থেমে থাকা বাসটির ওপর এসে পড়ল দুটি বাস, নিহত ১০
বাসটি রাস্তার ওপর থেমে গিয়েছিল যান্ত্রিক ত্রুটির কারণে। ঘন কুয়াশায় দেখতে না পেয়ে পেছন দিক থেকে আরেকটি বাস ধাক্কা দেয় থেমে থাকা বাসটিকে। এতে বেশ কয়েকজন হতাহত হন। লোকজন যখন হতাহত যাত্রীদের উদ্ধারে ব্যস্ত, তখনই একই দিক থেকে আসা আরেকটি বাস উঠে পড়ে তাদের ওপর। গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাটের অদূরে ঢাকা-রংপুর মহাসড়কের চক সোলাগাড়ী নামক স্থানে গতকাল বৃহস্পতিবার ভোরে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এতে ১০ জন নিহত ও কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।নিহত যাত্রীদের মধ্যে সাতজনের পরিচয় মিলেছে। তাঁরা হচ্ছেন: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার দুর্গাপুর গ্রামের ভাটার শ্রমিক স্বাধীন মিয়া (২৫) ও মিলন মিয়া (৪০), সাদুল্যাপুর উপজেলার কাবিলপুর সোনাতলা গ্রামের রশিদুল মিয়া (৩০) ও মো. রাসেল (২২), রংপুরের পীরগঞ্জ উপজেলার চক সোলাগাড়ী গ্রামের আবদুল কুদ্দুস (৫৫), রংপুর শহরের কামাল কাছনার বুলবুল হোসেন (৩০) এবং পীরগাছার নাগদহ গ্রামের রাজা মিয়া (৪০)।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে রংপুর থেকে ঢাকাগামী এফকে লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-রংপুর মহাসড়কের চক সোলাগাড়ী নামক স্থানে পৌঁছার পর ইঞ্জিনে ত্রুটির কারণে হঠাৎ থেমে যায়। এ সময় ঘন কুয়াশার মধ্যে একই দিক থেকে আসা ঢাকাগামী আলিফ এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস থেমে থাকা বাসটিকে ধাক্কা দেয়। এ সময় আশপাশের লোকজন দ্রুত এসে উদ্ধারকাজ শুরু করে। এর কিছুক্ষণ পরেই একই দিক থেকে উত্তরবঙ্গ পরিবহন নামের অপর একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনাকবলিত বাস দুটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় সব মিলে ১০ জন নিহত এবং কমপক্ষে ৫০ জন আহত হয়। আহত যাত্রীদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, পীরগঞ্জ ও পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ঘটনার পর স্থানীয় জনতা উত্তেজিত হয়ে আলিফ এন্টারপ্রাইজের বাসটিতে আগুন ধরিয়ে দেয়। বড় দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দারুল হুদা জানান, গাইবান্ধার সাদুল্যাপুর, পলাশবাড়ী থানা, গোবিন্দগঞ্জ হাইওয়ে, রংপুরের পীরগঞ্জ থানা ও বড় দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করেন।