থ্রি-জি পেতে গিয়ে সংযোগই বন্ধ টেলিটকের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থ্রি-জি নেটওয়ার্কের উন্নয়নকাজের জন্য ভোগান্তিতে পড়েছেন সরকারি মুঠোফোন অপারেটর টেলিটকের গ্রাহকেরা। গতকাল সোমবার মধ্যরাত থেকেই মূলত টেলিটকের সংযোগ ব্যবহারকারী গ্রাহকেরা বিড়ম্বনায় পড়েছেন। এ বিষয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ‘প্রথম আলো’য় আসা প্রধান অভিযোগ হচ্ছে, দ্বিতীয় প্রজন্মের (টু-জি) প্রযুক্তি থেকে তৃতীয় প্রজন্মে (থ্রি-জি) সেবা পেতে গিয়ে তাঁদের সংযোগই বন্ধ হয়ে গেছে। কোনোভাবেই সেই সংযোগ চালু করা যাচ্ছে না। বরং মুঠোফোনের মনিটরে দেখা যাচ্ছে, সিম অকার্যকর হয়ে পড়েছে। আর এর সঙ্গে যুক্ত হয়েছে নিয়মিত গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সমস্যা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হিসাবে গত আগস্ট মাস পর্যন্ত টেলিটকের গ্রাহক সংখ্যা প্রায় ১৪ লাখ। এ বিষয়ে টেলিটক সূত্র জানায়, প্রায় সাড়ে আট লাখ গ্রাহকের সংযোগ নিয়ে এ সমস্যা হয়েছে।এ বিষয়ে আজ মঙ্গলবার টেলিটকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘টেলিটকের থ্রি-জি সিস্টেম আপগ্রেডেশন প্রক্রিয়া সম্পাদিত হয়েছে। এ পর্যায়ে কিছু কিছু গ্রাহকের সিম অকার্যকর হয়ে যেতে পারে। সম্মানিত গ্রাহকদের অকার্যকর সিম নিকটস্থ টেলিটকের গ্রাহক সেবাকেন্দ্র হতে বিনা খরচে প্রতিস্থাপন করে নেওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।’ পূজার ছুটির দিনেও টেলিটকের সব কটি কাস্টমার কেয়ার সেন্টার খোলা থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। টেলিটক সূত্র আরও জানায়, বর্তমানে যাঁরা টু-জি সংযোগ ব্যবহার করছেন, তাঁদের থ্রি-জি নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করতেই এ বিড়ম্বনার শুরু। পুরোপুরি নেটওয়ার্ক উন্নয়ন হয়ে গেলে, বর্তমানে যেকোনো টু-জি গ্রাহক নির্দিষ্ট শর্ত পূরণ করে থ্রি-জি সেবা পাবেন।থ্রি-জির মাধ্যমে উচ্চগতিতে তথ্য আদান-প্রদান সম্ভব বলে মুঠোফোনেই টিভি দেখা, উচ্চগতির ইন্টারনেট ব্যবহারসহ ভিডিও কনফারেন্সে অংশ নেওয়া সম্ভব হবে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।