থানার পাশে এসআইদের নিজস্ব অফিস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থানায় বসে বাদী, বিবাদীপক্ষের কথা শোনা ও মামলার নথি প্রস্তুত করা পুলিশের কাজের মধ্যে পড়লেও রাজধানীর অদূরে আশুলিয়া থানার চিত্রটা একটু ভিন্ন।এই থানার কর্মকর্তারা বিশেষ করে, উপপরিদর্শকেরা (এসআই) অফিস করেন থানার পাশে ছোট ছোট অন্তত ২০টি ঘর ভাড়া নিয়ে। মামলা, অভিযোগপত্র (চার্জশিট), চূড়ান্ত প্রতিবেদন—কিছুই তাঁরা লেখেন না। এসব লেখেন তাঁদের নিয়োগ করা কিছু লোক, লোকে যাদের ‘রাইটার’ হিসেবে চেনে। যদিও নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারই এসব লেখার কথা।তবে একাধিক সূত্র থেকে অভিযোগ করা হয়, আশুলিয়া থানা এলাকায় জমি দখলকে কেন্দ্র করে বিরোধের ঘটনাই বেশি। থানার অনেক কর্মকর্তাই কোনো পক্ষের হয়ে জমির দখল এবং দখল করে দেওয়া জমি দখলমুক্ত করার পাশাপাশি থানায় ডেকে এনে আপস-মীমাংসার কাজও করে থাকেন। আর এসব কাজের জন্যই তাঁরা ব্যক্তিগতভাবে অফিস নিয়েছেন।ব্যক্তিগত অফিসে অর্থের বিনিময়ে জমি নিয়ে দেনদরবার: গত ৬ আগস্ট বেলা সাড়ে তিনটায় আশুলিয়া থানায় গিয়ে দেখা গেল, পাশে আধা পাকা ভবনের একটি কক্ষে বসে লোকজনের সঙ্গে কথা বলছেন উপপরিদর্শক কাজী খায়রুল আলম। ওই কর্মকর্তার ভাষ্যমতে, থানায় বসার জায়গা না থাকায় তাঁর ভাড়া করা কক্ষে অফিস করেন তিনি।এসব অফিসে বসে অর্থের বিনিময়ে জমিজমা নিয়ে দেনদরবার হয় বলে অভিযোগ আছে। ২০০১ সালে আশুলিয়ার বাইপাইল মৌজার দক্ষিণ গাজীরচট এলাকা থেকে ১৮ বিঘা জমি কেনেন ঢাকার একটি শিল্পপ্রতিষ্ঠানের আল মামুন গ্রুপের চেয়ারম্যান রহিম খান ও তাঁর স্ত্রী রুমী আক্তার। অভিযোগ মতে, গত বছরের নভেম্বর মাসে সেখান থেকে এক একর জমি দখল করে নেন ইসমাইল হোসেন নামের এক ব্যক্তি।আল মামুন গ্রুপের পরিচালক মামুন হোসেন খানের ভাষ্যমতে, বৈধ কাগজপত্র থাকার পরও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলামের নির্দেশে এসআই সাহাদত হোসেন পুলিশ নিয়ে গিয়ে ওই জমি দখলে সহায়তা করেন। মোটা অঙ্কের টাকার বিনিময়ে পুলিশ এই অনৈতিক কাজে সহায়তা করে বলে তিনি অভিযোগ করেন।মামুন হোসেন খানের অভিযোগ, আশুলিয়া থানার আশপাশে রয়েছে থানার কর্মকর্তাদের অফিস। এসব অফিসে মূলত জমিসংক্রান্ত জটিলতার দেনদরবারই চলে। তাঁদের জমিটি বেদখল হওয়ার পর তিনি একাধিকবার আশুলিয়া থানার এসআই সাহাদত হোসেনের ভাড়া করা অফিসে বসেছেন, সহায়তা চেয়েছেন। কিন্তু জমির বৈধ কাগজপত্র থাকার পরও তাঁদের কাছে দাবি করা হয়েছে মোটা অঙ্কের টাকা। টাকা দিতে রাজি না হওয়ায় পুলিশ অবৈধ দখলদারের পক্ষ নেয়।এসআই সাহাদত হোসেন অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেন। আর ওসি সিরাজুল ইসলাম এসআই সাহাদত হোসেনকে জমি দখলে সহায়তা করতে নির্দেশ দেওয়ার কথা স্বীকার করেননি।