থানায় পড়ে থেকে নষ্ট হচ্ছে জব্দ করা গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডি থানা প্রাঙ্গণে অনেকখানি জায়গা দখল করে দাঁড়িয়ে আছে বিলাসবহুল গাড়ি দুটি। একটি ইনফিনিটি ও একটি রেঞ্জ রোভার। তবে শরীরে জমেছে পুরু ধুলোর স্তর। হাওয়া ফুরিয়ে বসে গেছে চাকাগুলো। প্রায় তিন বছর ধরে রোদ-বৃষ্টি সয়ে ধাতব অংশগুলোতে মরচে পড়ে গেছে।গাড়ি দুটির একটি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী ও অন্যটি দলটির জ্যেষ্ঠ নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি ও কথিত অবৈধ সম্পদবিরোধী অভিযানের অংশ হিসেবে অনেক দামি গাড়ির সঙ্গে আটক করা হয়েছিল এগুলো। মামলা নিষ্পত্তি না হওয়ায় গাড়িগুলোর আজ এই দশা।রাজধানীর থানাগুলোতে এভাবে দিনের পর দিন পড়ে থেকে নষ্ট হচ্ছে বহু যান্ত্রিক-অযান্ত্রিক গাড়ি। মামলা নিষ্পত্তি না হওয়া, মালিক খুঁজে না পাওয়া, খুঁজে পেলেও বেশি রকম ক্ষতিগ্রস্ত হওয়ায় ফেরত নিতে তাঁদের অনীহা—এসব কারণে গাাড়িগুলো থানায় পড়ে থাকে।পুলিশ কর্মকর্তারা বলছেন, এর ফলে একে তো সম্পদের ক্ষতি হচ্ছে, অন্যদিকে নষ্ট হচ্ছে থানার সৌন্দর্য ও পরিবেশ। বড় সমস্যাটি হলো, থানা প্রাঙ্গণের বিশাল একটা জায়গা গাড়িগুলোর দখলে থাকায় পুলিশের কার্যক্রমে বিঘ্ন ঘটছে। তা ছাড়া গাড়ি কিংবা এর কোনো অংশ যাতে খোয়া না যায় তা নিশ্চিত করতে বাড়তি নজরদারির প্রয়োজন হয়। কর্মকর্তাদের মতে, সব মিলিয়ে গাড়িগুলো এখন সব থানার জন্যই কমবেশি বোঝা।ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘এ এক কঠিন বোঝা। এগুলো গেলাও যাচ্ছে না, গেলানোও যাচ্ছে না।’এই থানার একজন পুলিশ কর্মকর্তা নাম না প্রকাশের অনুরোধ করে বলেন, ‘এমনিতেই গাড়িগুলো নষ্ট হচ্ছে। কিন্তু কোনো সময় যদি গাড়ির কোনো অংশ খোয়া যায় কিংবা চুরি হয়, তাহলে তার দায়ভার পুলিশের কাঁধেই পড়বে। এটা অন্য ধরনের এক ঝামেলা।’মিরপুর থানায় ঢুকলেই দেখা যায়, পেছনের দিকে যত্রতত্র পড়ে আছে অনেক ভাঙা ও পুরোনো গাড়ি। গত এপ্রিল পর্যন্ত এ থানার জব্দ করা গাড়ির সংখ্যা ১২৭টি। থানার অপারেশন্স অফিসার আবু বকর বলেন, ‘১৫ বছর আগের গাড়িও এখনো থানায় রয়ে গেছে।’ একই অবস্থা শাহবাগ থানায়ও। সেখানে বেশ কিছু গাড়ির মধ্যে আছে পুড়ে ছাই হয়ে যাওয়া গাড়ির অবশিষ্টাংশও।সরেজমিন পরিদর্শন করে ও খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা মহানগরের একেবারে নতুনগুলো ছাড়া ৪১টি থানায় চার হাজারের বেশি যান্ত্রিক ও অযান্ত্রিক জব্দ করা গাড়ি রয়েছে। এগুলোর মধ্যে প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংখ্যাই বেশি। গাড়িগুলো থানার (যাদের নিজস্ব জায়গা আছে) ৫০ থেকে ৬০ শতাংশ জায়গা দখল করে থাকে। থানা প্রাঙ্গণে জায়গা না থাকলে কিছু গাড়ি থানার বাইরে সড়কের পাশে কিংবা অন্য কারও জায়গা ধার করে রাখা হচ্ছে। মোটের ওপর গাড়িগুলোর এক-তৃতীয়াংশের বেশি ইতিমধ্যে নষ্ট প্রায়।