থানার জানালায় বিব্রত সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ঘোনাপাড়া গ্রামের এক কলেজছাত্রী সাভারে এসে ধর্ষণের শিকার হয়েছেন—এমন অভিযোগে করা মামলার তদন্তে গিয়ে ঘটনার সত্যতা নিয়ে সন্দিহান হয়ে পড়েছে পুলিশ। ঘটনার যে ভিডিওচিত্র তারা জব্দ করেছে, তা থেকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। মামলায় ‘ধর্ষিতার’ এক বান্ধবীকে দুই দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। কিন্তু তরুণীটিকে রাখা হয়েছে থানার কর্তব্যরত কর্মকর্তার কক্ষে। গতকাল গিয়ে দেখা যায়, হাতকড়া পরিয়ে কক্ষের জানালার সঙ্গে তাঁকে আটকে রাখা হয়েছে। ব্যক্তিগত কাজে আসা লোকজন মেয়েটিকে দেখছে, নানা প্রশ্ন করছে। বিব্রতবোধ মেয়েটি মাথা নিচু করে, মুখ লুকিয়ে সেসব সহ্য করছেন। এ দৃশ্য দেখে থানায় আসা অনেকেও বিব্রত।নিয়ম অনুযায়ী, কাউকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে আনা হলে তাকে থানার হাজতে রাখার কথা। পুলিশ বলছে, নারী বলে তাঁকে হাজতে রাখা হয়নি।মামলায় অভিযোগ করা হয়, মেয়েটি ধর্ষণের শিকার হন গত বছরের ২৫ নভেম্বর। সেদিন আটক হওয়া এই তরুণী তাঁকে বেড়ানোর কথা বলে সাভারে নিয়ে আসেন। দুজনই সিঙ্গাইরের একটি কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী। সাভারে আসার পর তরুণীটি তাঁর অসুস্থ ফুফুকে দেখার কথা বলে মেয়েটিকে (ধর্ষিতা) সাভার পৌরসভার ব্যাংক কলোনি এলাকার মান্নান ভিলার পাঁচতলার একটি ফ্ল্যাটে ঢুকিয়ে দিয়ে চলে যান। ফ্ল্যাটটিতে কয়েকজন তরুণ ভাড়া থাকেন। মামলায় অভিযোগ করা হয়, এঁদের মধ্যে জাহিদুল ইসলাম মেয়েটিকে ধর্ষণ করেন। অন্যরা তাঁকে সহায়তা করেন এবং ভিডিওচিত্র ধারণ করেন। জাহিদ সাভার কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।ঘটনার প্রায় দেড় মাস পর ৩ জানুয়ারি মেয়ের মা বাদী হয়ে মামলা করেন। মামলায় মেয়েটির বান্ধবীসহ জাহিদুল ইসলাম, শাহীন, সুজন, শামীম, আলিম, মাসুদ, লুৎফর ও দানেশ নামের নয়জনকে আসামি করা হয়। দানেশ ছাড়া বাকিরা বিভিন্ন কলেজের ছাত্র। পুলিশ মেয়েটির বান্ধবীসহ জাহিদ ও দানেশকে গ্রেপ্তার করে। সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয় মহিদুল, রায়হান ও ওয়াসিম নামের তিনজনকে।গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে ৪ জানুয়ারি মেয়েটির বান্ধবীসহ দানেশ, মহিদুল ও রায়হানকে চার দিনের পুলিশি রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। গত মঙ্গলবার পাঁচ দিনের রিমান্ডে আনা হয় মামলার প্রধান আসামি জাহিদকে। গত বৃহস্পতিবার দ্বিতীয় দফায় রিমান্ডে আনা হয় আটক তরুণী ও দানেশকে। আজ রোববার তাঁদের আদালতে হাজির করার কথা। রিমান্ডে আনার পর অন্যদের থানাহাজতে রাখা হয়। তরুণী আসামিকে দুই দফায় থানার কর্তব্যরত কর্মকর্তার কক্ষে হাতে হাতকড়া পরিয়ে একটি জানালার সঙ্গে আটকে রাখা হয়। গতকাল শনিবার দুপুরেও সাভার থানায় গিয়ে একই দৃশ্য দেখা যায়। কর্তব্যরত কর্মকর্তা তাহমিনা বেগম জানান, রিমান্ডের আসামি হওয়ায় নিরাপত্তার জন্য তাঁকে হাতকড়া দিয়ে আটকে রাখতে হয়েছে।আটক তরুণী প্রথম আলোকে বলেন, ‘জানালার সঙ্গে হাত বাঁধা অবস্থায় সারা দিন বসে থাকা যে কত কষ্টের, তা অন্য কারও বোঝার সাধ্য নেই। বুঝলে বিনা অপরাধে আমাকে বারবার রিমান্ডে এনে এতে কষ্ট দেওয়া হতো না, এত অপমান করা হতো না।’