আশুলিয়ার দক্ষিণ গাজীরচটের বাসিন্দা মো. চান মিয়া অভিযোগ করেন, থানার আশপাশে এসআইদের একেকটি অফিস যেন একেকটি দুর্নীতির আখড়া। এসব অফিসে বসে মূলত জমিসংক্রান্ত জটিলতা নিয়ে দেনদরবার হয়, ঘুষ লেনদেন হয় প্রকাশ্যে।আশুলিয়া থানা থেকে সদ্য বদলি হওয়া এসআই রফিকুল ইসলাম জানান, তিন তলা থানা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা ওসিসহ কর্মকর্তা ও কনস্টেবলদের ব্যারাক। নিচ তলায় বসার মতো পরিবেশ নেই। বাধ্য হয়েই তাঁদের থানার আশপাশে অফিস ভাড়া নিতে হয়েছে। এসব অফিস ভাড়া নিতে জামানত হিসেবে ভবনের মালিককে এককালীন দিতে হয়েছে ১৫ থেকে ২০ হাজার টাকা। আর প্রতিটি কক্ষের মাসিক ভাড়া দিতে হয় দেড় থেকে দুই হাজার টাকা।মামলা লেখেন রাইটাররা: আশুলিয়া থানা সূত্র জানায়, সাভার পৌরসভাসহ ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত সাভার উপজেলার পুরোটাই একসময় সাভার থানার অন্তর্ভুক্ত ছিল। কিন্তু পোশাক কারখানার শ্রমিক-অসন্তোষ আর অধিক জনবলের দিক দিয়ে গুরুত্বপূর্ণ বিবেচনায় ইয়ারপুর, শিমুলিয়া, ধামসোনা, পাথালিয়া ও আশুলিয়া—এই পাঁচ ইউনিয়ন নিয়ে ২০০৫ সালের ৭ ডিসেম্বর বাইপাইলের একটি ভাড়া বাড়ি থেকে শুরু হয় আশুলিয়া থানার যাত্রা। আজও ওই বাড়িতেই চলছে থানার কার্যক্রম।গত ৪ আগস্টের হিসাব অনুযায়ী আশুলিয়া থানায় কর্মরত এসআইয়ের সংখ্যা ছিল ১৮, পিএসআই চারজন আর সুবেদার একজন। এ ছাড়া ওই দিন পর্যন্ত কর্মরত এএসআইয়ের সংখ্যা ছিল ১১। যদিও ঢাকা মহানগরের বাইরে প্রতিটি থানায় এসআইয়ের পদের সংখ্যা ১২। এসব কর্মকর্তার দাপ্তরিক কাজ পরিচালনার জন্য সরকারিভাবে তিন তলা একটি ভবন ভাড়া নেওয়া হলেও ওসি, পরিদর্শক (তদন্ত) আর অপারেশন কর্মকর্তা ছাড়া আর কোনো কর্মকর্তা ওই ভবনে বসেন না।আশুলিয়া থানা ভবনের উত্তর, পশ্চিম ও পূর্ব দিকে পাকা ও আধা পাকা ভবনের নিচ তলায় ছোট ছোট অন্তত ২০টি কক্ষ ভাড়া নিয়ে অফিস হিসেবে ব্যবহার করছেন এসআইরা। এসআই ও তাঁদের রাইটাররা কাজ করেন পাশাপাশি চেয়ারে বসে।একজন রাইটার নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, তিন বছরেরও বেশি সময় ধরে তিনি আশুলিয়া থানার এসআইদের রাইটার হিসেবে কাজ করছেন। বর্তমানে দুজন এসআইয়ের মামলা লেখার দায়িত্ব তাঁর। এ কাজ করে তিনি ওই কর্মকর্তাদের কাছ থেকে মাসে গড়ে পাঁচ থেকে সাত হাজার টাকা বেতন পাচ্ছেন।ওই রাইটার জানান, বর্তমানে আশুলিয়া থানায় পারভেজ, শফিক, টুটুল, সালেক, নজরুল, আলমাস, শরীফ, সাইদুল, দুলাল, মুখলেছ, হানিফ, ফারুক ও আবদুল গনি নামের ১৩ জন রাইটার রয়েছেন।