থানার পাশের বাড়িতে নির্বিঘ্নে চুরি ও অগ্নিসংযোগ
রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার পাশের একটি বাড়িতে চুরির পর অগ্নিসংযোগ করে নির্বিঘ্নে পালিয়ে গেছে দুষ্কৃতকারীরা। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।ঘটনাটি ঘটেছে নগরের বোয়ালিয়া মডেল থানা থেকে মাত্র ২০০ গজ দূরে সাগরপাড়া এলাকায়। বাড়ির মালিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক রঞ্জিত কুমার বিশ্বাসের স্ত্রী মালবিকা বিশ্বাস জানান, তিনতলা বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটটি ভাড়া নিয়েছেন তাঁর ভাই বিলাশ ঘোষ। তবে বিলাশ ঘোষ সেখানে থাকেন না। তাঁর শ্যালিকা পলি ঘোষ সেই ফ্ল্যাটে থেকে রাজশাহী কলেজে পড়াশোনা করেন। আট দিন ধরে পলি ঘোষও বাড়িতে ছিলেন না। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে দোতলার ওই ফ্ল্যাট থেকে ধোঁয়া বের হতে থাকে। এরপর বাড়ির লোকজন দমকল বাহিনীকে খবর দেন। দমকল বাহিনীর লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনার পর দোতলার ঘরগুলোতে ঢুকে দেখেন, ঘরের সব জিনিসপত্র আগুনে পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, চোরের দল দোতলার ভেন্টিলেটর ভেঙে ঘরের ভেতরে ঢুকেছে। এরপর তারা ঘরের মালামাল চুরি করে আগুন লাগিয়ে পালিয়ে যায়। আগুনে ঘরের মধ্যে থাকা বিছানা ও পড়ার টেবিল-চেয়ারসহ বই পুড়ে যায়। তবে ভাড়াটে পলি ঘোষ উপস্থিত না থাকায় কত টাকার জিনিসপত্র চুরি হয়েছে, তা আজ শুক্রবার পর্যন্ত জানা যায়নি।বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন বলেন, চুরির পর আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাড়ির মালিক রঞ্জিত কুমার বিশ্বাস একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, একের পর এক এ ধরনের ঘটনা ঘটলেও এর কোনো সূত্র পাওয়া যাচ্ছে না।বোয়ালিয়া থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সব মিলে গত ছয় মাসে একই কায়দায় রাজশাহীতে ৩৭টি চুরির ঘটনা ঘটল। তবে এসব ঘটনার সঙ্গে জড়িত কাউকে এ পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এদিকে একের পর এক এ ধরনের চুরির ঘটনায় নগরজুড়ে সাধারণ লোকজনের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।