থানার পাশে বোমার বিস্ফোরণ ঘটিয়ে ২৭ লাখ টাকা ছিনতাই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে বোমার বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা একটি ব্যবসাপ্রতিষ্ঠানের ২৭ লাখ টাকা ছিনতাই করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে শহরের এম কে সড়কে কোতোয়ালি থানাসংলগ্ন পূবালী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।এ ঘটনায় স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান করিম গ্রুপের জ্যেষ্ঠ ব্যবস্থাপক আবদুল হান্নান গতকাল কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এতে বলা হয়, যশোর শহর ও শহরতলিতে করিম গ্রুপের আটটি পেট্রলপাম্প রয়েছে। গত শুক্র ও শনিবার পাম্পগুলোতে ২৭ লাখ টাকার তেল বিক্রি হয়। করিম গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক মশিউর রহমান ও ক্যাশিয়ার মোহম্মদ আলী ওই টাকা জমা দেওয়ার জন্য একটি মোটরসাইকেলে করে শহরের কারবালা এলাকার কার্যালয় থেকে এম কে সড়কে পূবালী ব্যাংকে যান। ব্যাংকের সামনে পৌঁছানোর পর মশিউর রহমান মোটরসাইকেল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। মোহাম্মদ আলী টাকার ব্যাগ নিয়ে ভবনের সিঁড়ি দিয়ে দোতলায় ব্যাংকে প্রবেশ করছিলেন। এ সময় সিঁড়িতে আগে থেকে অবস্থান করছিলেন চার যুবক। আর রাস্তায় তিনটি মোটরসাইকেল নিয়ে অপেক্ষমাণ ছিলেন তিন যুবক। মোহাম্মদ আলী সিঁড়িতে ওঠার পরপরই তিন যুবক পিস্তল ঠেকিয়ে মোহাম্মদ আলীর কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেন। এরপর ওই যুবকেরা নেমে গিয়ে একটি বোমার বিস্ফোরণ ঘটান। পরে তিনটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান ছিনতাইয়ের সঙ্গে জড়িত সাত যুবক।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে একটি বোমা বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য করিম গ্রুপের ক্যাশিয়ার মোহাম্মদ আলীকে থানায় আনা হয়েছে।টাকা উদ্ধারের দাবিতে গতকাল সন্ধ্যা ছয়টা থেকে আজ সোমবার ভোর ছয়টা পর্যন্ত যশোর সদর উপজেলার ২৭টি পেট্রলপাম্প বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির যশোর শাখার সভাপতি মুজিবুর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন।মুজিবুর রহমান জানান, ১ মের মধ্যে টাকা উদ্ধার না হলে ২ মে থেকে অনির্দিষ্টকালের জন্য খুলনা বিভাগের সব পেট্রলপাম্পে ধর্মঘট পালন করা হবে। এ ছাড়া ছিনতাইয়ের প্রতিবাদে গতকাল দুপুর দেড়টার দিকে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে চেম্বার কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।চেম্বারের সভাপতি মিজানুর রহমান বলেন, পুলিশের নাকের ডগা থেকে করিম গ্রুপের ২৭ লাখ টাকা ছিনতাই হয়েছে। ব্যবসায়ীরা ছিনতাই-আতঙ্কে রয়েছেন। ওই টাকা উদ্ধার করতে এবং ব্যবসায়ীদের নিরাপত্তা দেওয়ার জন্য তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।