জামায়াত-শিবিরের সহিংসতা থামছে না। গতকাল সোমবার সহিংসতায় নিহত হয়েছে আরও চারজন। এর মধ্যে সাতক্ষীরায় তিনজন এবং সিরাজগঞ্জে একজন। আগুন দেওয়া হয়েছে যাত্রীবাহী উপকূল এক্সপ্রেস টেনে। কমলাপুরে দেশের প্রধান ও ‘সুরক্ষিত’ রেলস্টেশনে তারা এই আগুন দেয়।এ ছাড়া ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে গতকাল বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে জামায়াত-শিবির। পুলিশ-র্যাব-বিজিবির সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন দলের প্রায় ১০০ নেতা-কর্মী।আগের দিন রোববার থানা, পুলিশ ফাঁড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠান এবং র্যাব-পুলিশ-বিজিবির ওপর জামায়াত-শিবিরের ব্যাপক হামলার ঘটনায় বিভিন্ন স্থানে গতকাল ১৫টি মামলা হয়েছে। এসব মামলায় জামায়াত-শিবিরের ৩১ হাজার নেতা-কর্মী ও সমর্থককে আসামি করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে দলটির ৩০ নেতা-কর্মীকে। সহিংসতা এড়াতে বিভিন্ন স্থানে গতকালও নতুন করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় ঘোষণার পরপরই দেশজুড়ে ব্যাপক সহিংসতা শুরু করে জামায়াত-শিবির। ওই দিন থেকে সারা দেশে সহিংসতায় প্রাণ হারিয়েছেন ৭৪ জন।ঢাকার বাইরে থেকে নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:সাতক্ষীরায় দুই ভাইসহ নিহত ৩: প্রত্যক্ষদর্শীরা জানান, কলারোয়া-সরসকাটি সড়কে গাছ ফেলে জামায়াত-শিবির কর্মীরা অবরোধ করেন। সকাল সাড়ে ১০টার দিকে সড়ক থেকে গাছ সরাতে গেলে জামায়াত-শিবিরের কর্মীরা সরসকাটি পুলিশ ফাঁড়ির সদস্যদের ওপর হামলা চালান। পরে পুলিশ ও বিজিবির সদস্যরা আবার ওই এলাকায় গেলে ওফাপুর গ্রামের জামায়াত-শিবিরের কর্মীরা তাঁদের চারদিক থেকে ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে বিজিবির সদস্যরা গুলি চালান। এতে কামারআলি গ্রামের আরিফ বিল্লাহ (৪২) ও তাঁর ভাই রহুল আমিন (৪৫) নিহত হন। সংঘর্ষে আহত হন আরও চারজন। তাঁদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সাতক্ষীরা সদর হাসপাতালে মারা যান ওফাপুর গ্রামের শামসুর রহমান (৪০)।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গতকাল দুপুরে কলারোয়া পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ ছাড়া সাতক্ষীরা সদর, দেবহাটা উপজেলার কুলিয়া, পারুলিয়া ও নওপাড়া ইউনিয়ন, কালিগঞ্জের নলতা ইউনিয়ন, আশাশুনি সদরে আগেই জারি করা ১৪৪ ধারা অব্যাহত রয়েছে। এদিকে গতকাল সাতক্ষীরা সদর এবং কলারোয়া ও দেবহাটায় উপজেলায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীদের ১৩টি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে জামায়াত-শিবির।সিরাজগঞ্জে নিহত এক: গতকাল সকাল আটটার দিকে কয়েক শ জামায়াত-শিবির কর্মী নগরবাড়ী-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পূর্ব দেলুয়া উচ্চবিদ্যালয়ের সামনে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ও ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও গুলি ছোড়ে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে মাহফুজ হোসেন (১৫), রেদওয়ান ও সোহেল নামের তিনজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১৫ জন আহত হন। গুলিবিদ্ধ মাহফুজকে উল্লাপাড়া পৌর শহরের ২০ শয্যা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের পরিবারের সদস্যরা লাশ বাড়িতে নিয়ে যায়। গুলিবিদ্ধ অন্য দুজনের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় তিন শিবির কর্মীকে আটক করা হয়েছে।