থার্মেক্সের কর্মকর্তা গুলিবিদ্ধ, ৫৯ লাখ টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদী উপজেলার থার্মেক্স গ্রুপের একটি কারখানার শ্রমিকদের বেতনের টাকা নিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে ব্যবস্থাপক গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে ঢাকা-নরসিংদীর মঠখোলা সড়কের শিবপুর উপজেলার বান্দারদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের দাবি, দুর্বৃত্তরা কারখানার মাইক্রোবাসে থাকা ৫৯ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা জানান, গতকাল ছিল মনোহরদীর পাঁচকান্দিতে থার্মেক্স স্পিনিং মিলের শ্রমিকদের বেতন-ভাতা দেওয়ার দিন। কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) জাহিদ হোসেন দুপুরে সোনালী ব্যাংক নরসিংদী শহরের সিঅ্যান্ডবি সড়ক শাখা থেকে ৫৯ লাখ টাকা উত্তোলন করেন। টাকা নিয়ে মাইক্রোবাসে করে পাঁচকান্দি যাওয়ার সময় শিবপুরের বান্দারদিয়ায় একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেলে করে একদল অস্ত্রধারী ডাকাত গাড়িটির গতিরোধ করে। এ সময় ডাকাতেরা গাড়িতে থাকা ৫৯ লাখ টাকা লুটে নেয়। বাধা দিলে ডাকাতেরা গুলি ছুড়ে। এ সময় জাহিদ হোসেন গুলিবিদ্ধ হন। আহত হন সহকারী ব্যবস্থাপক (অর্থ) ফারুকুজাম্মান ও গাড়ির চালক আসাদ।আহতদের প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, এ ঘটনায় থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপক (সমন্বয়) জয়নাল আবেদীন বাদী হয়ে অজ্ঞাতনামা ৮/১০ জনকে আসামি করে ডাকাতি আইনে একটি মামলা করেছেন। ডাকাতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।