থেমে আছে দুটি উন্নয়ন প্রকল্পের কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুরে মাঝপথে থেমে গেছে দুটি উন্নয়ন প্রকল্পের কাজ। প্রকল্প দুটি হচ্ছে উলিপুর প্রাথমিক শিক্ষা অফিস ভবন ও বিষ্ণুবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজ। খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৫-০৬ অর্থবছরে চারদলীয় জোট সরকারের আমলে শিক্ষা অফিস ভবনের জন্য ২৩ লাখ ৭০ হাজার টাকা এবং বিদ্যালয় ভবনটির জন্য ১৩ লাখ ৩৫ হাজার টাকা ব্যয় ধরা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান কুড়িগ্রামের মোস্তফা ট্রেডার্সকে ২০০৬ সালের মে মাসে প্রকল্প দুটির কার্যাদেশ দেওয়া হয়। এক বছরের মধ্যে কাজ শেষ করার নির্দেশ থাকলেও অদ্যাবধি তা হয়নি। শুরুতে ঠিকাদারি প্রতিষ্ঠান ওই দুটি প্রকল্প বাস্তবায়নে নিম্নমানের কাজ করায় এবং অনিয়ম-দুর্নীতির আশ্রয় নেওয়ায় উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ করে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তদারককারী উপসহকারী প্রকৌশলী আফসার আলীকে সাময়িক বরখাস্ত করা হয়। অবস্থা বেগতিক দেখে ঠিকাদার কাজ বন্ধ করে দেন। কিন্তু তার আগেই তিনি অগ্রিম বিল বাবদ আট লাখ ৫৩ হাজার ৬৮৩ টাকা তুলে নেন।বিষ্ণুবল্লভ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা রাজিয়া জানান, বিদ্যালয় ভবনটি দীর্ঘদিনেও নির্মিত না হওয়ায় ১৯৩ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষককে নিদারুণ কষ্ট ভোগ করতে হচ্ছে। এ ছাড়া বিদ্যালয়ে আসবাবপত্র ও নলকূপ না থাকায় শিক্ষার্থীদের তৃষ্ণা নিবারণ এবং বসার জায়গা দেওয়া যাচ্ছে না। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ফারজানা, পঞ্চম শ্রেণীর মনিরুজ্জামান, নুর আলম, রেবা বেগম জানায়, ছোটদের ছুটি হওয়ার পর তাদের ক্লাস শুরু হয়। পর্যাপ্ত বেঞ্চ না থাকায় মাটিতে বসে ক্লাস করতে হয়। এভাবে ক্লাস করতে তাদের ভালো লাগে না। এলাকার অভিভাবক আবুবকর জানান, বিদ্যালয় ভবনটির নির্মাণকাজ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় এবং বেঞ্চসহ আসবাবপত্র-সংকটে দিন দিন শিক্ষার্থীর সংখ্যা কমছে। সরজমিনে দেখা গেছে, অফিস ভবনটির নির্মাণকাজ দীর্ঘদিনেও সম্পন্ন না হওয়ায় এখানকার কর্মকর্তা-কর্মচারীরা উপজেলা পরিষদের দুটি কক্ষে কোনোরকমে কাজ চালিয়ে যাচ্ছেন। কার্যালয়ের প্রধান সহকারী মজিবর রহমান বলেন, ‘আমাদের বসার জায়গা নাই। এর উপর শিক্ষকেরা বিভিন্ন কাজে দপ্তরে এলে তাঁদের বসতে দিতে পারি না। একজন সম্মানিত শিক্ষককে দাঁড়িয়ে রেখে কাজ করতে আমাদের খারাপ লাগে।’ উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। এ ব্যাপারে সঠিক তথ্য জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’ এলজিইডির উপজেলা প্রকৌশলী রুহুল আমিন জানান, ঠিকাদার বাতিল করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। খুব শিগগিরই নতুন ঠিকাদার নিয়োগ করে প্রকল্প দুটির কাজ শুরু করা হবে।