থানায় এএসপি নিয়োগ আপাতত হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের থানাগুলোয় ওসি পদে সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) নিয়োগের সিদ্ধান্ত আপাতত হচ্ছে না। প্রতিটি থানায় দুজন করে পরিদর্শক নিয়োগ শেষ হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এক মাসের মধ্যেই প্রতিটি থানায় দুজন করে পরিদর্শক নিয়োগ দেওয়া শুরু হবে। আজ বুধবার পুলিশ সদর দপ্তরে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদের সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, থানাগুলোতে ওসি পদে এএসপি নিয়োগের বিষয়টি আপাতত কার্যকর হচ্ছে না। বিষয়টি পরে কার্যকর করা হবে। সূত্র জানায়, ৫ আগস্ট পুলিশ বাহিনীর নীতিনির্ধারণী গ্রুপের (পলিসি গ্রুপ) এক বৈঠকে সিদ্ধান্ত হয়, দেশের সব থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে পরিদর্শকদের বদলে সহকারী পুলিশ সুপারদের (এএসপি) নিয়োগ করা হবে। প্রথম পর্যায়ে ঢাকা মহানগরের সব থানায় ও পরবর্তী সময়ে অন্য মহানগরে এ ব্যবস্থা কার্যকর করা হবে। এরপর জেলাগুলোতেও এএসপিদের নিয়োগ করা হবে। এ জন্য ঢাকা মহানগরের সব থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে এএসপিদের নিয়োগ দেওয়ার জন্য মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশও দেওয়া হয়। পুলিশ কর্মকর্তারা জানান, পুলিশের নীতিনির্ধারণী গ্রুপে এ নিয়ে আলোচনা হলেও বাহিনীর ভেতরে বিষয়টি নিয়ে নানা প্রশ্ন ওঠে। এ কারণে আজ কর্মকর্তারা এ নিয়ে বৈঠকে বসেন।পুলিশ কর্মকর্তারা জানান, দেশের সব থানায় দুজন করে পরিদর্শক নিয়োগ করা হবে। এদের একজন অপারেশন ও অন্যজন আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবেন। দুজনের মধ্যে যিনি জ্যেষ্ঠ হবেন, তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। এক মাসের মধ্যে দুজন করে ইন্সপেক্টর নিয়োগ দেওয়ার কাজ শুরু হবে। এতে করে থানায় পুলিশ কর্মকর্তাদের কাজের চাপ কমে যাবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।