এখন লিচুর মৌসুম। লাল লাল পাতলা খোসার রসাল লিচুর থোকা হাতে নিয়ে অনেকেই বাসায় ফিরছে। ক্রেতা-বিক্রেতার ভিড়ে মুখর থাকে লিচুর বাজার। বাজারের পথঘাট ছেয়ে যাচ্ছে লিচুর পাতায়।নগরের বাজারে সোনারগাঁ, গাজীপুর আর জামালপুরের লিচু বেশি ওঠে। দিন কয়েক পর ঈশ্বরদীর লিচু পাওয়া যাবে। এরপর যশোর, মাগুরা, কুষ্টিয়া, রংপুর, রাজশাহী ও দিনাজপুর থেকে ঢাকায় লিচু আসবে। তবে লিচুর মৌসুম কিন্তু দেখতে দেখতেই চলে যায়। জ্যৈষ্ঠ মাসজুড়ে লিচু থাকবে বাজারে।তারপর পাওয়া যাবে লিচুর মতো একটি ফল। এর নাম আঁশফল। পুরান ঢাকার মানুষ একে ‘কাঠলিচু’ নামে ডাকে। ‘লংগান’ নামেও এর পরিচিতি আছে। থোকায় থোকায় লিচুর মতোই ঝুলে থাকে গাছে। লিচুর মতোই খোসা ছাড়িয়ে মুখে পুরতে হয়। আঁশফলের বৈজ্ঞানিক নাম Nephelium Longana। এটি Sapindaceae পরিবারের সদস্য। এটি এশীয় অঞ্চলের গাছ।আঁশফল মূলত পথের ধারের ঝোপঝাড়ের ফল। তবে মুন্সিগঞ্জ, ময়মনসিংহ ও রাঙামাটিতে এর চাষ হয়। ঢাকার অনেক বাড়িতে আঁশফলের গাছ রয়েছে। এমনি একটি গাছের দেখা পেলাম ধানমন্ডিতে।ধানমন্ডির ২ নম্বর সড়কের ৩৩ নম্বর বাড়িটির মূল ফটকের কাছে গাছটি দাঁড়িয়ে আছে। বাড়িটি মেট্রো গ্রুপের প্রধান দপ্তর। আঁশফলের গাছে ঝুলে আছে থোকায় থোকায় ফল। এগুলো এখনো পাকেনি। মাস খানেক পর আঁশফল বাজারে আসবে। এখন ধানমন্ডির ওই বাড়িতে গেলে দেখা যাবে আঁশফল।