দরাজ কণ্ঠ ছিল তাঁর। সেই কণ্ঠ যেমন সংগীতানুরাগীদের মধ্যে সুরের সুধা ঢেলেছে, তেমনি দেশমাতৃকার পরাধীনতার গ্লানিমোচনের যুদ্ধে পরিণত হয়েছিল শাণিত হাতিয়ারে। থেমে গেল সেই কণ্ঠ কর্কট রোগের পরাক্রমে। গতকাল রোববার মুক্তিযুদ্ধের শব্দসৈনিক, দেশের বিশিষ্ট গণসংগীতশিল্পী ও সংগীতজ্ঞ অজিত রায় পরলোকগমন করেছেন।গত পাঁচটি দশক অজস্র গানে ও সুরে ভরিয়েছেন তিনি বাংলার সংগীতভুবন। বেলা একটা পাঁচ মিনিটে বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই গণসংগীতশিল্পী। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী বুলা রায়, মেয়ে শ্রেয়সী রায়, ছেলে রোমাঞ্চ রায়সহ অসংখ্য সুহূদ ও গুণমুগ্ধ শ্রোতা রেখে গেছেন।রোমাঞ্চ রায় জানান, শিল্পীর মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আজ সোমবার সকালে মিরপুরের ১২/১১ কল্যাণপুর হাউজিং সোসাইটির বাসভবনে মরদেহ নিয়ে যাওয়া হবে। এরপর সকাল ১০টায় তাঁর দীর্ঘদিনের কর্মস্থল শাহবাগের বেতার কেন্দ্রে নেওয়া হবে। সেখান থেকে সাড়ে ১০টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। রাখা হবে দুপুর ১২টা পর্যন্ত। সেখানে তাঁকে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান জানানো হবে। এরপর অন্তিম প্রার্থনার জন্য মরদেহ রামকৃষ্ণ মিশনে নেওয়া হবে। প্রার্থনা শেষে পোস্তগোলার শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার বেলা ১১টার পর থেকেই অজিত রায়ের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ১১টা ২০ মিনিটে তাঁর হূদ্যন্ত্র অকার্যকর হয়ে পড়ে। এরপর কৃত্রিমভাবে হূদ্যন্ত্র সচল রাখার চেষ্টা করা হয়, কিন্তু তাতে কাজ হয়নি। পরিবারের সম্মতিতে বেলা একটা পাঁচ মিনিটে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসযন্ত্র প্রত্যাহার করে নেওয়া হয়।এর আগে অজিত রায়ের মেয়ে শ্রেয়সী রায় জানিয়েছিলেন, গত ২৬ আগস্ট শিল্পীর অবস্থার অবনতি হলে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। ২৮ আগস্ট তাঁকে বারডেমের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। শনিবার তাঁর ব্রঙ্কোস্কোপি করা হয়। এর পর থেকেই তাঁর শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন ছিল। কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস দেওয়া হচ্ছিল। তিনি অনেক দিন থেকে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। কলকাতায় দুই দফায় তাঁর ফুসফুসে অস্ত্রোপচার করা হয়।অজিত রায় জন্মগ্রহণ করেন ১৯৩৮ সালের ২৯ জুন, কুড়িগ্রাম জেলার উলিপুরে। বাবা-মায়ের কর্মসূত্রে বড় হয়েছেন রংপুর শহরে। বাবা মুকুন্দ চন্দ্র রায় ছিলেন রংপুরের কালেক্টর অফিসের ‘বড়বাবু’। মা কণিকা রায় ছিলেন সালেমা বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষিকা। মায়ের আরেকটি বড় পরিচয় ছিল, শহরের অন্যতম সংগীতশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক। মায়ের হাতেই তাঁর সংগীতে হাতেখড়ি। অজিত রায় পুরোপুরি সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এরই মধ্যে বায়ান্নর ভাষা আন্দোলন তাঁকে আন্দোলিত করে।ষাটের দশকের শুরুতে অজিত রায় চলে আসেন ঢাকায়। প্রতিভাগুণে জায়গা করে নেন বেতারে। সূচনালগ্ন থেকেই কাজ করেছেন বাংলাদেশ টেলিভিশনে। গান গেয়েছেন বিভিন্ন চলচ্চিত্রেও। এর মধ্যে জহির রায়হানের জীবন থেকে নেয়া ছবিতে ‘আমার সোনার বাংলা’ গানে তিনি কণ্ঠ দেন। ওই ছবিতে ‘কারার ঐ লৌহকবাট’ ও ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’সহ বহু হূদয়স্পর্শী গানের সুরস্রষ্টা তিনি।মুক্তিযুদ্ধ শুরু হলে যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। এ সময় তাঁর গাওয়া ‘আমার সোনার বাংলা’, ‘জাগো অনশন বন্দী’, ‘বাংলার মুখ আমি দেখিয়াছি’সহ বিভিন্ন গান সাহস জুগিয়েছে যুদ্ধাক্রান্ত জাতিকে। এ ছাড়া তিনি ‘চাঁদ তুমি ফিরে যাও’, ‘স্বাধীন স্বাধীন দিকে দিকে’, ‘শৃঙ্খলভাঙা সুর বাজে’সহ বিভিন্ন গানের সুর করেন।