বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টার হরতালের আগের দিন গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে নাশকতা ঘটেছে। এর মধ্যে রাজশাহীর বোয়ালিয়া থানায় বোমা হামলা হয়েছে। ময়মনসিংহ রেলস্টেশনে ট্রেনের একটি বগিতে, রাজধানী ও গাজীপুরে যানবাহনে আগুন দেওয়া হয়েছে।আজ বুধবার সকাল ছয়টা থেকে ব্রাহ্মণবাড়িয়া বাদে সারা দেশে ১৮-দলীয় জোটের ডাকা এই হরতাল শুরু হয়েছে। টর্নেডো-দুর্গত ব্রাহ্মণবাড়িয়া জেলাকে হরতালের আওতামুক্ত রাখা হয়েছে। জোটের নেতা-কর্মীদের মুক্তি, ‘গণহত্যা’ বন্ধ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং সরকার পতনের দাবিতে গত সোমবার এ হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়।প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, রাজশাহী জানান, গতকাল ইসলামী ছাত্রশিবিরের দুই কর্মীকে আটকের এক ঘণ্টা পর রাত সোয়া আটটার দিকে নগরের বোয়ালিয়া মডেল থানায় বোমা হামলা হয়েছে। কে বা কারা থানার পূর্ব পাশের দেয়ালের বাইরে থেকে একটি বোমা ছুড়ে মারে। বোমাটি বিস্ফোরিত হলে ফিরোজ আহাম্মেদ, দবির উদ্দিন, মনির হোসেন নামের তিন পুলিশ কনস্টেবল আহত হন। ফিরোজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।ওই বোমা হামলার কিছুক্ষণ পর রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি জেলা স্টেডিয়াম থেকে পুলিশ শিবিরের এক কর্মীকে আটক করে। একই সময়ে কামরুজ্জামান চত্বর থেকে আরও তিনজনকে আটক করা হয়।পুলিশ জানায়, এ ছাড়া উপশহর এলাকায় সন্ধ্যা সাতটার দিকে পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে শিবিরের কর্মীরা ককটেল ছোড়েন। ওই গাড়িতে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান ও সহকারী কমিশনার রোকনুজ্জামান ছিলেন। তবে তাঁরা কেউ আহত হননি। পুলিশ ঘটনাস্থল থেকে শিবিরের দুই কর্মী সেলিম রেজা ও মুসফিক জামানকে আটক করে। তাঁরা রাজশাহী মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্র।ময়মনসিংহ অফিস জানায়, সন্ধ্যায় ময়মনসিংহ রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা জিএম ২৫৩/৫৪ নম্বর ট্রেনের একটি বগিতে সাত-আটজন দুর্বৃত্ত আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় কেউ আহত হয়নি।গতকাল রাতে তথ্য বিবরণীতে জানানো হয়, ময়মনসিংহে বগিতে আগুন দেওয়ার ঘটনায় কর্তব্যে অবহেলার জন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার নৃপেন্দ্র চন্দ্র সাহা ও আনসার সদস্য সেলিম রেজাকে তাৎক্ষণিক সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক।রাজধানীতে সাতটি যানে আগুন: গতকাল রাজধানীতে সাতটি যানে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত কর্মকর্তা শাহাজাদী সুলতানা প্রথম আলোকে জানান, গতকাল বেলা ১১টা ৫ মিনিটে সায়েন্স ল্যাবরেটরির কাছে সুমাইয়া পরিবহন নামের যাত্রীবাহী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বেলা তিনটার দিকে নিউমার্কেটের ১ নম্বর ফটকের কাছে একটি গাড়িতে এবং বেলা তিনটা ৩৫ মিনিটে সেগুনবাগিচায় একটি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। বিকেল সাড়ে পাঁচটার দিকে মিরপুর-১ নম্বরে মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের সামনে দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সিএনজিচালিত অটোরিকশায় এবং রাতে কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে একটি ট্যাক্সিক্যাবে অগ্নিসংযোগ করা হয়।পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ বলেন, বাসে আগুন দেওয়ার সময় স্থানীয় জনতা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।এ ছাড়া ফার্মগেটের খামারবাড়িতে বাসে আগুন দেওয়ার চেষ্টাকালে জনতা চারজনকে ধরে পুলিশে সোপর্দ করে।গাজীপুর প্রতিনিধি জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার চান্দনা এলাকায় রাত আটটার দিকে ক্ল্যাসিক পরিবহনের যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। আগুনে বাসের বেশির ভাগ অংশ পুড়ে গেছে।এদিকে হরতালে নাশকতা ঠেকাতে রাজধানীসহ সারা দেশে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সন্ধ্যায় ঢাকাসহ বিভিন্ন স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। নাশকতা সৃষ্টির অভিযোগে পুলিশ গতকাল ২০ জনকে আটক করে।ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ঢাকায় পর্যাপ্তসংখ্যক পুলিশ দাঙ্গা দমনের উপকরণসহ মোতায়েন থাকবে। কেউ যদি ফৌজদারি অপরাধ করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাৎক্ষণিক বিচারের জন্য থাকবেন ১০টি ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া গতকাল রাত থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তল্লাশি চৌকি বসানো হয়েছে।হরতালের আওতামুক্ত: বিএনপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ২২ মার্চ ব্রাহ্মণবাড়িয়া জেলায় টর্নেডোতে বহু প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ কারণে ব্রাহ্মণবাড়িয়া হরতালের আওতামুক্ত থাকবে। এ ছাড়া টর্নেডো-দুর্গত এলাকায় ত্রাণকাজে নিয়োজিত যানবাহনও হরতালের আওতামুক্ত থাকবে।বরাবরের মতো সংবাদপত্রবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি ও ওষুধ সরবরাহকারী পরিবহন এ হরতালের আওতামুক্ত রাখা হয়েছে। এসব যান চলাচলে বাধা সৃষ্টি না করতে জোটের পক্ষ থেকে নেতা-কর্মীদের সতর্ক করা হয়েছে।হরতাল সফল করতে প্রস্তুতি: বিএনপি, জামায়াতে ইসলামী এবং জোটের অন্যান্য শরিক দল হরতাল সফল করতে প্রস্তুতি নিয়েছে। জোটের মুখপাত্র ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শরিক দলগুলোকে সাধ্যমতো হরতালে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।