পুলিশ জানায়, তারা চোরাই, দুর্ঘটনাকবলিত, কাগজপত্রহীন কিংবা মাদকবাহী গাড়িসহ বিভিন্ন অপরাধে যুক্ত যানবাহন আটক করে থাকে। মামলা হওয়ার পর আলামত হিসেবে আদালতের নির্দেশে গাড়িগুলো থানায় রাখা হয়। এর মধ্যে কিছু গাড়ি আদালতের নির্দেশে মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে অপেক্ষা করতে হয় মামলা নিষ্পত্তি হওয়া পর্যন্ত। মামলা নিষ্পত্তি হতে সময় লাগে ১০ থেকে ১২ বছর। চূড়ান্ত সিদ্ধান্তে আদালত হয় গাড়ি মালিকের কাছে ফিরিয়ে দিতে, না হয় নিলামে বিক্রি করার আদেশ দেন। নিলামে বিক্রির প্রক্রিয়াও দীর্ঘমেয়াদি ব্যাপার। ২০০৩ সালে মোহাম্মদপুর এলাকা থেকে একটি সাদা রঙের প্রাইভেট কার আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গাড়িটিকে কেন্দ্র করে বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে তিনটি। এখন পর্যন্ত আদালতে মামলা চলছে। দীর্ঘদিন ধরে পড়ে থাকায় গাড়িটি এখন প্রায় নষ্ট।মালখানার দায়িত্বে থাকা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন বলেন, গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় অনেক মালিককে অনুরোধ করেও তিনি গাড়ি থানা থেকে নেওয়াতে পারেননি।ধানমন্ডি থানা প্রাঙ্গণে গাড়ি রাখার আর জায়গা নেই। তাই বাইরে সড়কের পাশে রাখা হয়েছে কয়েকটি গাড়ি।শাহবাগ থানার মালখানার দায়িত্বে থাকা এসআই হুমায়ুন কবীর জানালেন, অনেকগুলো গাড়িরই মালিক খুঁজে পাননি তাঁরা। পুড়ে ছাই হওয়া গাড়ির অবশিষ্টাংশ মালিক আর নেননি।গুলশান অঞ্চলের একটি থানায়ও জব্দ করা গাড়ি রাখার জায়গা নেই। ফলে গাড়িগুলো পাশের রাস্তা কিংবা অন্য কারও খালি পড়ে থাকা জায়গায় রাখতে হয়। পুলিশ বলছে, এমনিতেই ঢাকা মহানগরের অর্ধেকের মতো থানাই এখন সীমিত পরিসরের ভাড়া করা জায়গায় চলে, সেখানে জব্দ করা গাড়িগুলো বাড়তি চাপ।এ সমস্যার সমাধান সম্পর্কে জানতে চাইলে গুলশান অঞ্চলের উপকমিশনার (ডিসি) লুৎফুল কবীর নির্দিষ্ট সময়ের মধ্যে মামলার নিষ্পত্তির ওপর জোর দেন। তিনি আরও বলেন, নিলাম-জটিলতার অবসান ঘটাতে হবে।একই মত পোষণ করেন মতিঝিল অঞ্চলের উপকমিশনার (ডিসি) আনোয়ার হোসেন। তিনি আরও বলেন, থানার ওপর থেকে বোঝা কমাতে কেন্দ্রীয়ভাবে একটি ‘ডাম্পিং জোন’ তৈরি করতে হবে। তবে কয়েকজন পুলিশ কর্মকর্তা পরামর্শ দিয়ে বলেন, গাড়ি জব্দ করার পর মামলা হলে সরকার তা বিক্রি করে প্রাপ্ত অর্থ ব্যাংকে জমা রাখতে পারে। মামলা শেষ হওয়ার পর ওই অর্থ হয় সংশ্লিষ্ট ব্যক্তিকে ফেরত দেওয়া হবে, কিংবা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। তাঁরা আরও বলেছেন, নিলামের জটিলতা সহজ করতে প্রতিটি অঞ্চলে গাড়ি বিক্রির জন্য কমিটি করা উচিত। এতে রাষ্ট্র ও ব্যক্তি উভয় পক্ষ লাভবান হবে। আর্থিক ক্ষতি থেকে রক্ষা পাবে রাষ্ট্র।