থেমে গেলেন ‘মধ্যরাতের অশ্বারোহী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোরের আলো ফোটার আগেই ‘মধ্যরাতের অশ্বারোহী’ থেমে গেলেন। ৮৪ বছর বয়সে জীবনের পথপরিক্রমা শেষ করলেন বহুমাত্রিক গুণান্বিত মানুষ ফয়েজ আহ্মদ। গতকাল সোমবার ভোররাত চারটার দিকে তিনি বুকে ব্যথা অনুভব করেন। দ্রুত হাসপাতালে আনাও হয়েছিল। তবে চিকিৎসকদের তখন করার কিছুই ছিল না। ‘প্রাগুক্ত’ শিরোনামে সাপ্তাহিক বিচিত্রায় তাঁর একটি ধারাবাহিক আত্মজৈবনিক রচনা প্রকাশিত হয়েছিল। শুরু থেকেই অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠা সেই রচনা গ্রন্থাকারে তিনটি খণ্ডে প্রাশিত হয়। এবারের মেলায় ‘মধ্যরাতের অশ্বারোহী’ ট্রিলজি যখন একত্রে প্রকাশিত হলো, তিনিই তখন চলে গেলেন অন্য এক জগতের অভিযাত্রী হয়ে। যাওয়ার আগে চোখ দিয়ে গেলেন অন্ধজনের দৃষ্টির আলো ফোটাতে। নশ্বর দেহ দিলেন চিকিৎসাবিজ্ঞানের কল্যাণে।সাংবাদিকতা থেকে সাহিত্য, রাজনীতি থেকে সাংস্কৃতিক আন্দোলন— গত ৬০ বছরেরও বেশি সময় ধরে ফয়েজ আহ্মদ এ দেশে তাঁর অবস্থান পুরোধাদের সঙ্গে মিলিয়ে নিয়েছিলেন অসামান্য কর্মতৎপরতায়। ব্যক্তিগত সংসারের মায়া কাটানো এই চিরকুমার মানুষটি তাঁর কর্মপরিমণ্ডলে গড়ে তুলেছিলেন এক বিরাট পরিবার। সেই পরিবারের সদস্যরাই তাঁর চির প্রস্থানে এসেছিলেন অন্তিম শ্রদ্ধা নিবেদন করতে। ব্যথাহত চিত্তে, অশ্রুসজল হয়ে। অপরাহ্নের আলোয় এই ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দিয়ে বিদায় জানানো হয়েছে।রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া পৃথক বাণীতে তাঁর অবদানের কথা স্মরণ করে গভীর শোক ও সমবেদনা জানিয়েছন।‘আপনি কি হাসপাতালের লোক’—এই ছিল তাঁর শেষ কথা, প্রথম আলোকে জানালেন তাঁর ব্যক্তিগত সহকারী আতিকুর রহমান। ধানমন্ডির বাসভবনে ফয়েজ আহ্মদের সঙ্গেই থাকেন আতিকুর রহমান। তিনি জানান, বার্ধক্যজনিত নানা সমস্যা থাকলেও ইদানীং তিনি বেশ ভালোই ছিলেন। রোববার রাতেও আহার করেছেন, টিভি দেখেছেন। এবার মেলায় তাঁর পাঁচ-ছয়টি বই প্রকাশিত হচ্ছে। শনিবারই সূচীপত্র থেকে প্রকাশিত হয়েছে আমার সাম্প্রতিক লেখা। প্রকাশক বইটি দিয়ে গিয়েছিলেন। এই বইটিই রাতে তিনি উল্টেপাল্টে দেখেছেন। রাত আনুমানিক চারটার দিকে তিনি বুকে ব্যথা বোধ করেন। আতিকুরকে ডাকেন। আতিকুর দ্রুত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যোগাযোগ করে অ্যাম্বুলেন্স পাঠাতে বলেন। অ্যাম্বুলেন্স এলে তিনি আতিকুরের কাঁধে ভর দিয়ে পায়ে হেঁটেই তিনতলা থেকে নামেন। এ সময় ব্যথাও কমে এসেছিল। অ্যাম্বুলেন্সে ওঠার আগে চালককে ওই কথা বলেছিলেন তিনি। তারপর বিছানায় শুয়ে পড়েন।হাসপাতাল থেকে প্রথমে তাঁকে আনা হয়েছিল ধানমন্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে। তিনি এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। সেখান থেকে বেলা ১১টায় আনা হয় জাতীয় প্রেসক্লাবে। এখানে জানাজা হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ভাস্কর্যের পাদদেশে কফিন রাখা হয় সবার শ্রদ্ধা নিবেদনের জন্য। বেলা দেড়টা পর্যন্ত। তারপর পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কার্যালয়ে। এখানেই তাঁকে গার্ড অব অনার দেওয়ার পর তাঁর অন্তিম ইচ্ছানুসারে মরদেহ দেওয়া হয় বাংলাদেশ মেডিকেল কলেজে। ২৫ ফেব্রুয়ারি বিকেল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে হবে তাঁর স্মরণে নাগরিক শোকসভা।দেশের প্রায় সব রাজনৈতিক দলের পক্ষ থেকে শীর্ষপর্যায়ের নেতারা, মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, সাংসদ, সাংস্কৃতিক নেতা-কর্মী, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক, শিক্ষাবিদ, সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিল্পপতি, ব্যবসায়ী থেকে শুরু করে অভিভাবকদের সঙ্গে অনেক শিশুও এসেছিল ফুল হাতে তাদের প্রিয় ছড়াকারকে বিদায় দিতে।