থ্যাচারের শেষকৃত্যে আমন্ত্রণ পাচ্ছেন না ক্রিস্টিনা
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের শেষকৃত্য অনুষ্ঠানে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ক্রিসনারকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। আজ বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট থেকে এ তথ্য জানানো হয়। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে দুই দেশের মধ্যকার বিরোধের জের ধরেই ক্রিসনারকে আমন্ত্রিতদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।রয়টার্সের খবরে বলা হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত মঙ্গলবার ঘোষণা দেওয়া হয়েছে, লৌহমানবী থ্যাচারের শেষকৃত্য অনুষ্ঠিত হবে ১৭ এপ্রিল। ওই অনুষ্ঠানে যোগ দিতে আসা অতিথিদের তালিকাও চূড়ান্ত।প্রধানমন্ত্রী ক্যামেরনের কার্যালয় থেকে জানানো হয়, বর্তমান বিশ্বের গুরুত্বপূর্ণ নেতাদের শেষকৃত্য অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে। কিন্তু ক্রিসনারকে আমন্ত্রণ জানানো হবে না।লৌহমানবী থ্যাচার ১৯৭৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন ১৯৮২ সালে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনার সঙ্গে যুক্তরাজ্যের যুদ্ধ বাধে। ওই যুদ্ধে আর্জেন্টিনার ৬৪৯ ও ব্রিটেনের ২৫৫ সেনা নিহত হন। এর পর থেকেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে দুই দেশের টানাপোড়েন চলছে।থ্যাচারের শেষকৃত্য অনুষ্ঠানে আর্জেন্টিনার প্রেসিডেন্টকে তাহলে আমন্ত্রণ জানাচ্ছে না—এমন প্রশ্নের জবাবে ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেন, ‘আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, হ্যাঁ তা-ই।’এ ব্যাপারে আর্জেন্টিনার পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।তবে কিছুদিন আগে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে এক গণভোট হয়। এতে ৯৯ দশমিক ৮ শতাংশ লোক ব্রিটিশদের পক্ষে থাকার আগ্রহ প্রকাশ করেছে। আর্জেন্টিনা এই ভোটকে অর্থহীন বলে আখ্যায়িত করে।