থানায় প্রাণ বাঁচানোর আকুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা থানায় আজ বুধবার দুপুরে এক ব্যক্তি গিয়ে তাঁর প্রাণ বাঁচানোর আকুল আবেদন জানান। এ সময় তাঁর শরীরে আঘাতের চিহ্ন ছিল। তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।ওই ব্যক্তির সঙ্গে থাকা পরিচয়পত্র থেকে জানা যায়, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক নূরউদ্দিন।দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন প্রথম আলো ডটকমকে জানান, আজ বেলা পৌনে একটার দিকে থানায় এসে তাঁকে বাঁচানোর আকুতি জানান নূরউদ্দিন। তিনি দাবি করেন, ৭ মে তাঁকে ঢাকার উত্তরা থেকে অপহরণ করা হয়। তিনি আরও বলেন, চেতনানাশক কিছু খাওয়ানোর ফলে তিনি অজ্ঞান হয়ে যেতে পারেন।উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সা কর্মকর্তা সুবল জ্যোতি চাকমা জানান, শিক্ষক নূরউদ্দিনের শরীরে ছয়টি আঘাতের চিহ্ন রয়েছে। এগুলো ব্লেড দিয়ে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাঁর জ্ঞান ফিরেছে। তবে তিনি আবোল-তাবোল বকছেন। চিকিত্সা চলছে।এদিকে মো. নূরউদ্দিন নিখোঁজ হওয়ার পর এ বিষয়ে গাজীপুরের টঙ্গী ও ঢাকার শাহবাগ থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর এক ছাত্র।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী গতকাল প্রথম আলো ডটকমকে বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।’রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্ররা জানান, গত সোমবার রাত সাড়ে ১০টায় নূরউদ্দিন তাঁর মুঠোফোন থেকে এনামুল হক নামের এক ছাত্রকে একটি খুদে বার্তা পাঠান। তাতে লেখা ছিল, ‘আমাকে এরা কিডন্যাপ করে বন্দী করে রেখেছে। প্লিজ ডু সামথিং ফর মি।’রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সপ্তম সেমিস্টারের ছাত্র এনামুল হক বলেন, ওই রাতেই বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানানো হয়। পরের দিন নূরউদ্দিনের আজমপুরের বাসায় গিয়েও তাঁকে পাওয়া যায়নি। পরে তিনি টঙ্গী থানায় জিডি করেন। রাতে শাহবাগ থানায় আরেকটি জিডি করেন।