থ্যাচারের শেষকৃত্য ১৭ এপ্রিল
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ‘লৌহমানবী’খ্যাত মার্গারেট থ্যাচারের শেষকৃত্য সম্পন্ন হবে ১৭ এপ্রিল বুধবার। আজ মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।বিবিসি জানায়, মস্তিষ্কে রক্তক্ষরণের (স্ট্রোক) পর গতকাল সোমবার স্থানীয় সময় সকালে মারা যান ৮৭ বছর বয়সী থ্যাচার। ডাউনিং স্ট্রিটের বিবৃতিতে বলা হয়, ওয়েস্টমিনস্টার থেকে একটি শবযাত্রা শেষে পূর্ণ সামরিক মর্যাদায় লন্ডনের সেন্ট পলের গির্জায় থ্যাচারের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে যুক্তরাজ্যের রানি ও ডিউক অব এডিনবার্গ যোগ দেবেন বলে জানিয়েছে রানির দাপ্তরিক বাসভবন বাকিংহ্যাম প্যালেস।ডাউনিং স্ট্রিট জানায়, রাষ্ট্রীয়ভাবে লেডি থ্যাচারের শেষকৃত্য অনুষ্ঠান পালন করা হবে না। তবে তিনি প্রয়াত ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়নার মতোই মর্যাদা পাবেন।ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেন, আজ সকালে থ্যাচারের পরিবার ও বাকিংহ্যাম প্যালেসের মধ্যে যৌথ সমন্বয় সভায় তাঁর শেষকৃত্যের ব্যাপারে বিস্তারিত কর্মসূচি নেওয়া হয়।যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির রাজনীতিক মার্গারেট থ্যাচার ছিলেন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি পরপর তিনটি নির্বাচনে জয়ী হয়ে ১৯৭৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।