থিয়েটার পুণ্যভূমির ‘মাকড়সা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এখনো দেয়ালের কোণে জাল বোনে বৃহৎ আকৃতির কয়েকটি মাকড়সা।’ কথকের কথকতায় মাকড়সা নাটকে এভাবেই ফুটে ওঠে সমাজের মাকড়সার প্রতিরূপ প্রভাবশালীদের হাতে নির্যাতিত-বঞ্চিত অসহায় মানুষের জীবনগাথা। মাকড়সা নাটকের প্রেক্ষাপট মহানন্দপুর নামের একটি গ্রাম। নাটকটিতে উঠে এসেছে তৃণমূল পর্যায়ের খেটে খাওয়া মানুষের জীবনসংগ্রাম, শোষণ-বঞ্চনার কাহিনি। তরুণ নাট্যকর্মীদের নিয়ে গড়া ঢাকার নতুন নাটকের দল ‘থিয়েটার পুণ্যভূমি’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে গতকাল রোববার শিল্পকলা একাডেমীতে মঞ্চস্থ হলো নাটকটি। চলতি মাসের ৮ তারিখ পূর্ণ হয়েছে প্রথম বর্ষ। সেই উপলক্ষেই ‘সৃষ্টি সুখের উল্লাসে’ স্লোগান নিয়ে গতকাল থেকে দলটির আয়োজনে শুরু হলো দুই দিনের নাট্যমেলা।সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে নাট্যমেলার উদ্বোধন করেন নাট্যজন ইনামুল হক। প্রধান অতিথি ছিলেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। দলের আহ্বায়ক জুলফিকার হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী। সন্ধ্যায় উদ্বোধন হলেও আয়োজনের পালা শুরু হয় বিকেল থেকেই। নাট্যশালার লবিতে সংগীত পরিবেশনায় অংশ নেয় সংগীত সংগঠন ‘শিকড়’। থিয়েটার পুণ্যভূমি মঞ্চস্থ করে কবি শামসুর রাহমানের ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’ কবিতা অবলম্বনে কাব্যনাটক স্বাধীনতা তোমার জন্য।উদ্বোধনী পর্বের শেষে মঞ্চস্থ হয় তাদের প্রথম প্রযোজনা মাকড়সা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক লুৎফর রহমান রচিত এই নাটকটির নির্দেশনা দিয়েছেন জুলফিকার হুসাইন।নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছের স্বর্ণ পারুল, জুলফিকার হুসাইন, মাহমুদুল ইসলাম, জুবায়ের মোস্তফা, আসাদ জোবায়ের প্রমুখ। আজ সোমবার নাট্যমেলার শেষ দিন এখানে ‘বগুড়া থিয়েটার’ মঞ্চস্থ করবে নাটক কৈবর্ত বিদ্রোহ।