অধ্যাপক আনিসুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘বহুকালের বন্ধুত্ব। সাংবাদিকতা, ছড়া ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। এত দিন পরে সঙ্গীহারা হলাম।’ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘অকৃতদার ফয়েজ আহ্মদের বিরাট পরিবার ছিল। আমরা ছিলাম সেই পরিবারের সদস্য। আমাদের সমাজে এমন অনুসরণীয় দৃষ্টান্ত বেশি নেই।’ সাংবাদিক কামাল লোহানী বলেন, ‘সাংবাদিকতার ক্ষেত্রে বস্তুনিষ্ঠতার যে যোগ্যতা এবং সম্পাদক হিসেবে যে দায়িত্বজ্ঞান থাকা প্রয়োজন, তাঁর মধ্যে সেটি পূর্ণমাত্রায় ছিল, যা এখন প্রায় বিরল।’ শিল্পী মনিরুল ইসলাম বলেন, ‘নব্বইয়ের দশকের শুরুতে ঢাকায় প্রথম একটি আধুনিক বাণিজ্যিক চিত্রকলার গ্যালারি প্রতিষ্ঠার মধ্য দিয়ে তিনি চারুশিল্পকে এগিয়ে নিতে এর বিপণন ও ক্রেতা সৃষ্টিতে অনন্য ভূমিকা রেখেছেন।’ অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, ‘নিরাপত্তার অজুহাতে তাঁর মতো মানুষকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে না নেওয়ার বিষয়টি দুঃখজনক।’অপরাজেয় বাংলার পাদদেশে শ্রদ্ধা নিবেদনের পর এক মিনিট নীরবতা পালন করা হয়। সমবেতজনের উদ্দেশে ফয়েজ আহ্মদের কর্মময় জীবনের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ। তিনি বলেন, সংস্কৃতিকর্মীদের কাছে তিনি ছিলেন পিতৃসম। ১৯৮৩ সালে তিনিই সারা দেশের সাংস্কৃতিক কর্মীদের ঐক্যবদ্ধ করে এই জোট গঠন করে সভাপতি হিসেবে এক যুগের বেশিকাল নেতৃত্ব দিয়েছেন। রাষ্ট্রভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং তারপর মৌলবাদ, সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলনে তিনি নেতৃত্বের ভূমিকায় ছিলেন। ১৯৮৭ সালে দেশের দুই প্রধান নেত্রীকে একসঙ্গে বৈঠকে বসার জন্য মধ্যস্থতা করে স্বৈরাচারবিরোধী আন্দোলনকে সাফল্যের দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাঁর অবদান অবিস্মরণীয়।ফয়েজ আহ্মদের জন্ম ১৯২৮ সালের ২ মে বিক্রমপুরের বাসাইলডোগ গ্রামে। ছোটবেলাতেই বিয়াল্লিশের ‘ভারত ছাড়’ আন্দোলন ও তেতাল্লিশের মন্বন্তর তাঁর মনে গভীর প্রভাব ফেলেছিল। কৈশোরেই তিনি বাম আন্দোলনের সঙ্গে যুক্ত হন, কারারুদ্ধ অবস্থায় ১৯৬০ সালে কমিউনিস্ট পার্টির সদস্যপদ পান। আমৃত্যু পার্টির সদস্য ছিলেন। ভাষা আন্দোলনে অংশ নিয়েছেন। ২৫ মার্চের রাতে জাতীয় প্রেসক্লাবে পাকিস্তানি হামলায় আহত হয়েও সীমান্ত পার হয়ে ভারতে যান এবং স্বাধীন বাংলা বেতারে অংশ নেন।কর্মজীবনে ইত্তেফাক, সংবাদ, আজাদ, পূর্বদেশ পত্রিকায় প্রধান প্রতিবেদকের দায়িত্ব পালন করেছেন। ১৯৬৬ সালে তাঁর হাতেই পিকিং রেডিওর বাংলা অনুষ্ঠানের সম্প্রচার শুরু হয়। ১৯৫০ সালে হুল্লোড়, ১৯৭১ সালে স্বরাজ পত্রিকার সম্পাদক এবং স্বাধীনতার পর বাংলাদেশে সংবাদ সংস্থার প্রথম সম্পাদকের দায়িত্ব পালন করেন।ছড়াকার হিসেবেও তিনি ছিলেন অগ্রগণ্য। ভারত ভাগের পর গঠিত প্রগতি ও মুক্তির ধারক পাকিস্তান সাহিত্য সংসদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা গদ্য-পদ্য-অনুবাদ মিলিয়ে শতাধিক। পেয়েছেন বাংলা একাডেমী পুরস্কার, রাষ্ট্রীয় একুশে পদকসহ বিভিন্ন পুরস্কার।এক দারুণ কাণ্ড ঘটিয়েছিলেন তিনি তরুণ বয়সে। কমিউনিস্ট পার্টির পূর্ণাঙ্গ সদস্যপদ পাওয়ার আগেই পার্টির নির্দেশে ১৯৫৪ সালে বিনা পাসপোর্টে ভিয়েনায় অনুষ্ঠিত যুবসম্মেলনে যোগ দিয়েছিলেন। এভাবে ইরান থেকে ১৮ জন ও মেক্সিকো থেকে ছয়জন ওই সম্মেলনে যোগ দিয়েছিলেন। সম্মেলনে ‘হিরো’ বলে সম্মান জানানো হয়েছিল তাঁদের। হিরোর মতোই কাটিয়ে দিলেন জীবন। মৃত্যুতেও নয় কি? দেহটিও তো দিয়ে গেলেন মানবকল্যাণে!