পুলিশের একাধিক কর্মকর্তার ভাষ্যমতে, মামলাসংক্রান্ত যাবতীয় তদন্ত ও নথিপত্র লেখার দায়িত্ব সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের। তদন্ত কর্মকর্তা ভিন্ন অন্য কোনো ব্যক্তি তা করতে পারেন না।আশুলিয়া থানার এসআই কাজী খায়রুল আলমের বক্তব্যমতে, আশুলিয়া একটি ব্যস্ততম থানা। থানাটিতে প্রায় ৪০ জন কর্মকর্তা থাকলেও তাঁদের রাতদিন নানা কাজে ব্যস্ত থাকতে হয়। এ কারণে তাঁদের পক্ষে অভিযোগপত্র ও চূড়ান্ত প্রতিবেদনসহ মামলাসংক্রান্ত যাবতীয় লেখালেখির কাজ করা সম্ভব হয়ে ওঠে না। তাই তদন্তকাজ ছাড়া মামলাসংক্রান্ত সব কাজ করানো হয় রাইটার দিয়ে।হিসাব মেলে না: আশুলিয়া থানার এসআই ইলিয়াচুর রহমানের মাসিক বেতন ১৬ হাজার টাকার মতো। অথচ তাঁর রাইটারের বেতন মাসে পাঁচ হাজার টাকা, আর অফিস ভাড়া দুই হাজার টাকা।আর এসআই কাজী খায়রুল আলমের বেতনও ১৫ থেকে ১৬ হাজার টাকার মধ্যে। তাঁকেও মাসের শেষে রাইটারের বেতন আর অফিস ভাড়া পরিশোধ করতে হয়।কত বেতন পান জানতে চাইলে এ দুজন কর্মকর্তা বলেন, ‘কত আর পাব, এই ধরেন ১৫ থেকে ১৬ হাজার টাকার মধ্যে।’যে বেতন পান তা থেকে রাইটারের বেতন ও অফিস ভাড়া পরিশোধ করতেই তো অর্ধেক টাকা চলে যায়, সংসার চলে কীভাবে—এ প্রশ্নের জবাবে এসআই ইলিয়াচুরের সহজ স্বীকারোক্তি, ‘কোনো রকমে চলে যায়। আর এদিক-ওদিক কিছু হয়।’তবে এসব অফিসে বসে অর্থের বিনিময়ে কোনো পক্ষের হয়ে জমি দখল ও দখল করা জমি দখলমুক্ত করার অভিযোগটি সরাসরি অস্বীকার করলেন এসআই মো. ইলিয়াচুর রহমান। সরকারই তাঁদের বসার ব্যবস্থা করছে না, এ রকম দাবি করে তিনি বলেন, ‘সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পাওয়ার পরই কাজের পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব সরকারের। একজন কর্মকর্তা কোথায় বসে কাজ করবেন, তা নিশ্চিত করবে সরকারই। কিন্তু আশুলিয়া থানায় এই চিত্র ভিন্ন। সরকারিভাবে ভাড়া নেওয়া ভবনে জায়গা না থাকায় সরকার ও জনগণের স্বার্থে আমাদের বেতনের টাকায় অফিস ভাড়া করতে হয়েছে।’পুলিশ সুপার বলেন: আশুলিয়া থানার এই অনিয়মের বিষয়গুলো সম্পর্কে ঢাকার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, থানায় এসআইদের রাইটার রাখার কোনো বিধান নেই। বিভিন্ন সময় চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। আশুলিয়া থানার কোনো কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের কোনো প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।পুলিশ সুপার বললেন, থানা ভবনের বাইরে ব্যক্তিগতভাবে অফিস নিয়ে কোনো কর্মকর্তার কাজ করার কথা নয়। কর্মকর্তাদের কাজের জন্য সরকারিভাবে আশুলিয়ায় অফিস ভাড়া নেওয়া হয়েছে। এর পরও কোনো কর্মকর্তা ব্যক্তিগতভাবে অফিস নিয়ে থাকলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।