থামছে না নদীর দখল-দূষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গাসহ ঢাকা ও আশপাশের চার নদী অবৈধ দখল ও দূষণমুক্ত করতে হাইকোর্ট গত প্রায় চার বছরে কয়েকবার নির্দেশ দিয়েছেন। কিন্তু দখল বা দূষণ কোনোটাই বন্ধ হয়নি। কার্যকর হচ্ছে না উচ্ছেদ অভিযান। এ ছাড়া আদালতের নির্দেশ মানতে গিয়ে যা করা হয়েছে, অনেক ক্ষেত্রে তাকে প্রহসন বলেই মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সম্প্রতি রাজধানীর কয়েকটি নদী-তীরবর্তী এলাকা ঘুরে দেখা যায়, অব্যাহত দখল ও দূষণের ভয়াবহ চিত্র। বুড়িগঙ্গায় অসংখ্য কারখানার বর্জ্য ছাড়াও নগরের ৭০ শতাংশ পয়ো ও বারোয়ারি বর্জ্য ফেলা অব্যাহত রয়েছে। নদী হয়ে উঠছে আরও সংকুচিত ও বিষাক্ত। অন্যদিকে নদীর জায়গা দখলদারদের হাতে রেখেই পায়ে চলার পথ (ওয়াকওয়ে) ও সীমানা খুঁটি বসিয়েছে কর্তৃপক্ষ। উচ্ছেদ অভিযান থেকে বাদ পড়েছে বড় দখলদারেরা। পরিবেশবাদীরা বলছেন, কর্তৃপক্ষের এসব উদ্যোগ প্রহসনের নামান্তর।হাইকোর্টের কয়েক দফা নির্দেশ: বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ নদ-নদী অবৈধ দখলমুক্ত করার বিষয়ে হাইকোর্টের প্রথম নির্দেশ আসে ২০০৯ সালের মে মাসে। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামের একটি সংগঠনের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেন। প্রথমে ওই বছরের নভেম্বরের মধ্যে উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়। পরে ২০১০ সালের মে পর্যন্ত সময় বাড়ানো হয়।এর পর থেকে হাইকোর্ট নদী রক্ষায় আর যেসব নির্দেশ দিয়েছেন তা হচ্ছে: কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গা নদীর ভেতর বিআইডব্লিউটিএর বিনোদনকেন্দ্র নির্মাণ প্রকল্পের ওপর নিষেধাজ্ঞা (২০১০ সালের ১৬ মে), নদীর অংশে স্থাপিত অবৈধ লবণশিল্প কারখানা অপসারণে সরকারের প্রতি রুল (২০১০ সালের ৩০ মে) এবং বুড়িগঙ্গা নদীর দখল রোধে স্বতঃপ্রণোদিত (সুয়োমোটো) রুল (২০১২ সালের ৬ ফেব্রুয়ারি)।আদালতের নিষেধাজ্ঞায় গত প্রায় দুই বছরে নদীর ভেতরে বিআইডব্লিউটিএর বিনোদনকেন্দ্র নির্মাণের কাজ বন্ধ থাকলেও জায়গাটি দখল অবস্থাতেই রয়েছে। বহাল রয়েছে অবৈধ লবণ কারখানাগুলোও। গত বছরের সুয়োমোটো রুলে আদালত জানতে চান, বুড়িগঙ্গা দখলকারীদের পক্ষে নিম্ন আদালতের নিষেধাজ্ঞার কারণে হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে কি না।নদী সংরক্ষণ কার্যক্রমে যুক্ত বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক শরীফ জামিল প্রথম আলোকে জানান, হাইকোর্টের নির্দেশ কীভাবে অমান্য হয়েছে, তা নদীর তীর এলাকা ঘুরলেই বোঝা যায়।আদালতের নির্দেশ ও অব্যাহত দখল: লালবাগের বালুর মাঠে এক সাইনবোর্ডে লেখা, ‘এই জমির মালিক দখলকার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড’।এলাকাবাসী বলেন, ওই সাইনবোর্ড কোনোই কাজে আসছে না। কারণ, সেখানেই গড়ে উঠেছে পাকা স্থাপনা।জেলা প্রশাসন ও ভূমি জরিপ অধিদপ্তর যেসব অবৈধ স্থাপনার তালিকা করেছে, তার বেশির ভাগের বিরুদ্ধে ব্যবস্থা হয়নি। উচ্ছেদ করা স্থাপনার জায়গাও আবার দখল হয়েছে। হাজারীবাগ, বালুঘাট, শহীদনগর, কামরাঙ্গীরচর, রসুলপুরসহ অনেক স্থানে বছর খানেক সময়ে বুড়িগঙ্গা নদীর অনেক অংশ দখল হয়েছে। সেখানে গড়ে উঠেছে দোতলা, তিনতলা পাকা স্থাপনাও।বালুর মাঠে একটি বড় আয়তনের জায়গার মালিক দাবিদার পান্না গ্রুপ। সেখানে মিজানুর রহমান নামে পান্না গ্রুপের তত্ত্বাবধায়ক জানান, তাঁদের কাছে মালিকানার বৈধ কাগজপত্র রয়েছে। তবে তিনি জানান, সামনে অল্প কিছু জায়গা পানি উন্নয়ন বোর্ডের হলেও হতে পারে।