থামেনি স্বজনহারাদের কান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিনই ভবনটিতে ফাটল দেখা যায়। এ জন্য শ্রমিকেরা পরের দিন কাজে যোগ দিতে চাননি। এর পরও কয়েক হাজার কর্মীকে ডেকে নেওয়া হয় কাজে। কোনো কিছু বুঝে ওঠার আগেই সাত-সকালে ভবনটি ধসে পড়ে। প্রাণ যায় সহস্রাধিক মানুষের। গত ২৪ এপ্রিল সকাল নয়টার দিকে সাভারে রানা প্লাজা ধসে পড়ে। দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই ভবনধসের ঘটনার আজ এক মাস পূর্ণ হলো। ওই ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের জন্য এখনো অপেক্ষায় রয়েছেন স্বজনেরা। তাঁদের কান্না এখনো থামেনি। কেউ নীরবে-নিভৃতে ফেলছেন চোখের জল। কেউবা কাঁদছেন বিলাপ করে।সাভার উপজেলা প্রশাসন থেকে জানা গেছে, রানা প্লাজার ভবনধসের পর জীবিত ও মৃত অবস্থায় উদ্ধার করা হয় তিন হাজার ৫৫৩ জনকে। এর মধ্যে মৃত অবস্থায় উদ্ধার করা হয় এক হাজার ১১৫ জনকে। হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান আরও ১২ জন। স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ৮৩৬টি লাশ। অবশিষ্ট ২৯১টি লাশ শনাক্ত না হওয়ায় অজ্ঞাত ব্যক্তি হিসেবে দাফন করা হয় জুরাইন কবরস্থানে।ভবনধসের ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা এখনো সাভার ছাড়েননি। নিখোঁজ ব্যক্তিদের তথ্য জানতে তাঁরা ঘটনাস্থলসহ সাভার উপজেলা পরিষদে এসে ভিড় করছেন। নিখোঁজ ব্যক্তিদের সন্ধান পেতে অনেকে সাভার মডেল থানায় গিয়ে সাধারণ ডায়েরিও (জিডি) করছেন।উদ্ধার অভিযান শেষে ১৪ মে অধরচন্দ্র উচ্চবিদ্যালয় থেকে নিয়ন্ত্রণকক্ষ গুটিয়ে ফেলা হয়। এরপর থেকে উপজেলা পরিষদে গিয়ে ভিড় করছেন সবাই। স্বজনদের দাবির মুখে উপজেলা প্রশাসন থেকে নতুন করে নিখোঁজ ব্যক্তিদের তালিকা তৈরির কাজ শুরু করা হয়। সাভার উপজেলা প্রশাসন গত মঙ্গলবার পর্যন্ত ৩১৬ জন নিখোঁজ ব্যক্তির তালিকা তৈরি করেছে। এই সংখ্যা ক্রমশ বাড়ছে। গত বুধবার রাত সোয়া নয়টা পর্যন্ত জিডি হয়েছে ৮৭টি।

লাশ চান স্বজনেরা

নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত ও অসুস্থ ব্যক্তিদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে ১৪ মে শেষ করা হয় সাভারে ধসে পড়া রানা প্লাজার উদ্ধার অভিযান। তবে ওই দোয়া অনুষ্ঠানেও স্বজনহারা ব্যক্তিরা প্রিয়জনের লাশ চেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ফাঁসি দাবি করেছেন ভবনের অন্যতম মালিক সোহেল রানার। মোনাজাত শেষ হওয়ার পর পর উদ্ধার অভিযান পরিচালনাকারী সেনাবাহিনীর সদস্যরা এলাকাটি ছেড়ে যান। ফায়ার সার্ভিসের যেসব সদস্য ছিলেন, তাঁরাও চলে যান যাঁর যাঁর ইউনিটে। এরপর শুরু হয় স্বজনহারাদের বিলাপ। অনেকে প্রিয়জনের জন্য হাউমাউ করে কান্না শুরু করেন। একপর্যায়ে পুলিশ এসে তাঁদের সরিয়ে দিলেও স্থান ত্যাগ করতে চাননি অনেকে। নিখোঁজ প্রিয়জনের ছবি ও ঠিকানাসংবলিত পোস্টার হাতে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। দোয়া অনুষ্ঠান শুরুর আগে একইভাবে ঢাকা-আরিচা মহাসড়কে দাঁড়িয়ে ২০০ থেকে ৩০০ স্বজনহারা ব্যক্তি প্রিয়জনের ছবি হাতে বিক্ষোভ করেন। অনেকে সোহেল রানার ফাঁসির দাবিতে স্লোগানও দেন। ঢাকা জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন বিক্ষুব্ধ ব্যক্তিদের উদ্দেশে বলেন, মর্গে থাকা এবং জুরাইনে দাফন করা মিলে প্রায় ৩০০ জনের লাশের পরিচয় নিশ্চিত করা যায়নি। ডিএনএ নমুনা রেখে দেওয়া হয়েছে। কবরগুলোও বিশেষ নম্বর দিয়ে চিহ্নিত করে রাখা হয়েছে। যেসব স্বজন এখনো ডিএনএর নমুনা দেননি, তাঁদের দ্রুত তা দেওয়ার অনুরোধ জানান তিনি।

