থানায় মৃত্যুর ঘটনায় টাঙ্গাইলে দুই পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার
টাঙ্গাইল সদর মডেল থানায় পুলিশের হেফাজতে ওষুধ ব্যবসায়ী মনিরুজ্জামান রুবেলের মৃত্যুর ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। এঁরা হলেন থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন ও উপসহকারী পরিদর্শক (এএসআই) মো. শাহজাহান। আজ শুক্রবার চারটায় এঁদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। এর আগে নিহত রুবেলের ভাই ইকবাল হোসেন বাদী হয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তারকৃত দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর মডেল থানায় মামলা দায়ের করেন। টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন সরকার জানান, বাদী ইকবাল হোসেন লিখিত অভিযোগপত্রটি এজাহার হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। মামলার তদন্তের ব্যবস্থা নেওয়ার জন্য পরিদর্শক (তদন্ত) ওবায়দুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, ইতিমধ্যেই তদন্ত কাজ শুরু করা হয়েছে।মামলার বাদী ইকবাল হোসেন রাসেল বলেন, ‘মামলার আসামিরা যেমন পুলিশ, তদন্তকারীও তাঁদের সহকর্মী। তাই তদন্তের নামে যাতে আসামিদের রক্ষার চেষ্টা না হয়; সেদিকে দৃষ্টি রাখার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।’এর আগে গতকাল রাত নয়টায় শহরের বেপারীপাড়ায় স্টার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে রুবেলকে টাঙ্গাইল গোরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ মনিরুজ্জামান রুবেল ও তাঁর এক বন্ধু শরিফুল ইসলামকে শহরের প্রধান সড়কের আদন মেডিকেল হল থেকে গত বুধবার সকালে আটক করে। টাঙ্গাইল সদর থানায় নিয়ে তাঁদের ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ রয়েছে। ওই দিন রাতেই শরিফুলকে ছেড়ে দেওয়া হলেও রুবেলকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। বৃহস্পতিবার সকালে মুমূর্ষু অবস্থায় রুবেলকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পরপরই তাঁর মৃত্যু হয়।