেক্টর) ঢাকা মহানগরে উন্মুক্ত দিবস চালু করেন। এর লক্ষ্য ছিল, বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে এলাকার মানুষের এক হয়ে কাজ করা। অংশগ্রহণকারীরা মাসের একটি নির্ধারিত দিনে থানায় মিলিত হয়ে এলাকার অপরাধ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে পুলিশকে সহযোগিতা করেন।তৎকালীন পুলিশ কমিশনার নাইম আহমেদ প্রথম আলোকে বলেন, শুরুতে নগরবাসী এর সুফল পেয়েছিলেন। উন্মুক্ত দিবস চালুর পর অনেক এলাকার অপরাধ কমে গিয়েছিল।সাধারণ মানুষের অভিযোগ, শুরুতে উন্মুক্ত দিবসের আলোচনায় অরাজনৈতিক লোকদের ডাকা হলেও এখন তা হচ্ছে না। খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর শ্যামপুর থানায় সর্বশেষ উন্মুক্ত দিবসের অনুষ্ঠান হয় গত ২১ আগস্ট। এতে অংশ নেওয়া ২০ জনের মধ্যে ১৪ জনই আওয়ামী লীগের নেতা-কর্মী। এঁদের মধ্যে ছিলেন শ্যামপুর থানা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন, ৯০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী, ৯০ নম্বর ওয়ার্ড বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সিরাজুল হক তালুকদার।জানতে চাইলে শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, এ তালিকা করেন থানার অপারেশন কর্মকর্তা। তবে এতে সব ধরনের লোকদের রাখার চিন্তাভাবনা করা হচ্ছে।একইভাবে গত জুনে কদমতলী থানায় ওপেন হাউস ডে-তে অংশ নেওয়া ১৬ জনের মধ্যে ১৫ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থক। এঁদের মধ্যে কদমতলী থানা আওয়ামী লীগের সদস্য আবদুল মান্নান, এস এম ওয়াসিউদ্দিন, আনোয়ার হোসেন ভূঁইয়া, আবুল কাশেম সরকার, এ কে এম আবদুল বারী, আমিন আহমেদ খান উল্লেখযোগ্য।শাহ আলী থানায় গত ১৫ মে অনুষ্ঠিত উন্মুক্ত দিবসের আলোচনায় অংশ নেওয়া ১০ জনের মধ্যে আটজন আওয়ামী লীগের নেতা-কর্মী। এঁদের মধ্যে ছিলেন মিরপুর থানা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক এম এ হামিদ, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, একই ওয়ার্ডের সদস্য মহসীন খান।কাফরুল থানায় উন্মুক্ত দিবসের অংশগ্রহণকারীর তালিকায় আছেন ৩৭ জন। এতে থানা আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াস শাহ, ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাগর মিয়া এবং ১৫ নম্বর ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমানের মতো অন্তত ৩০ জন নেতা-কর্মী-সমর্থক রয়েছেন। মহানগরের ৪১ থানায়ও একই রকম চিত্র বলে জানা গেছে।১৫ নম্বর ওয়ার্ডের ইউনিট আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, উন্মুক্ত দিবসের আলোচনার জন্য কাফরুল থানায় নতুন করে তালিকা করা হয়। এ তালিকায় আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।পল্লবীর ব্যবসায়ী হারেছ আহমেদ জানান, আগে বাসায় বাসায় চিঠি পাঠিয়ে উন্মুক্ত দিবসের আলোচনায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ করা হতো, কিন্তু সাত-আট মাস ধরে তিনি চিঠি পাননি।গুলশান থানায় উন্মুক্ত দিবসের আলোচনায় নিয়মিত অংশ নিতেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আশরাফুল হুদা। তিনি প্রথম আলোকে বলেন, এক বছর ধরে তিনি চিঠি পাননি বলে আর আলোচনায় যান না।পল্লবীর মুসলিম বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ বলেন, তিনিও এখন আর উন্মুক্ত দিবসের আলোচনায় ডাক পান না। ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, ডুইপ প্লট এলাকায় সন্ধ্যার পর থেকে ছিনতাই শুরু হয়। আগে খবর দিলেই পুলিশ আসত। এখন পুলিশকে আনতে হলে আওয়ামী লীগের নেতাদের কাছে ধরনা দিতে হয়।মিরপুর থানার ওপেন হাউস ডের বর্তমান কমিটিতে আছেন (দক্ষিণ পীরেরবাগ) মুক্তি হাউজিংয়ের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান। তিনি জানান, আগে ওপেন হাউস ডে-তে আলোচনার পর দ্রুত প্রতিকার পাওয়া যেত। এখন দলীয় লোকদের প্রাধান্য দেওয়া হচ্ছে।কদমতলী থানায় আয়োজিত এই আলোচনায় অংশ নেওয়া যুবলীগের নেতা আহসানউল্লাহ জানান, উন্মুক্ত দিবসের আলোচনার পর সমস্যা সমাধানে পুলিশের তৎপরতা নেই।এসব অভিযোগের জবাবে পুলিশ কমিশনার শহীদুল হক বলেন, এত মানুষকে চিঠি দিয়ে থানায় আনা পুলিশের পক্ষে সম্ভব নয়। আগে যাঁরা উন্মুক্ত দিবসের আলোচনায় অংশ নিয়েছেন, এখন তাঁরা কেন যান না, তা তিনি জানেন না।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক আইজিপি এএসএম শাহজাহান প্রথম আলোকে বলেন, সব পেশার মানুষের অংশগ্রহণে উন্মুক্ত দিবসের আলোচনা হবে, এটাই স্বাভাবিক। তিনি মনে করেন, অন্যায়ের বিরুদ্ধে সবাই থানায় এসে কথা বললে এবং পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকলেও খোলামেলা আলোচনা হলে পুলিশের কাজে স্বচ্ছতা আসবে।