থ্রি জি লাইসেন্স উন্মুক্ত নিলামে, ইউটিএফ বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় প্রজন্মের (টুজি) লাইসেন্স নবায়ন নীতিমালা আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে। এ জন্য প্রয়োজনীয় তরঙ্গ ফি ও আনুষঙ্গিক ফি চূড়ান্ত করা হয়েছে। চলতি বছরের ১০ নভেম্বর গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও সিটিসেলের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাবে। এ ছাড়া আগামী ছয় মাসের মধ্যে তৃতীয় প্রজন্মের (থ্রি জি) লাইসেন্স দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে সরকার।আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। চার মাস ধরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে ফাইল চালাচালি, পৃথক বৈঠক এবং সর্বশেষ প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে টুজি লাইসেন্স নবায়নের নীতিমালা চূড়ান্ত করেন।এ বিষয়ে জানতে চাইলে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটর ইন বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব আবু সাঈদ খান প্রথম আলোকে বলেন, থ্রি জি স্পেকট্রাম নিলামের মাধ্যমে বরাদ্দ দেওয়া হবে, এটাই স্বাভাবিক। এটাই প্রত্যাশিত। তবে তরঙ্গ বরাদ্দের বিষয়টি নিরপেক্ষভাবে চূড়ান্ত করা হবে বলে তিনি আশা করেন।বৈঠকে টুজি লাইসেন্স নবায়নের ক্ষেত্রে তরঙ্গের ব্যবহারভিত্তিক ফি বা ইউটিলাইজেশন ফ্যাক্টর (ইউটিএফ) বাতিল করা হয়েছে। এর ফলে বাজারে সব অপারেটরের জন্য সমান সুযোগ নিশ্চিত হবে না বলে বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ বেশ কিছু ধরেই বলছিলেন। তবে শেষ পর্যন্ত বৈঠকে এটি অনুমোদন করা হয়নি। মূলত অর্থ মন্ত্রণালয় থেকেই ইউটিএফ ফি বাতিল করতে বলা হয়েছিল বলে বৈঠক সূত্র জানান। বিটিআরসি ও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ইউটিএফ রাখার পক্ষে ছিল।বৈঠক শেষে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘টুজি লাইসেন্স নবায়নের সব ধরনের ফি বৈঠকে চূড়ান্ত করা হয়েছে। এর আগে এ বিষয়ে অপারেটরদের সঙ্গে পৃথক বৈঠকে আলোচনা করে নেওয়া হয়েছে। এতে কোনো অপারেটরের আপত্তি থাকার কথা নয়।সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ-সচিব সুনীল কান্তি বোস সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে জানান, মুঠোফোন অপারেটরদের রাজস্ব ভাগাভাগি ৫ দশমিক ৫ শতাংশ করার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। তরঙ্গের মেগাহার্জপ্রতি ফি ১৮০০ ও ৯০০ উভয় ব্যান্ডের জন্য একই অর্থাত্ ১৫০ কোটি টাকা এবং ৮০০ মেগাহার্জের জন্য ১০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, মশিউর রহমান, বিজ্ঞান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, অর্থসচিব মোহাম্মদ তারেক, বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।