ভবনটিতে কী ছিল

রানা প্লাজা একেবারে সাভার বাসস্ট্যান্ডে, ঢাকা-আরিচা মহাসড়কের পূর্ব পাশ ঘেঁষে অবস্থিত। নবম তলা ভবনটির তৃতীয় থেকে অষ্টম তলা পর্যন্ত ছিল পোশাক কারখানা। নবম তলা নির্মাণাধীন। নিচতলায় ছিল কয়েক শ কাপড়ের দোকান। দ্বিতীয় তলায় ইলেকট্রনিক সামগ্রীর দোকান, ব্র্যাক ব্যাংকের শাখা, সিটিসেলের কাস্টমার কেয়ার সেন্টারসহ বেশ কিছু প্রতিষ্ঠানের কার্যালয়।ভবনের তৃতীয় তলায় ছিল নিউ ওয়েভ বটমস লিমিটেড এবং সপ্তম ও অষ্টম তলায় ছিল নিউ ওয়েভ স্টাইল লিমিটেড। ষষ্ঠ ও চতুর্থ তলায় ইথারটেক্স এবং পঞ্চম তলায় ছিল ফ্যান্টম অ্যাপারেলস। পাঁচটি পোশাক কারখানার মধ্যে নিউ ওয়েভ বটমস ও নিউ ওয়েভ স্টাইলের মালিক হচ্ছেন বজলুস সামাদ আদনান, মাহবুবুর রহমান তাপস ও দেলোয়ার হোসেন। ফ্যান্টম অ্যাপারেলস ও ফ্যান্টম ট্যাকের মালিক হচ্ছেন আমিনুল ইসলাম, জাফর আহমেদ ও স্পেনের ডেভিড মেয়র। ইথারটেক্সের মালিক আনিসুর রহমান।

প্রভাবশালী ভবনমালিক

রানা প্লাজার মালিক যুবলীগের নেতা সোহেল রানা। সাভার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের একাধিক নেতা জানিয়েছেন, স্থানীয় আওয়ামী লীগের সাংসদ মুরাদ জংয়ের পক্ষে হরতালবিরোধী মিছিল ও সমাবেশ রানার নেতৃত্বেই হতো। রানা প্লাজা ধসে পড়ার দিনও মিছিলের প্রস্তুতি চলছিল। আওয়ামী লীগের স্থানীয় একাধিক নেতা জানান, রানাকে পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক করেন মুরাদ জং। সাভার পৌরসভা সূত্র জানিয়েছে, রানা প্লাজার নির্মাণ শুরু হয় ২০০৭ সালে। এর আগে জায়গাটি ছিল পরিত্যক্ত। পেছনের দিকে ছিল জলাশয়। ভবন নির্মাণ করার আগে বালু ফেলে ভরাট করা হয়। রানা প্লাজার উদ্বোধন হয় ২০১০ সালে। অভিযোগ রয়েছে, ভবনের পেছনের অংশ দখল করেছিলেন রানা। সাভার পরিবেশ উন্নয়ন পরিষদের সহসভাপতি রফিকুল ইসলাম মোল্লা বলেন, রানা প্লাজার পেছনের অংশ সরকারি খাল হিসেবেই দেখেছেন তিনি। যার নাম ছিল সাধাপুর খাল। সেটি দখল করে ভবন নির্মাণ করেন রানা।

রানা গ্রেপ্তার

বেনাপোল দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে গত ২৮ এপ্রিল রানাকে গ্রেপ্তার করে র্যাব। যশোরের বেনাপোল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে হত্যা, ইমাররত নির্মাণ, মাদক ও অস্ত্র আইনে মামলা হয়েছে। বিভিন্ন মামলায় এখন রিমান্ডে আছেন রানা।

মামলা

পুলিশ জানায়, ভবনধসের ঘটনায় রানাসহ ছয়জনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে সাভার থানায়। একটি মামলা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), অন্যটি সাভার থানার পুলিশ। এ ঘটনায় ইতিমধ্যে সংশ্লিষ্ট পোশাক কারখানার মালিক ও পৌরসভার প্রকৌশলীকে গ্রেপ্তার করা হয়েছে।

জিএসপি নিয়ে নতুন প্রশ্ন

সাভারে ভবনধসের বিয়োগান্ত ঘটনা যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) অব্যাহত রাখার সিদ্ধান্তকে প্রভাবিত করবে বলে ঢাকা ও ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রগুলো মনে করছে। সাভারের ঘটনা বাংলাদেশের জিএসপি-ভাগ্য নির্ধারণী প্রক্রিয়ায় প্রভাব ফেলবে কি না, তা মার্কিন রাষ্ট্রদূতের কাছে জানতে চাওয়া হয়েছিল। ড্যান মজীনা বলেন, ‘এটি কর্মপরিবেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলবে। আমি নিশ্চিত, এ ঘটনা অবশ্যই প্রভাব ফেলবে।’