থ্রিজি তরঙ্গ নিলামের সময় আবার বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ফোন অপারেটর কোম্পানি ও সরকারের মধ্যকার দূরত্ব ও জটিলতা কমে আসছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) অপারেটরদের দাবিগুলো যথাসম্ভব মেনে নিচ্ছে। ফলে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন প্রযুক্তির (থ্রিজি) তরঙ্গ নিলামেও অংশ নিচ্ছে অপারেটর কোম্পানিগুলো। সচিবালয়ে গতকাল মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. গোলাম হোসেনের অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে। দুই থেকে তিন দিনের মধ্যে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। বৈঠক সূত্র জানায়, তরঙ্গ নিলামে অংশ নেওয়ার জন্য আবেদনের সময়সীমা আরও এক দফা বাড়ছে। কাল ১ আগস্ট আবেদনের শেষ দিন থাকলেও বাড়িয়ে তা ১২ আগস্ট করা হতে পারে। নিলাম অনুষ্ঠানের সময়ও ১২ দিন বাড়িয়ে ২ সেপ্টেম্বরের পরিবর্তে ১২ সেপ্টেম্বর করা হচ্ছে। আজ বুধবার এ বিষয়ে নোটিশ জারি করবে বিটিআরসি, যাতে কয়েক দিন এদিক-সেদিকও হতে পারে। কমানো হচ্ছে থ্রিজি লাইসেন্সের ওপর ধার্য করা মূল্য সংযোজন করের (মূসক) হারও। ৭ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে তা করা হচ্ছে ৫ শতাংশ। বৈঠক শেষে এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি অর্থমন্ত্রী। তিনি শুধু বলেন, ‘আমার কিছু বলার নেই, এ ব্যাপারে বিটিআরসি ও এনবিআর জানে সব।’ বৈঠক সূত্র জানায়, আগামী তিন দিনের মধ্যে মূসক হার কমানোর বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে এনবিআরের চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রীর সঙ্গে হওয়া বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নে বিটিআরসির চেয়ারম্যান তৎক্ষণাৎ ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে বৈঠক করেন সচিবালয়ে। সুনীল কান্তি বোস বৈঠক শেষে প্রথম আলোর প্রশ্নের জবাবে বলেন, ‘থ্রিজি নিলাম ও মূসক হার কমানোর সিদ্ধান্ত হয়েছে। প্রজ্ঞাপন জারি হতে সময় লাগবে না। সরকারি কিছু প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে তিন থেকে চার দিনের সময় লাগতে পারে।’ আরও আগে এই পদক্ষেপটি নিতে পারলে ভালো হতো বলে মনে করেন তিনি। গত ফেব্রুয়ারি থেকে শুরু করে থ্রিজি লাইসেন্সের নিলাম অনুষ্ঠানের সময়সীমা তিন দফা বাড়ানো হয়। এবারেরটি হবে চতুর্থ দফা বৃদ্ধি। গ্রামীণফোনের মূল কোম্পানি টেলিনর, রবির মূল কোম্পানি আজিয়াটা লিমিটেড এবং বাংলালিংকের ভিম্পেলকম গত সোমবার বিটিআরসির কাছে এক মাস সময় বাড়ানোর দাবি জানায়। সূত্র জানায়, থ্রিজি লাইসেন্সের ওপর মূসক হার শুধু নয়, বৈঠকে অপারেটর কোম্পানি ও এনবিআরের মধ্যকার চলমান মামলাগুলো নিরসনের উদ্যোগও নেওয়া হয়েছে। মামলার পরিবর্তে বিকল্প উপায় কী হতে পারে, তা বের করতে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয় বৈঠকে। এ কমিটি আগামী তিন সপ্তাহের মধ্যে একটি প্রতিবেদন তৈরি করবে। থ্রিজি কার্যক্রম সম্পন্ন করতে আগামী কয়েক বছর যেসব যন্ত্রপাতি আমদানি করবে অপারেটররা, সেগুলোতে কর ছাড় দেওয়া হবে বলেও সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটর অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব টি আই এম নূরুল কবির প্রথম আলোকে বলেন, ‘সরকারের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়িত হবে বলে আশা করছি। আর, সেটি হলে সরকারের সঙ্গে নিশ্চিতভাবেই অপারেটরদের দূরত্ব কমে যাবে।’ বিটিআরসি জানিয়েছে, সবাইকে লাইসেন্স দেওয়া হবে ১৫ বছরের জন্য। গত ফেব্রুয়ারিতে প্রতি মেগাহার্টজের তরঙ্গমূল্য দুই কোটি ডলার নির্ধারণ করে থ্রিজি লাইসেন্স নীতিমালা করে সরকার। রাষ্ট্রমালিকানাধীন টেলিটক বর্তমানে পরীক্ষামূলক থ্রিজি সেবা দিয়ে যাচ্ছে। নিলামে অংশ না নিলেও যে দর উঠবে, সেই টাকার সমপরিমাণ অর্থ দিয়ে লাইসেন্স নেবে এ প্রতিষ্ঠান। এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘অর্থমন্ত্রীর সঙ্গে খুবই ভালো একটি বৈঠক হয়েছে। কয়েক দিনের মধ্যেই গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হবে।’ আরও আগে পদক্ষেপ নিতে পারলে ভালো হতো—বিটিআরসির চেয়ারম্যানের এমন মন্তব্য তুলে ধরলে গোলাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘এনবিআরকে রাজস্ব প্রাপ্তির দিকটিও বিবেচনায় রাখতে হয়। দুঃখজনক যে অনেকেই তা ভুলে যান।’