ঘটনার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাইলে তরুণী বলেন, ‘আমি জাহিদুলকে (প্রধান আসামি) চিনি না। তবে বাদীর মেয়ে আমার বান্ধবী। আমি ওই দিন তার (বান্ধবী) সঙ্গে সাভারে এলেও ব্যাংক কলোনির ওই ফ্ল্যাটে যাইনি। আমাকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে।’মামলার তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্ত ও অভিযুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনার সঙ্গে গ্রেপ্তার হওয়া তরুণীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি।তাহলে তাঁকে দ্বিতীয়বার রিমান্ডে আনা হলো কেন—জানতে চাইলে তদন্ত কর্মকর্তা বলেন, ঘটনার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার বিষয়টি আরও খতিয়ে দেখতে আবার রিমান্ডে আনা হয়েছে।যোগাযোগ করা হলে ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, রিমান্ডে আনা হলে নিয়ম অনুযায়ী থানার হাজতে রাখার কথা। কিন্তু অনেক সময় ভালোর জন্য অনেককে হাজতের বাইরেও বসিয়ে রাখা হয়। তবে এ সময় বন্ধনহীন রাখা নিরাপদ না হলে তাকে হাতকড়া পরিয়ে রাখতে হয়।পুলিশ সূত্রের দাবি, ‘ধর্ষিতা’ কলেজছাত্রীটির সঙ্গে মুঠোফোনে জাহিদের সম্পর্ক গড়ে ওঠে। ওই সূত্র ধরে মেয়েটি একাধিকবার সাভারে এসে জাহিদের সঙ্গে দেখা করেছেন। রিমান্ডে জাহিদ এমন তথ্য দিয়েছেন বলে সূত্রের দাবি।একই সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে জাহিদ দাবি করেছেন, ঘটনার দিন আটক তরুণী তাঁর বাসায় যাননি। তবে ‘ধর্ষিতা’ মেয়েটির সঙ্গে আগে এই তরুণীকে তিনি দেখেছেন।জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, ঘটনার দিন তরুণীটি তাঁর বান্ধবীর সঙ্গে বাড়ি থেকে বের হলেও তিনি সাভারে আসেননি। নিজের কাজে হেমায়েতপুরে বাস থেকে নেমে যান।জিজ্ঞাসাবাদের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র দাবি করে, ব্যাংক কলোনির ওই ফ্ল্যাটে যা হয়েছে, তা সমঝোতার ভিত্তিতে হয়েছে বলে মনে হচ্ছে। এ সময় জাহিদ তাঁর মুঠোফোনে যে ভিডিও ধারণ করেছিলেন, তা পুলিশ উদ্ধার করেছে। ভিডিওচিত্রে তাঁরা দুজনই একে অপরকে বিয়ের অনুরোধ জানিয়েছেন। দুজনই পরস্পরকে বিয়ে করবেন বলে আশ্বস্তও করেছেন।একাধিক সূত্র জানায়, ভিডিওচিত্রটি পরে জাহিদের বন্ধু ও অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে। সেখান থেকে বিষয়টি জানাজানি হলে মেয়ের মা ঘটনার দেড় মাস পর মামলা করেন।তদন্ত কর্মকর্তা বলেন, ভিডিওচিত্র দেখে ধর্ষণের জোরালো প্রমাণ পাওয়া না গেলেও কী উদ্দেশ্যে ভিডিও ধারণ করা হয়েছে এবং কেনই বা তা অন্যদের মধ্যে ছড়ানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।জানতে চাইলে আইনজীবী তানজীব উল আলম প্রথম আলোকে বলেন, পর্নোগ্রাফি প্রতিরোধ আইন (২০১২) অনুযায়ী, পারস্পরিক সম্মতিতেও যদি এ ধরনের ভিডিও ধারণ করা হয়, তবে তা আইনের চোখে শাস্তিযোগ্য অপরাধ। আর এ ধরনের ভিডিও প্রচার করা দ্বিতীয় অপরাধ। এর জন্য সাত বছরের শাস্তি ও দুই লাখ টাকা জরিমানার বিধান আছে। এই আইনজ্ঞ আরও বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে এ ধরনের সম্পর্ক স্থাপন নারী ও শিশু নির্যাতন দমন আইনেও শাস্তিযোগ্য অপরাধ।