থ্রিজি সেবায় আন্তরোমিং বাতিল করেছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের টেলিকম মন্ত্রণালয় থেকে পাওয়া একটি ফ্যাক্সে মাথা খারাপ হওয়ার জোগাড় এয়ারটেল, আইডিয়া সেলুলার, ভোডাফোনের মতো মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর। শুক্রবার কার্যদিবস শেষ হয়ে যাওয়ার অনেক পর পাওয়া সেই ফ্যাক্স বার্তায় মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো জানতে পেরেছে যে সরকার থেকে তাদের থ্রিজি সেবার ক্ষেত্রে ইন্ট্রা সার্কেল রোমিংয়ের (আইসিআর) চুক্তি বাতিল করার কথা বলা হয়েছে। এই সরকারি আদেশ আজ শনিবার বিকেল তিনটার মধ্যেই কার্যকর করার নির্দেশও দেওয়া হয়েছে।ভারতীয় টেলিকম মন্ত্রণালয়ের এই ফ্যাক্স বার্তা পেয়ে যারপরনাই অসন্তুষ্ট মোবাইল প্রতিষ্ঠানগুলো। এই তিনটি প্রতিষ্ঠান জানিয়েছে সরকারের হুট করে নেওয়া এই সিদ্ধান্তে তাদের প্রায় ৫০ লাখ থেকে এক কোটি গ্রাহক মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হবেন।সরকারি এই নির্দেশ পেয়ে ভারতের অন্যতম শীর্ষ মোবাইল অপারেটর এয়ারটেল আইনি লড়াইয়ের প্রস্তুতি সম্পন্ন করেছে। ভোডাফোন এক ধাপ এগিয়ে সরকারি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আপিলও করে ফেলেছে। শনিবার এই আপিলের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা।ইন্ট্রা সার্কেল রোমিংয়ের অনুমতি নিয়ে বেশ কিছুদিন ধরেই ভারতের টেলিকম সেক্টর উত্তপ্ত। এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া সেলুলার ও রিলায়েন্সের শীর্ষস্থানীয় কর্তাব্যক্তিরা এর মধ্যে ইন্ট্রা সার্কেল রোমিংয়ের অনুমতি দেওয়া না হলে প্রধানমন্ত্রীর কাছে সুদসহ থ্রিজি স্পেকট্রামের ফি প্রায় ৬৫ হাজার কোটি ভারতীয় রুপি ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন।আইসিআর চুক্তি বাতিলের নির্দেশের বিষয়টিকে মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো একধরনের অবিচার হিসেবেই দেখছে।এয়ারটেল বলেছে, থ্রিজি স্পেকট্রাম পেতে যখন প্রচুর অর্থ ফি দেওয়া শেষ, ঠিক তখনই সরকারের এ ধরনের সিদ্ধান্ত অযৌক্তিক ও অবিচারপ্রসূত। ইন্ট্রা রোমিংয়ের অনুমতি দেওয়া হবে কি হবে না, সেটা লাইসেন্স ফি নেওয়ার আগেই নির্ধারণ করা উচিত ছিল। টিএনএন।