দুপুরে উপজেলা প্রশাসন উল্লাপাড়া বাজার এলাকাসহ বালশাবাড়ী থেকে বোয়ালিয়া পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার মহাসড়ক জুড়ে ১৪৪ ধারা জারি করে। এ ছাড়া বেলকুচি উপজেলার তিনটি ইউনিয়নে জারি করা ১৪৪ ধারা অব্যাহত রয়েছে।বগুড়ায় সড়ক অবরোধ, সংঘর্ষ: জামায়াত-শিবিরের কর্মীরা গতকাল সকাল থেকে বগুড়া-ঢাকা মহাসড়কের ও বাইপাসের তিনমাথা, পালশা ও চারমাথায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। এ সময় পুলিশ এসব সরাতে গেলে সংঘর্ষ বাধে। পুরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুরে জামায়াতের নারী কর্মীরা গাছ ফেলে মহাসড়ক অবরোধের সৃষ্টি করেন। এ ছাড়া দুপুরের দিকে জামায়াত-শিবির শহরের চারমাথা এলাকায় সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে।গতকাল জেলার গাবতলী ও সোনাতলা উপজেলায় নতুন করে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। এর আগে রোববার বগুড়া সদর, শাজাহানপুর, নন্দীগ্রাম, শিবগঞ্জ ও দুপচাঁচিয়া উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়।বগুড়ায় রোববার পুলিশ ফাঁড়িতে হামলা, ভাঙচুর ও হত্যার ঘটনায় বিভিন্ন আটটি মামলা করা হয়েছে। পুলিশ, নিহতের স্বজন এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে এসব মামলা করা হয়। এসব মামলায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীসহ মোট পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে।কমলাপুরে ট্রেনে আগুন: কমলাপুর স্টেশনে দাঁড়ানো অবস্থায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের একটি বগি। আরও দুটি বগির পুড়েছে অংশবিশেষ। রেল কর্তৃপক্ষের ধারণা, জামায়াত-শিবির এই নাশকতা করেছে। তারা সারা দেশে যে তাণ্ডব চালাচ্ছে, তারই ধারাবাহিকতায় কমলাপুরে ট্রেনে আগুন দেওয়া হয়েছে।সংঘর্ষ, ভাঙচুর, আগুন: রোববার গভীর রাতে সিলেট-আখাউড়া রেলপথের মৌলভীবাজার জেলার শেষ ভাটেরা রেলস্টেশনের অদূরে হরতাল-সমর্থকেরা গাছ কেটে ফেলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। নোয়াখালীর চাটখিল পৌর সভার হালিমা দিঘিরপাড় এলাকায় সোমবার ভোরে সংবাদপত্রের গাড়ি থামিয়ে পত্রিকায় অগ্নিসংযোগ করে জামায়াত-শিবির। বগুড়ার দুপচাঁচিয়ায় কমিউনিস্ট পার্টির নেতা ও কলেজশিক্ষক আবুল বাশারের বাড়িতে রোববার রাতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।হরতাল: বরিশাল সদর উপজেলার লাকুটিয়া সড়কের বাঘিয়া মাদ্রাসা এলাকা থেকে হরতালের সমর্থনে জামায়াত-শিবির মিছিল বের করে। এ সময় তাদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের কর্মীদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পুলিশসহ আটজন আহত হয়েছেন। পুলিশ এক শিবির কর্মীকে আটক করেছে।লক্ষ্মীপুর শহরের বাস টার্মিনাল এলাকায় হরতাল-সমর্থনকারী ও বিরোধীদের মধ্যে গতকাল বেলা ১১টায় সংঘর্ষ ও বাড়িঘরে পাল্টাপাল্টি হামলা হয়। