থোকায় থোকায় কনকসুধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলধা গার্ডেনের জন্য দেশ-বিদেশ থেকে গাছ সংগ্রহ করেছেন জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী। একটি ফুলগাছের জন্য ফরমায়েশ দেওয়া হয়েছিল শ্রীলঙ্কায়। এটি জাহাজে চড়ে বাংলাদেশে আসবে। কিন্তু ভুলে জাহাজে চড়ে গাছটি চলে গেল অস্ট্রেলিয়ায়। শুনে মনটা খারাপ হয় নরেন্দ্র নারায়ণের। বহু পথ জাহাজ ভ্রমণ শেষে একদিন ফুলগাছটি আসে বলধায়। এই গাছটির বাংলা নাম কনকসুধা। এ নাম দিয়েছেন অমৃতলাল আচার্য। তিনি বলধা গার্ডেন তৈরির সময় এই বাগানের সার্বিক তত্ত্বাবধায়ক ছিলেন। কনকসুধা একটি লতাজাতীয় উদ্ভিদ, যার উদ্ভিদ বিজ্ঞানীয় নাম Odontadenia macrantha। পরিবার Apocynaceae। কনকসুধার আদিনিবাস নর্দান সাউথ আমেরিকা ও মধ্য আমেরিকা।বাংলাদেশে কনকসুধা গাছ মাত্র দুটি। একটি শতবর্ষের পুরাতন। শ্রীলঙ্কা থেকে নিয়ে আসা। যেটি আছে বলধার সাইকি ভাগে। অন্যটি বলধা গার্ডেনের বর্তমান মালী দুলালের হাতে চারা করা, যেটি রোপণ করা হয়েছে বলধার সিবিলি ভাগে।ঝাঁকালো কনকসুধার পাতার রং উজ্জ্বল সবুজ। ফুলের রং ফিকে হলুদ। সবুজ পাতার ফাঁকে ফাঁকে অনেকটা কলমির মতো দেখতে কনকসুধা ফুল ঝুলে থাকে থোকায় থোকায়। কনকসুধা ফুলের মধ্যে আশ্চর্য এক মাদকতা রয়েছে। ফুলের দিকে তাকালে কী এক ভালো লাগার আবেশ তৈরি হয়। একটা সময় ছিল গাছটিতে ঝেঁপে ফুল ফুটত। বয়সের ভারে গাছে এখন আর আগের মতো ঝেঁপে ফুল হয় না, তবে যা কিছু ফুল ধরে প্রাতর্ভ্রমণকারীরা তা বেশির ভাগ ছিঁড়ে নিয়ে যান।দুষ্প্রাপ্য লতাগাছ কনকসুধা বলধা গার্ডেনের প্রাণ। কনকসুধার সঙ্গে পরিচয় ঘটে বলধা গার্ডেনের সাবেক বন কর্মকর্তা দেলোয়ার হোসেনের মাধ্যমে। বাগান কর্তৃপক্ষ গাছটির নিচে বসার জন্য বেঞ্চ তৈরি করে দিয়েছেন। অনেকেই সেখানে বসেন, ছবি তোলেন। কেউ হয়তো বাগানের অতীত স্মৃতি রোমন্থন করেন। দেলোয়ার ভাইয়ের শখ হলো গাছটির নিচে পাতা বেঞ্চে বসে একটি ছবি তুলবেন। ওই দিনটিতে ছবি তোলা হলো। এই সুবাদে কনকসুধার সঙ্গে আমার জানাশোনাও হলো। এই বর্ষায় আপনিও চাইলে বলধা গার্ডেনে একটু ঘুরে আসতে পারেন। কনকসুধায় চোখ জুড়াতে পারেন। বসতে পারেন কনকসুধা গাছের নিচের সেই বেঞ্চটিতে।