আশিতে এসে থেমে গেল শিল্পী আমিনুল ইসলামের জীবনরেখা। আমাদের দেশের আধুনিক চিত্রকলার পথিকৃৎ আমিনুল ইসলাম তাঁর বিচিত্র কাজের মধ্যে রেখার ছন্দ, গতিময়তা ও চলন নিয়ে নানামাত্রিক আকৃতি আর বিন্যাসের নিরীক্ষায় মগ্ন থেকেছেন দীর্ঘকাল। সেই নান্দনিক রেখা টানা থেমে গেল চিরতরে গতকাল শুক্রবার। খুব ভোরে ঘুমের মধ্যেই তিনি চলে গেছেন জাগরণহীন চিরনিদ্রায় (ইন্না লিল্লাহি...রাজিউন)।শিল্পীর স্ত্রী রুবি ইসলাম বললেন, ‘ভোর চারটার দিকে আমার ঘুম ভেঙেছে। ওর দিকে তাকিয়ে মনে হলো, কেমন যেন নিথর হয়ে আছে। খুব তাড়াতাড়ি করে আমরা ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাই। তখন পাঁচটার মতো হবে। চিকিৎসকেরা জানান, অনেক আগেই তিনি চলে গেছেন।’আমিনুল ইসলাম বেশ কিছুদিন ধরেই প্রোস্টেট গ্ল্যান্ডের ক্যানসারে ভুগছিলেন। প্রায়ই তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হচ্ছিল। শেষ দিকে চোখেও ভালো দেখতে পেতেন না। সর্বশেষ ছবি এঁকেছিলেন গত আগস্ট মাসে। তিনি স্ত্রী, তিন কন্যা কৃষ্ণা ইসলাম, গ্রিসা ইসলাম, রত্না মারিয়াসহ অসংখ্য গুণমুগ্ধ অনুরাগী রেখে গেছেন।শিল্পী আমিনুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের চিত্রশিল্পের বিকাশে তিনি ব্যাপক অবদান রেখেছেন। শোকবাণীতে তিনি মরহুমের রুহের মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এ ছাড়া তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ ও তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।বেলা ১১টায় শিল্পীর মরদেহ আনা হয়েছিল তাঁর শিক্ষা ও কর্মস্থল চারুকলা অনুষদে। শ্রদ্ধা জানাতে এসেছিলেন যেসব স্বজন, সহকর্মী, অনুুজ ও অনুরাগী, প্রিয়জন হারানোর বেদনাতে তাঁদেরও মলিন মুখ। জয়নুল গ্যালারির সামনেই রাখা হয়েছিল তাঁকে। সেখানে চারুকলা অনুষদ, শিল্পকলা একাডেমী, সম্মিলিত সাংস্কৃতিক জোট, চারুশিল্পী সংসদ, ছায়ানট, ঢাকা আর্ট সেন্টার, বেঙ্গল ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে শিল্পীর অনুরাগীরা পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেন।এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। বাদ জুমা জানাজার পর বনানী কবরস্থানে চিরশয্যায় শিল্পীকে শায়িত করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী মঙ্গলবার বাদ আসর তাঁর বাসভবনে (বাড়ি-২, সড়ক-৭৬, গুলশান-২) কুলখানি অনুষ্ঠিত হবে।