বালুর মাঠের পাশে নদীর তীরে কয়েক বছর আগেই মাটি ভরাট করে নির্মিত হয় ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) বিদ্যুৎ উপকেন্দ্র। এর উত্তর পাশে দোতলা ও তিনতলা স্থাপনা। আরও নতুন স্থাপনা নির্মাণের প্রক্রিয়া চলছে।বালুর মাঠের বিপরীত দিকে পূর্ব রসুলপুর। সেখানে সেতুর কাছে কিছুদিন আগে পানির মধ্যে একটি সাইনবোর্ড দেখা যায়, যাতে লেখা ‘জমির মালিক আবুল হোসেন সরকার’।খোঁজ নিয়ে জানা যায়, আবুল হোসেন সরকার কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সভাপতি। তিনি ওই জায়গার মালিকানা দাবি করে সাইনবোর্ড লাগিয়েছিলেন। পরে ৫৯ নম্বর ওয়ার্ডের আওয়ামীপন্থী সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির এলাকাবাসীকে সঙ্গে নিয়ে প্রতিবাদ জানিয়ে পাশে ‘জলদস্যুদের কবল থেকে রক্ষা করো’ লেখা ব্যানার টানিয়ে দেন।আবুল হোসেন সরকার দাবি করেন, তিনি ক্রয়সূত্রে ওই জমির মালিক। নিচু জমি বলে নদীর পানি ওঠে। কিন্তু তিনি প্রমাণ করতে পারবেন যে এটি তাঁর জায়গা।হাইকোর্টের নির্দেশের ভিত্তিতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বুড়িগঙ্গা এবং শীতলক্ষ্যা নদী ও তীরে জেটিসহ ছোট-বড় ৩২০টি স্থাপনার তালিকা করে। কিছু ছোট স্থাপনা ও সীমানা দেয়াল ভাঙা হলেও জেটিসহ ৫৪টি বড় বেসরকারি স্থাপনা এখনো বহাল আছে।বুড়িগঙ্গার তীর দখলমুক্ত করার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হচ্ছে শ্যামপুরে উদ্ধার করা জমিতে ইকোপার্ক নির্মাণ।দূষণের মাত্রা চরমে: নদীসংলগ্ন প্রবীণেরা বলেন, একসময়ের প্রমত্তা বুড়িগঙ্গা এখন কালো নর্দমায় পরিণত প্রায়। শহীদনগর কামরাঙ্গীরচর খেয়াঘাটে বসে থাকা এক বৃদ্ধ নদীর পানিতে উঠতে থাকা বুদ্বুদ দেখিয়ে বলেন, ‘এখানে ম্যাচের কাঠি জ্বালালে হয়তো আগুন জ্বলে উঠবে, এতটাই বিষাক্ত এই পানি।’গাবতলীর দিক থেকে পানি আসার সব পথ বন্ধ হয়ে যাওয়ায় বুড়িগঙ্গার এই শাখা বর্জ্যে ভরা। স্লুইসগেট ধরে রয়েছে ওয়াসার তরল বর্জ্যের নির্গমন পথ। বিডিআর গেট, ধানমন্ডি, হাজারীবাগের একাংশ, লালবাগসহ এলাকার সব বর্জ্য যায় নদীতে। এখানে স্থাপিত সিটি করপোরেশনের ময়লার কনটেইনারের আবর্জনা অনেক সময় সরাসরি নদীতে ফেলা হয় বলে অভিযোগ আছে। নদীতে যাতে কেউ বর্জ্য ফেলতে না পারে, তার জন্য হাইকোর্ট রাজধানীর পাঁচ থানার (ডেমরা, লালবাগ, কামরাঙ্গীরচর, কোতোয়ালি ও হাজারীবাগ) ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছিলেন। লালবাগ, হাজারীবাগ, শহীদনগর, বালুর মাঠ এলাকার ক্ষুদ্র শিল্পকারখানাগুলোর বিষাক্ত রাসায়নিক বর্জ্যের গন্তব্যও নদী।জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠানবিষয়ক কমিটির একাধিক বৈঠকে বুড়িগঙ্গা নদীতে পড়া ঢাকার ১৩৮টি বর্জ্য নির্গমন পথ বন্ধ করে দেওয়ার সুপারিশ করা হয়েছে। তবে এর বাস্তবায়ন হচ্ছে না। কেউ দায়িত্ব নেয় না: বুড়িগঙ্গাসহ চার নদী রক্ষার ক্ষেত্রে সরকারের ব্যর্থতার পেছনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর সমন্বয়হীনতা ও দায় এড়ানোর প্রবণতাও দায়ী বলে মনে করা হয়। ঢাকা সিটি করপোরেশন, ওয়াসা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড এবং বিআইডব্লিউটিএ প্রভৃতি সংস্থা বা কর্তৃপক্ষ একে অন্যের ওপর দায় চাপিয়ে থাকে।বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. শামছুদ্দোহা খন্দকার তাদের সীমাবদ্ধতা তুলে ধরে জানান, যেসব স্থাপনাকে অবৈধ বলা হয়েছে, সেগুলোর কোনো কোনোটির মালিক আদালতের নিষেধাজ্ঞা নিয়ে আসায় সমস্যা হয়েছে।নদীতে বর্জ্য ফেলার বিষয়ে শামছুদ্দোহা জানান, ঢাকা শহরের বর্জ্য নির্গমন পথ বন্ধ করার জন্য যে সুপারিশ করা হয়েছে, তা বাস্তবায়নের দায়িত্ব সিটি করপোরেশন ও ঢাকা ওয়াসার। তার পরও এ জন্য বিআইডব্লিউটিএ উদ্যোগ নিয়েছে।