থেমে নেই ছাত্রদলও, সংঘর্ষে আহত ৫ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর কারমাইকেল কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে পাঁচজন। আজ বৃহস্পতিবারের এ ঘটনায় ছাত্রদলের কাউন্সিল পন্ড হয়ে যায়। পুলিশ, প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ ছাত্রদলের দ্বিবার্ষিক কাউন্সিল ছিল। এজন্য শহীদ মিনারে একটি প্যান্ডেল টাঙানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন ছাত্রদল রংপুর জেলা শাখার সাবেক সভাপতি মাহফুজ উন নবী। কাউন্সিলে আলোচনা পর্বের পর দুপুর দুইটার দিকে নতুন কমিটি ঘোষণা করার আগে দুই পক্ষের মধ্যে প্রথমে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। এরপর ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হয়। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন—শহীদুল ইসলাম, লিমন, রিপন, আরিফ ও সাইফুল।

রংপুর কারমাইকেল কলেজ শাখা ছাত্রদলের এক পক্ষের সভাপতি পদের প্রার্থী আহত শহীদুল ইসলাম বলেন, ‘ছাত্রদলের একটি পক্ষ সভামঞ্চে হামলা চালায়। এই হামলা থামাতে গিয়ে ইটপাটকেলের আঘাতে আহত হয়েছি।’অন্য পক্ষের সভাপতি পদপ্রার্থী প্রসাদ রায় নিজেকে নির্দোষ দাবি করে ঘটনার সত্যতা স্বীকার করেন। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।’