প্রচারবিমুখ বিনয়ী শিল্পী ও সুরকার অজিত রায়ের আরও একটি বিশেষ অবদান—রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, সুকান্ত ভট্টাচার্য, সিকান্দার আবু জাফর, শামসুর রাহমানের অনেক বিখ্যাত কবিতায় সুরারোপ। কবিতায় সুরারোপ করা গানের সংখ্যা পঞ্চাশের বেশি। এর মধ্যে রয়েছে নজরুলের ‘ধূমকেতু’, সুকান্তের ‘রানার ছুটেছে রানার’, ‘হে মহামানব একবার এসো ফিরে’, জীবনানন্দ দাশের ‘আবার আসিব ফিরে’—এসব।এ ছাড়া অজিত রায় রিপোর্টার, জীবন থেকে নেয়া, যে আগুনে পুড়ি, জন্মভূমি, কোথায় যেন দেখেছি ও কসাই-এর মতো বিখ্যাত সব চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন। সুরজ মিয়া নামের একটি চলচ্চিত্রে অভিনয়ও করেছেন।অজিত রায় ১৯৭২ সালে সংগীত প্রযোজক হিসেবে বেতারে যোগ দেন। বিয়ে করেন ১৯৭৩ সালে। জীবনসংগ্রামে সহধর্মিণী বুলা রায় সব সময় পাশে থেকে জুগিয়েছেন সাহস আর প্রেরণা। বেতার থেকে ১৯৯৬ সালে অবসর নেওয়ার পর অধিকাংশ সময় ব্যয় করেন নিজের হাতে গড়া ‘অভ্যুদয়’ নামের গানের স্কুলে।গতকাল অজিত রায়ের মৃত্যুতে দেশের শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। বারডেমে মন্ত্রী, রাজনীতিক, শিল্পী, সাংস্কৃতিক কর্মী ও তাঁর গুণমুগ্ধ শ্রোতারা ছুটে যান। তাঁদের মধ্যে ছিলেন সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, সাংসদ রাশেদ খান মেনন, আসাদুজ্জামান নূর, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, নাট্যজন রামেন্দু মজুমদার, শিল্পী আবদুল জব্বার, রথীন্দ্রনাথ রায়, সুজেয় শ্যাম, ইন্দ্রমোহন রাজবংশী, তপন মাহমুদ, রফিকুল আলম, তিমির নন্দী, ফকির আলমগীর, লিলি ইসলাম, বিশ্বজিৎ রায়, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, সম্পাদক হাসান আরিফসহ অনেকে।শিল্পী অজিত রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। শোকবাণীতে তিনি শিল্পীর দীর্ঘ সংগীতজীবনের অবদানের কথা স্মরণ করে বলেছেন, দেশ এক বরেণ্য শিল্পীকে হারাল।প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর শোকবাণীতে বলেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী হিসেবে মহান মুক্তিযুদ্ধে অজিত রায় অবদান রেখেছেন। এ ছাড়া বাংলাদেশের প্রতিটি গণ-আন্দোলনে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। জাতি তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।এ ছাড়া বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক, জাতীয় সংসদের চিফ হুইপ মো. আব্দুস শহীদ, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন প্রমুখ শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। এ ছাড়া তাঁর মৃত্যুতে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলা একাডেমী, ছায়ানট, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ, সংস্কৃতি মঞ্চ, জয় বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট, বাংলাদেশ সংগীত পরিষদ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট শোক প্রকাশ করে বিবৃতি পাঠিয়েছে।পুরস্কার: শিল্পী অজিত রায়কে তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে ২০০০ সালে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পদক’-এ ভূষিত করা হয়। এ বছর রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকীতে তাঁকে ‘রবীন্দ্র পদক’ দেওয়া হয়। এ ছাড়া তিনি ‘শব্দসৈনিক’ পদক পেয়েছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শিল্পী পরিষদ থেকে। তিনি সিকোয়েন্স পদক, বেগম রোকেয়া পদক, ঋষিজ শিল্পীগোষ্ঠী পদক, রবিরশ্মি পদকসহ বিভিন্ন পদক ও সম্মাননা পেয়েছেন।