থ্রিজির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন প্রতিষ্ঠান টেলিটকের থ্রিজি সেবার উদ্বোধন করলেন। এর মধ্য দিয়ে টেলিকম খাতে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হলো। দেশে প্রথমবারের মতো বহু কাঙ্ক্ষিত থ্রিজি সেবার উদ্বোধন করতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করে টেলিটক।এই সেবার উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মোবাইল ফোন প্রযুক্তিতে এগিয়ে থাকা দেশগুলোর সমকক্ষ হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ একটি নতুন মাইলফলক স্পর্শ করল। থ্রিজি প্রযুক্তির কল্যাণে মোবাইল ফোনের মাধ্যমে দ্রুত ইন্টারনেট সেবা পাওয়া যাবে। এতে করে দ্রুত ও সহজে তথ্য আদান-প্রদান করা যাবে।প্রধানমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তিই পারে উন্নয়নের বহুমাত্রিক ধারা দ্রুত ও স্বল্প ব্যয়ে তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে, জনগণকে বিশ্বের সঙ্গে দ্রুত যুক্ত করতে। তিনি বলেন, নতুন এ সংযোজন তথ্যপ্রযুক্তি শিল্প ও সেবার বিকাশ ঘটার পাশাপাশি শিক্ষা, গবেষণা, শিল্প, কৃষি ও সেবা খাতসহ সব ক্ষেত্রেই এর ব্যাপক ব্যবহার নিশ্চিত করবে। তথ্যপ্রযুক্তির রপ্তানি বৃদ্ধি ও শিক্ষিত তরুণ-তরুণীদের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি করবে। এতে দেশের সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যের উন্নয়ন ও জনগণের ক্ষমতায়নে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত হবে। এসব লক্ষ্য অর্জনে বাংলাদেশ অনেক এগিয়েছে বলে তিনি উল্লেখ করেন।প্রধানমন্ত্রী বলেন, তথ্য প্রতিযোগিতার বর্তমান এ যুগে টিকে থাকতে তার ১৯৯৬ সালের সরকারের আমলে মোবাইল ফোনের মনোপলি ভেঙে দিয়ে তা সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা হয়েছে এবং এ খাতকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে কম্পিউটারসামগ্রীর ওপর থেকে আমদানি শুল্ক ও কর প্রত্যাহার করে তা সবার ক্রয়ক্ষমতার মধ্যে আনা হয়েছে। এ ছাড়া আইটি খাতের বিকাশে একটি টাস্কফোর্সও গঠন করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন। অন্যদের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বোস, বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জু, প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্যপ্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয় উপস্থিত ছিলেন। বাসস।