জীবন ও কৃতিমাতুলালয় ঢাকার অদূরে টেটিয়ায় ১৯৩১ সালের ৭ নভেম্বর শিল্পী আমিনুল ইসলামের জন্ম। ঢাকাতেই পড়ালেখা শুরু মাহুতটুলী প্রাথমিক বিদ্যালয়ে। শিল্পাচার্য জয়নুল আবেদিনের প্রতিষ্ঠিত ঢাকা সরকারি আর্ট ইনস্টিটিউটের তিনি ছিলেন প্রথম ব্যাচের শিক্ষার্থী। ভর্তি হয়েছিলেন ১৯৪৮ সালে, প্রথম বিভাগে স্নাতক হন ১৯৫৩ সালে। আর্ট কলেজের সেই দিনগুলোর স্মৃতিচারণা করতে গিয়ে শিল্পী কাইয়ুম চৌধুরী বললেন, ‘আমরা প্রায় একসঙ্গেই আঁকাজোকা শুরু করেছিলাম। কলেজে যদিও আমি তাঁর এক বছরের জুনিয়র ছিলাম, তবে গভীর বন্ধুত্ব তৈরি হয়েছিল।’ শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে এসেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুুল মুহিত। বললেন, ‘১৯৪৯ সালে কামরুল হাসান আমিনুল ইসলামের সঙ্গে আমার পরিচয় করিয়ে দেন। আমাদের চারুকলায় তাঁর অবদান ব্যাপক।’শিল্পীর ঘনিষ্ঠ বন্ধু প্রাবন্ধিক ও গবেষক বদরুদ্দীন উমর বলেন, ‘ছাত্রজীবনে ভাষা আন্দোলন ও প্রগতিশীল আন্দোলনে ওর ভূমিকার কথা তেমন করে আলোচনায় আসেনি। অনেকে নিজের কথা উচ্চকণ্ঠে বলে বেড়ায়। ও বলত না।’ একই রকম মন্তব্য করলেন লেখক সৈয়দ শামসুল হক, ‘আমাদের প্রগতিশীলতা, আধুনিকতা, সমকালীনতার মহত্তমদের একজন চলে গেলেন। কিন্তু যে ভিত তিনি তৈরি করে দিয়ে গেলেন, তা যেন মাটির তলায় চলে না যায়।’ প্রাবন্ধিক মফিদুল হক বলেন, ‘পাকিস্তান আমলে যে কূপমণ্ডূকতা আরোপ করার চেষ্টা হয়েছিল, তা ভেঙে বেরিয়ে আসতে যাঁরা নিজেরা উদ্যোগী হয়েছিলেন, আমিনুল ইসলাম ছিলেন তাঁদের অন্যতম।’আর্ট কলেজের পাঠ শেষে সে বছরই ইতালি সরকারের বৃত্তি নিয়ে ফ্লোরেন্সের ‘আকাদেমিয়া দ্য বেলি আর্তিতে’ উচ্চশিক্ষা গ্রহণ করতে যান আমিনুল ইসলাম। ১৯৫৬ সালে শিক্ষা শেষে ফিরে এসে আর্ট ইনস্টিটিউটে শিক্ষকতায় যোগ দেন। শিল্পী রফিকুন নবী সেই সময়ের স্মৃতিচারণা করে বললেন, ‘ইতালি থেকে ফেরার পর একটি নতুন চিত্রভাষা তাঁর কাজে পরস্ফুিটিত হয়েছিল। এ সময়েই তাঁকে আমি শিক্ষক হিসেবে পাই। কর্মোদ্যমে ভরপুর প্রাণোচ্ছল ব্যক্তিত্ব। ‘অ্যাকাডেমিক’ ও ‘স্টাইলাইজড’ দুই ধরনের ড্রয়িংয়েই তিনি ছিলেন অসাধারণ। তিনি আধুনিক চিত্রকলার পথিকৃৎ। অত্যন্ত বড় মাপের শিল্পী।’ইতালি থেকে এসে তিনি যে প্রদর্শনী করেছিলেন, সেই কাজ ছিল একেবারেই ভিন্ন রীতির। ভাস্কর হামিদুজ্জামান বললেন, ‘শুধু ফর্ম, স্পেস, রঙের কম্পোজিশনের সেই কাজগুলো আমাদের জন্য ছিল একেবারেই নতুন অভিজ্ঞতা। এ ধরনের ছবি আগে আমরা দেখিনি।’ অগ্রগণ্য শিল্পী আবু তাহেরও বললেন সেই কথা। আমিনুল ইসলাম আর্ট কলেজের অধ্যক্ষ হন ১৯৭৯ সালে, ১৯৮৩ সালে স্বেচ্ছা-অবসর নিয়ে তিনি স্বাধীনভাবেই চারুকলা চর্চা ও চারুকলাবিষয়ক লেখালেখিতেই নিমগ্ন ছিলেন।শিল্পসমালোচক সামসুল ওয়ারেস তাঁর মূল্যায়ন করতে গিয়ে বলেন, ‘তিনি আমাদের আধুনিকতার পথিকৃৎ। তিনি যখন এখানে আধুনিক চিত্র রচনা করেছেন, তখন কলকাতাতেও প্রাচ্যরীতির কাজ চলছে, আধুনিকতার সূচনা হয়নি।’ অধ্যাপক মুনতাসীর মামুনও এদিকটি তুলে ধরলেন, ‘জয়নুল আবেদিন এখানে প্রাতিষ্ঠানিক চারুকলা চর্চার ক্ষেত্রে পথিকৃতের ভূমিকা পালন করেছেন, তবে আমিনুল ইসলামই ছিলেন আধুনিক চিত্রকলার পুরোধা ব্যক্তিত্ব।’ শিল্পী সমরজিৎ রায় চৌধুরীর মন্তব্য, ‘তিনি ছিলেন আমাদের দেশের স্বর্ণযুগের শিল্পী।’ শিল্পী মনিরুল ইসলামের মূল্যায়ন, ‘কোনো প্রথাগত ধারণার মধ্যে তিনি আবদ্ধ থাকেননি।’ শিল্পী আবুল বারক আলভী শিক্ষকতার দিকটি তুলে ধরলেন, ‘ছাত্রদের তিনি অনুপ্রাণিত করতেন, শেখাতেন, সাহসী করে তুলতেন।’ আবৃত্তিশিল্পী কাজী আরিফ বলেন, ‘জীবনানন্দের কবিতা মনে পড়ছে: সব পাখি ঘরে আসে—সব নদী—ফুরায় এ-জীবনের সব লেনদেন;...। তিনি তাঁর জীবনের লেনদেন চুকিয়ে গেলেন। এখন আমাদের পালা তাঁর কৃতিকে আগলে রাখা।’আরও অনেকে এসেছিলেন শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। তাঁদের মধ্যে ছিলেন প্রবীণ সাংবাদিক ফয়েজ আহ্মদ, শিল্পী অনুষদের ডিন এ হ ম মতলুব আলী, নাট্যজন রামেন্দু মজুমদার, শিল্পী ফরিদা জামান, আবদুস সাত্তার, নিসার হোসেন, শিশির ভট্টাচার্য্য, বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালক সুবীর চৌধুরী, শিল্পী মনিরুজ্জামান, নাসিম আহমেদ নাদভী, শামসুদ্দোহা, রণজিৎ দাস, মাহবুবুর রহমান, তৈয়বা বেগম লিপি, আনিসুজ্জামান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, সম্পাদক হাসান আরিফ প্রমুখ।দেশে আমিনুল ইসলামের ১০টি একক প্রদর্শনী এবং বিদেশে তাঁর কাজের বহু যৌথ প্রদর্শনী হয়েছে। আমিনুল ইসলাম শিল্পকর্মে অসাধারণ অবদান রাখার জন্য ১৯৫৭ সালে জাতীয় চারুকলা প্রদর্শনী পুরস্কার, ১৯৬৬ সালে পঞ্চম তেহরান বিয়েনিয়াল ‘গ্র্যান্ড ইম্পিরিয়াল প্রাইজ’, ১৯৮১ সালে বাংলাদেশ সরকারের একুশে পদক, ১৯৮৫ সালে চারুশিল্পী সম্মাননা পদক, ১৯৮৮ সালে স্বাধীনতা দিবস পদকসহ বিভিন্ন পদক পেয়েছেন।