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই বাজারে ইউনিয়ন পরিষদ ভাঙচুর, অগ্নিসংযোগ ও বাজারের দোকানপাট ভাঙচুর এবং লুটপাট করে হরতাল-সমর্থকেরা। তাদের হামলায় আহত হয় সাতজন। নওগাঁর ধামইরহাট উপজেলার আমাইতারা বাজারে পুলিশের সঙ্গে হরতালকারীদের সংঘর্ষ হয়।জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা গতকাল সকাল থেকে ঝিনাইদহ-যশোর সড়কের ঝিনাইদহের তেঁতুলতলা ও বিষয়খালী, ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের নগরবাথান, হলিধানী ও ডাকবাংলা এবং কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের লাউতলা ও খালিশপুর নামক স্থানে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। তাঁরা লাঠিসোঁটা নিয়ে মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেন।লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট বাজারে গতকাল বিকেলে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষে ১৫ জন আহত হয়েছেন। বিএনপির ডাকা আজকের (মঙ্গলবার) হরতালের সমর্থনে স্থানীয় বিএনপি মিছিল করার সময় ওই সংঘর্ষ বাধে। হরতালের কারণে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। মামলা, গ্রেপ্তার, আটক: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে রোববার পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ ও এক পুলিশ কনস্টেবলকে হত্যার ঘটনায় মামলা করেছে পুলিশ। এতে ২০০ জনের নাম উল্লেখসহ জামায়াত-শিবিরের ছয় হাজার নেতা-কর্মী-সমর্থককে আসামি করা হয়। এঁদের মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রাজশাহীর গোদাগাড়ীতে রোববার পুলিশ ও বিজিবির সদস্যদের সঙ্গে হরতাল-সমর্থক জামায়াত-শিবিরের সংঘর্ষের ঘটনায় গোদাগাড়ী থানায় দুটি মামলা করেছে পুলিশ। জয়পুরহাটের পাঁচবিবি থানায় রোববার হামলার ঘটনায় জামায়াত-শিবিরের ১৪৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আট হাজার মানুষের বিরুদ্ধে গতকাল মামলা করেছে পুলিশ।জয়পুরহাটে রোববার জামায়াত-শিবিরের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জয়পুরহাট সদর থানা ও পাঁচবিবি থানায় দুটি মামলা করেছে পুলিশ। দুই মামলায় ৫৭ জনের নাম উল্লেখসহ জামায়াত-শিবিরের অজ্ঞাতনামা ১১ হাজার কর্মী-সমর্থককে আসামি করা হয়। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় রোববার যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় গতকাল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক একরামুল কবিরসহ ১৫ জনের নাম উল্লেখ করে বাসের চালক মামলা করেন।চট্টগ্রামের আনোয়ারায় রোববার আওয়ামী লীগের মিছিলে হামলার অভিযোগে জামায়াতের ৩১ নেতা-কর্মীর নাম উল্লেখ করে দেড় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে গতকাল মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।বরগুনার পাথরঘাটা উপজেলায় ‘চাঁদে সাঈদীর মুখ’সহ প্রচারপত্র বিলি ও নাশকতার অভিযোগে পৌর জামায়াতের আমির বজলুর রহমানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে এবং গতকাল দুপুরে তাঁদের আটক করা হয়। ময়মনসিংহের ভালুকা পৌর জামায়াতে আমির সাইফুল্লাহ পাঠান ফজলসহ দুজনকে আটক করেছে পুলিশ। বাগেরহাট শহরের উপকণ্ঠে খুলনা-বাগেরহাট সড়কের মেহগনিতলা থেকে রোববার রাতে দুই শিবির কর্মীকে আটক করা হয়। চাঁদপুরের বিভিন্ন স্থান থেকে গতকাল নয় জামায়াত-শিবির কর্মীকে আটক করা হয়।