থানায় ফিরেছেন এসআইরা, ব্যক্তিগত অফিসে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অদূরে আশুলিয়া থানার ভেতরে ও বাইরে গতকাল বৃহস্পতিবারের চিত্রটা ছিল একেবারেই অন্য রকম। পুলিশ ছাড়া অন্য কোনো লোককে থানায় দেখা যায়নি। বন্ধ ছিল থানার পাশের উপপরিদর্শকদের (এসআই) ব্যক্তিগত কার্যালয়গুলো। থানার ত্রিসীমানায় দেখা যায়নি কোনো ‘রাইটার’কে। অথচ এক দিন আগেও থানার পাশের এসআইদের এসব কার্যালয় ছিল জমজমাট।গতকাল প্রথম আলোয় ‘থানার পাশে এসআইদের নিজস্ব অফিস’ শিরোনামে খবর প্রকাশের পর বিষয়টি তদন্তের জন্য ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেন ও জেলা বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও ওয়ান) সেলিম সাজ্জাদসহ তিন সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়।প্রথম আলোয় খবর প্রকাশের পর গতকাল সকাল থেকেই থানায় তোড়জোড় শুরু হয়। সকাল নয়টার মধ্যে ব্যক্তিগত অফিস থেকে চেয়ার-টেবিল বের করে অফিসে তালা ঝুলিয়ে দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এরপর একে একে থানায় উপস্থিত হতে থাকেন রাইটাররা। থানার আশপাশ দেখে সংশ্লিষ্ট এসআইরা তাঁদের দ্রুত সরে পড়ার পরামর্শ দেন। সকাল ১০টার মধ্যেই গা ঢাকা দেন রাইটাররা।আশুলিয়া থানার উত্তর ও পূর্ব দিকে পাকা ও আধা পাকা ভবনের নিচতলায় ছোট ছোট যে কক্ষগুলোতে এসআইদের অফিস ছিল, গতকাল সকাল ১০টার দিকে তাতে তালা ঝুলতে দেখা যায়। এ সময় থানা ভবনের নিচতলায় বসে অফিস করছিলেন এসআই সাইফুল ইসলাম, শামসুল হক, মকবুল হোসেন, মনিরসহ আরও কয়েকজন কর্মকর্তা।থানার পাশের ব্যবসায়ীরা জানান, গতকাল সকাল নয়টার মধ্যে এসআইরা যাঁর যাঁর আসবাব ও প্রয়োজনীয় কাগজপত্রসহ অন্যান্য সামগ্রী বের করে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে দেন। কিছু আসবাব থানা ভবনের ভেতরে রেখে বাকি সব অন্যত্র সরিয়ে ফেলেন।থানার আশপাশে অবস্থানকালে একজন এসআই এ প্রতিবেদককে বলেন, ‘প্রতিবেদনটি প্রকাশ করে আমাদের বিপদে ফেলে দিলেন। আমরা এখন কোথায় বসে অফিস করব, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা সে বিষয়টি তো খতিয়ে দেখবেন না।’অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশের সব থানায়ই রাইটার আছে। রাইটার দিয়ে মামলার অভিযোগপত্র (চার্জশিট) ও চূড়ান্ত প্রতিবেদন লেখানোর নিয়ম না থাকলেও এটা নিয়মে পরিণত হয়ে গেছে।’এক এসআই স্বীকার করেন, প্রতিবেদন প্রকাশের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর এড়াতেই মালামাল বের করে অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়।২০০৫ সালে ৭ ডিসেম্বর নবীনগর-কালিয়াকৈর সড়কের পাশে বাইপাইল বাসস্ট্যান্ড থেকে ২০০ গজ দূরে একটি ভাড়া করা বাড়ি থেকে শুরু হয় আশুলিয়া থানার যাত্রা। আজও ওই বাড়িতেই চলছে থানার কার্যক্রম। তিন তলা থানা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা ওসিসহ কর্মকর্তা ও কনস্টেবলদের ব্যারাক। নিচতলায় বসার কোনো পরিবেশ নেই, এই অজুহাতে থানায় কর্মরত এসআইরা থানার আশপাশে ব্যক্তিগত অফিস ভাড়া নেন। এ জন্য জামানত হিসেবে ভবনের মালিককে এককালীন দিতে হয়েছে ১৫-২০ হাজার টাকা। আর প্রতিটি কক্ষের মাসিক ভাড়া দেড় থেকে দুই হাজার টাকা। এ ছাড়া এই এসআইরা মামলার অভিযোগপত্র ও চূড়ান্ত প্রতিবেদন নিজেরা না লিখে লোকজন দিয়ে লেখাতেন, যাঁরা পরিচিত ছিলেন ‘রাইটার’ নামে।গতকাল খবর প্রকাশের পর অনেক ভুক্তভোগী মুঠোফোনে প্রথম আলোকে ধন্যবাদ জানিয়ে বলেন, থানার আশপাশের এসআইদের অফিসগুলো ছিল দুর্নীতির আখড়া। লোকজন থানা ভেবে ওই সব অফিসে গিয়ে প্রতারণার শিকার হতেন। ভুক্তভোগীরা বলেন, গ্রামের লোকজন রাইটারদেরই থানার কর্মকর্তা মনে করতেন। আর এই সুযোগে রাইটাররাও তাঁদের পরিচয় গোপন রেখে টাকা হাতিয়ে নিতেন তাঁদের কাছ থেকে।অনেকে ফোন করে আশুলিয়া থানার এসআইদের দুর্নীতির বর্ণনাও দেন। আবদুল বাসেদ নামের এক ব্যক্তি ফোনে বলেন, আদালতের নির্দেশে তিনি আশুলিয়ার নরসিংহপুরে একটুকরো জমির দখল বুঝে পাওয়ার পরও একজন এসআই তাঁর ঘরবাড়ি ভেঙে তাঁকে বিতাড়িত করে অন্য এক লোককে সেখানে দখল দিয়েছেন। ভুক্তভোগী মানুষজন অভিযোগ করেন, অবৈধ কাজ করতে গিয়ে এক পক্ষের কাছ থেকে লাভবান হয়ে অন্য পক্ষকে দূরে রাখতে তাঁদের বিরুদ্ধে মিথ্যা নারী নির্যাতন মামলাও নেন ওই থানার কর্মকর্তারা। এদিকে গতকাল বিকেলে তদন্ত কমিটির প্রধান ডিএসবির এসপি মো. ফারুক হোসেন ও ডিআইও ওয়ান সেলিম সাজ্জাদ আশুলিয়া থানায় যান। তাঁরা বিভিন্ন মামলার নথিপত্র খতিয়ে দেখেন এবং খোঁজখবর নেন।তদন্ত দলের সদস্য ডিআইও ওয়ান সেলিম সাজ্জাদ প্রথম আলোকে বলেন, ‘ঢাকার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশে আমরা তদন্ত করছি। তদন্ত শেষে পুলিশ সুপারের কাছে প্রতিবেদন দাখিলের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’